বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শহরের ১২নং ওয়ার্ডস্থ লাইট হাউজ জামে মসজিদ। মসজিদের দক্ষিণ পাশে ছোট্ট একটি গলি। ওই গলিতেই রয়েছে বেশ কয়েকজন নারী মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে স্বামীর সহযোগিতায় চারজন নারী ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে জমজমাটভাবে। ইয়াবা ব্যবসা করে তারা কিনেছে জমিও। তৈরি করছে পাহাড় কেটে বহুতল ভবনও। মসজিদের পাশেই মাদক কারবার চালিয়ে গেলেও চুপ স্থানীয় সমাজ কমিটি। মাদক রোধে সমাজ ও মসজিদ কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এলাকাবাসীর।
খোঁজ নিয়ে জানা গেছে- মসজিদের দক্ষিণ পাশের গলিতে দীর্ঘদিন ধরে ইয়াবা কারবার চালিয়ে যাচ্ছে কাজল রেখা। রেখা ফজল মিস্ত্রির স্ত্রী এবং জেলা মহিলা দলের অন্যতম সদস্য বলে জানা গেছে। রেখার পুরো পরিবারেই মাদক কারবারের সাথে জড়িত রয়েছে। তার ভাই নুর নবী ছোটন ২৪ হাজার ইয়াবাসহ আটক হয়ে বর্তমানে কারাগারে রয়েছে। কাজল রেখার অপর ভাই রন্টুও চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধেও রয়েছে মাদকের মামলা। ইতিপূর্বে আটকও হয়েছিল রন্টু। অপরভাই জাবেদ শহরের চিহ্নিত ছিনতাইকারী। বর্তমানে জাবেদ পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে- কাজল রেখা দীর্ঘদিন ধরে লাইট হাউজ এলাকায় অবস্থান করে মাদক কারবার চালিয়ে যাচ্ছে। গলির মুখে তার রয়েছে একটি ছোট্ট দোকানও। দোকানে বসে ইয়াবা বিক্রি করছে দেদারসে। এছাড়া তার বাড়ি থেকেও নিয়মিত বিক্রি হয় ইয়াবা ট্যাবলেট। রেখার মাদক কারবারের বিষয়ে এলাকবাসীরা অবগত রয়েছে দীর্ঘদিন ধরে। কিন্তু তা প্রতিরোধে কেউ এগিয়ে আসছে না। ইতিমধ্যে মাদকের টাকায় ১০ লাখ টাকা খরচ করে জমিও কিনেছে রেখা। তৈরি করেছে বির্ল্ডিংও।
কাজল রেখার পাশেই অবস্থান আজিজা বেগম নামে আরেক নারীর। সে রোহিঙ্গা আজিজা হিসেবে এলাকায় বেশ পরিচিত। বহু বছর আগে মিয়ানমার থেকে টেকনাফে এসে হ্নীলায় বসবাস শুরু করে আজিজার পরিবার। এরপর আশ্রয় নেন কক্সবাজারের লাইট হাউজ এলাকায়। লাইট হাউজ জামে মসজিদের পাশের গলিতেই আজিজা বেগমের দুটি বহুতল ভবনের কাজ চলছে। স্বামী শিপনের সহযোগিতায় লাইট হাউজ এলাকায় মাদক কারবারে বেশ জনপ্রিয় আজিজা বেগম।
স্থানীয়রা জানিয়েছে- ওই গলিতে শীর্ষ মাদক কারবারি হিসেবে আজিজা বেশ পরিচিত। তার ব্যবসা চলছে জমজমাটভাবে। কোন কিছু তোয়াক্কা না করেই প্রকাশ্যে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে আজিজা। আজিজার ভাই আবু তৈয়বও একজন মাদক কারবারি। পুরো কটেজ জোনে বোনের ইয়াবা সাপ্লাই দেন আবু তৈয়ব। বোন থেকে ইয়াবা নিয়ে কটেজ জোনে রুম বয়দের মাধ্যমে ইয়াবা বিক্রি করান তৈয়ব। কমিশন ভিত্তিতে এসব ইয়াবা বিক্রি হয় বলে জানা গেছে।
আজিজা বেগম ও কাজল রেখা ছাড়াও একই গলিতে মাদকের বিস্তার গড়ে তুলেছে হোসনে আরা। হোসনে আরা ও তার স্বামী আয়ুব মিলেই কটেজ জোনে রমরমা ইয়াবা কারবার চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে।
হোসনে আরা’র কয়েকজন প্রতিবেশি জানান, হোসনে আরা’র স্বামী আয়ুব একজন পেশাদার রিকশা চালক। কিন্তু এখন সে রিকশা চালায় না তেমন। স্বামী-স্ত্রী মিলেমিশেই লাইট হাউজ এলাকা ও কটেজ জোনে ইয়াবা বিক্রি করে। দীর্ঘদিন ধরে তারা এলাকায় প্রকাশ্যে ইয়াবা বিক্রি করলেও তাদের প্রতিরোধ করতে কেউ এগিয়ে আসে না। যার কারণে তাদের ইয়াবা কারবার দিনদিন বেড়েই চলছে এলাকায়। এমনকি মাদক ব্যবসা অব্যহত রেখে ভবনও তৈরি করেছে হোসনে আরা।
মসজিদের পাশের কয়েকজন ব্যক্তি জানান, এই গলিতে শুধু মাদক কারবার নন, রয়েছে দেহ ব্যবসায়ীও। চিহ্নিত কয়েকটি ঘরে ইয়াবা ও গাঁজা বিক্রি হয় প্রকাশ্যে। বিষয়টি এলাকার সবাই অবগত রয়েছে। এমনকি যারা সমাজ কমিটি ও মসজিদ কমিটির দায়িত্বে আছেন তারাও এসব অপরাধীদের বিষয়ে অবগত দীর্ঘদিন ধরে। কিন্তু কৌশলে সবাই চুপ। কয়েকটি ঘরে দেহ ব্যবসায়ীও রাখা হয় নিয়মিত। মসজিদের পাশে এমন অপকর্মের বিষয়ে জেনেও চুপ থাকায় সমাজ কমিটি নিয়ে প্রশ্নও তৈরি হয়েছে অনেকের মাঝে। তারা দ্রুত এসব প্রতিরোধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
মসজিদের পাশের এক মহিলা বলেন- দিনে কোন রকম ঠিক থাকে। সন্ধ্যার পর থেকে এই গলিতে মাদকের হাট বসে। বিশেষ করে কয়েকজন চিহ্নিত মহিলা হেঁটে হেঁটে খুচরা ইয়াবা বিক্রি করে। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত অচেনা অনেক মানুষের আনাগোনা এই গলিতে। তারা কৌশলে মাদক কারবারিদের ঘরে ঢুকে ইয়াবা কিনে চলে যায়। আবার অনেক সময়ে এসব মাদক কারবারিদের ঘরে বসে ইয়াবা ও গাঁজা সেবনের আসর।
এবিষয়ে জানতে চাইলে কক্সবাজার লাইট হাউজ জামে মসজিদ ও বৃহত্তর লাইট হাউজ সমাজ কমিটির সভাপতি রিয়াজ উদ্দিন মনু বলেন- আমিও বিভিন্নভাবে শুনেছি ওই গলিতে কয়েকজন মাদক কারবারি রয়েছে। সমাজের পক্ষ থেকে দ্রুত সময়ে আমরা একটি মিটিং ডাকবো। ওখানে বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত থাকবে। ওই মিটিংয়ে আমরা বিভিন্ন সমাজ বিরোধী কর্মকান্ড নিয়ে আলোচনা করবো এবং তা প্রতিরোধের চেষ্টা করবো। এমনকি যারা অপরাধী তাদের তালিকা তৈরি করে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীদের কাছে পৌঁছে দেওয়া হবে। এতে এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।
কক্সবাজারের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান বলেন, এলাকা ভিক্তিক মাদক কারবারিদের তালিকা করা হচ্ছে। এখন নতুন নামও তালিকায় সংযুক্ত করা হচ্ছে। তালিকাভুক্ত অনেকেই কারাগারে আছে। আবার অনেকেই জামিনে বেরিয়ে পুনরায় ইয়াবা কারবারে জড়িয়ে পড়েছে। তাদেরও কাউকে কাউকে ফের গ্রেফতার করা হয়েছে। প্রতিদিনই নতুন নতুন মাদক কারবারি তৈরি হচ্ছে, ধরাও পড়ছে। শুধু বিক্রেতা নয়, মাদক কারবারে অর্থ লগ্নিকারী, পৃষ্ঠপোষক, সংরক্ষক, বহনকারী, খুচরা বিক্রেতা ও ক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত আইন প্রয়োগ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান।