কক্সবাজার শহরের অবৈধ দখল উচ্ছেদে মাঠে নেমেছে কক্সবাজার পৌর প্রশাসন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে অভিযান শুরু করা হয়। অভিযানের প্রথম দিনে মাত্র ২ ঘণ্টায় উচ্ছেদ করা হয়েছে শতাধিক স্থাপনা। একই সঙ্গে রাস্তায় অবৈধ পার্কিং করা অর্ধশত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
দুপুর ১২টার দিকে কক্সবাজার আদালত প্রাঙ্গণের কেন্দ্রীয় জামে মসজিদ সড়ক হয়ে এই অভিযান শুরু করেন কক্সবাজার পৌরসভার মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বে পৌর কর্তৃপক্ষ। অভিযানটি হাসপাতালের মোড় হয়ে ভোলাবাবুর পেট্টোলপাম্প, পুরাতন পান বাজার সড়ক, কৃষি অফিস সড়ক হয়ে প্রধান সড়কের ফজল মাকের্ট এলাকা গিয়ে শেষ হয়।
অভিযানে কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার সালাম, প্যানেল মেয়র-১ সালাউদ্দিন সেতু, কাউন্সিলর মিজানুর রহমান ও এহেসান উল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, ২ দিন ধরে কক্সবাজার শহরে মাইকিং করে সকল প্রকার অবৈধ দখলদারদের স্বেচ্ছায় দখল ছেড়ে দেয়ার আহ্বান-অনুরোধ জানিয়ে প্রচারণা চালানো হয়েছে। তারপরও সরিয়ে না নেয়ায় এই অভিযান শুরু হয়। অভিযানের প্রথম দিন জনগুরুত্বপূর্ণ বিবেচনা হাসপাতাল এলাকা প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে প্রতিদিন অসংখ্যা রোগী আসা-যাওয়া। চিকিৎসা নিতে মুমূর্ষু রোগীও আসেন। এ সড়কটির উভয় পাশের ফুটপাত দখল করে দোকান, গাড়ি পাকিং, অ্যাম্বুলেন্স পাকিংয়ের কারণে সাধারণ মানুষও চলাচল করতে পারে না।
অভিযান অব্যাহত রাখা হবে জানিয়ে মেয়র বলেন, পৌরসভার সকল নালা-নর্দমা, জমিও দখল মুক্ত করা হবে। একই সঙ্গে উচ্ছেদ করার পর নতুন করে যাতে দখল না হয় তার জন্য ৩টি মনিটরিং কমিটি করা হয়েছে। যখন দখল তখন উচ্ছেদ চালানো হবে। প্রয়োজনে সন্ধ্যা ও রাতেও চলবে এ অভিযান।
কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার সালাম জানান, অভিযানে জব্দ করা মোটরসাইকেল সংশ্লিষ্ট আইনে জরিমানা করা হবে। একই সঙ্গে পুনরায় একই অপরাধ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।