প্রতিবারেই কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান তোয়াক্কা না করেই রাস্তার পাশে বসছে অবৈধ ফিশ ফ্রাইয়ের দোকান। সুগন্ধা পয়েন্টের প্রবেশ মূখে রাস্তার ডান পাশে প্রায় ৩০ থেকে ৪০টি দৈনিক ফিশ ফ্রাইয়ের দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করছে একটি চক্র। সেখানে একেক জনের নিয়ন্ত্রণে ৫ থেকে ৭টি পর্যন্ত দোকান রয়েছে। সরকারি কোন রাজস্বের আওতায় না আসায় সেখানে অবৈধভাবে দোকান দখলের প্রতিযোগিতা চলছে প্রায় সময়। কয়েকদিন আগে দোকান বসানোর প্রতিযোগিতা নিয়েই শিমুল নামে এক যুবককে ছুরিকাঘাত করে অবৈধ দোকান বসান সিন্ডিকেটরা। ছুরিকাঘাতের ঘটনার আগেই সন্ধ্যায় ফুটপাত থেকে এসব অবৈধ দোকান গুলো সরিয়ে দেওয়া হয় ম্যাজিস্ট্রেটের নির্দেশনায়। এরপর গভীররাতে সেখানে ফের দোকান বসানোর তোড়জোড় চলে। এক পর্যায়ে জেলা প্রশাসনের বাতিলকৃত প্লটে অবৈধভাবে দোকান বসানো নিয়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
জানা যায়- বারবার ম্যাজিস্ট্রেটের উচ্ছেদ করা এসব ফুটপাতের দোকান গুলো কৌশলে বসিয়ে সেখান থেকে ফায়দা লুটে স্থানীয় একটি চক্র। বেশির ভাগ ফায়দা লুটে অবৈধ ফিশ ফ্রাইয়ের দোকান গুলো থেকে। স্থানীয় কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে এসব অপকর্মে জড়িত রয়েছে। একই সাথে এসব অবৈধ দোকান থেকে দায়িত্বভেদে তিন দফা টাকা নেন বীচকর্মীরা। কয়েকজন ফুটপাতের দোকানদার দায়িত্বভেদে টাকা গুলো তুলেই দায়িত্বরত বীচকর্মীদের সরবরাহ করে। যার কারণে ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও কোন কিছু তোয়াক্কা না করেই অবৈধ দোকান গুলো বারবার বসানো হচ্ছে।
বীচকর্মীদের সূত্রে জানা গেছে- গত শুক্রবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) এসব অবৈধ দোকানে অভিযান করে তাদের দু’দিনে সময় বেঁধে দেন। আগামী সোমবারের মধ্যে তাদের সরিয়ে যেতে নির্দেশনা দেন বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়- কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে ঢুকতেই রাস্তার ডান পাশে অসংখ্য ফিশ ফ্রাইয়ের দোকান। সন্ধ্যা নামলেই ভ্যানে বিভিন্ন মাছ নিয়ে বসে পড়েন দোকানিরা। আর নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে সামুদ্রিক মাছের বারবিকিউ এবং ফ্রাই। যা পর্যটকরা বসে খাচ্ছেন। নোংরা পরিবেশে বসা দোকান গুলো অবৈধ। নেই তাদের লাইসেন্সও। কক্সবাজার জেলা প্রশাসন কয়েক মাস পরপরেই এসব অবৈধ দোকান গুলো উচ্ছেদ করেন। কিন্তু উচ্ছেদের কয়েকদিন পর ফের দোকান গুলো নোংরা পরিবেশে বসে যায়। উচ্ছেদ অভিযান ছাড়াও এসব দোকানদারদের করা হয় জরিমানাও। কিন্তু অবৈধ দোকানদাররা জেলা প্রশাসনের বারবার উচ্ছেদ ও জরিমানাকে তোয়াক্কাও করছে না। তারা ম্যাজিস্ট্রেটের কথা অমান্য করেই নোংরা পরিবেশে পর্যটকদের খাওয়াচ্ছে ফিশফ্রাই। পর্যটকদের পচা-বাসি মাছ খাওয়ানোর অভিযোগে জরিমানা করা হলেও কিছুতেই থামানো যাচ্ছে না তাদের।
এরআগে ২০২৩ সালের ১৯ ডিসেম্বর সুগন্ধা পয়েন্টের প্রবেশমুখে ফিশ ফ্রাই দোকানে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও পচা-বাসি মাছ খাওয়ানোর অভিযোগে ৪টি দোকান সিলগালা ও ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন। এসময় অভিযান টের পেয়ে অনেক দোকানদার পালিয়ে যায়। এসব দোকানে পচা ও বাসি মাছ জব্দ করার পাশাপাশি করা হয় জরিমানাও। আর ফিশ ফ্রাইয়ের সব দোকান বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন। কিন্তু জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে একমাসের ব্যবধানে সেখানে বসে ফিশ ফ্রাইয়ের দোকানিরা।
অভিযোগ রয়েছে, বাজার থেকে কমমূল্যে পচা মাছ কিনে এনে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা ভ্যানে করে ভাজা মাছ ও কাঁকড়া পর্যটকদের কাছে বিক্রি করেন। এমনকি পর্যটকদের কাছ থেকে দামও রাখা হয় বেশি। ধুলাবালু, অস্বাস্থ্যকর পরিবেশ ও খোলামেলা জায়গায় এভাবে ভাজা মাছ বিক্রি হলেও তা যেন স্থায়ীভাবে দেখার কেউ নেই।
কক্সবাজার পিপল্স ফোরামের সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন- সুগন্ধা পয়েন্টের প্রবেশমুখে অস্বাস্থ্যকর পরিবেশে ভাজা মাছ ও কাঁকড়া বিক্রি হচ্ছে দীর্ঘদিন ধরে। এসব খেয়ে প্রতিনিয়ত পর্যটক ও স্থানীয় লোকজন অসুস্থ হয়ে পড়ছেন। তবে কয়েক মাস পরপরে দেখা যায় এসব অবৈধ দোকান উচ্ছেদ করেন ম্যাজিস্ট্রেট বা এসিল্যান্ড। কিন্তু উচ্ছেদের কয়েকদিন পর এসব দোকান গুলো আবার বসে। এতে অবৈধ এসব দোকানিদের সাথে ম্যাজিস্ট্রেটের চোর-পুলিশ খেলা চলছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কক্সবাজার জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে খাবার। এছাড়াও পচা ও বাসি মাছ খাওয়ানো হচ্ছে পর্যটকদের। এসব দোকানের সবচেয়ে বেশি অস্বাস্থ্যকর ভোজ্য তেল।
তিনি বলেন, প্রায় সবগুলো দোকানেই অস্বাস্থ্যকর পরিবেশে মাছ বিক্রি হয়। এছাড়া সবচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে পোড়া তেলে মাছগুলো ভাজা হচ্ছে। দাঁড়ানোর অবস্থাও নেই। খুবই অস্বাস্থ্যকর পরিবেশ। এসব খাবার খাওয়ার ফলে মানবদেহে গ্যাস্টিকসহ মরণঘাতী রোগ ক্যান্সার হতে পারে।
এদিকে একই অভিযোগে ২০২২ সালের ৮ মে সন্ধ্যায় সুগন্ধা পয়েন্টের প্রবেশমুখে এসব অবৈধ দোকানে অভিযান চালান সদর সহকারি কমিশনার (ভূমি) জিল্লুর রহমান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) ছৈয়দ মুরাদ ইসলাম। এসময় লাইসেন্স না থাকায় প্রায় ৩০টি মতো ভাজা মাছের ভ্রাম্যমান দোকান উচ্ছেদ করা হয়।