সোমবার (১২ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার পৌরসভার নির্বাচন। শেষ সময় ভোটারদের কাছে টানতে তোড়জোড় করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এই মুহূর্তে নাগরিক কমিটির ব্যানারে মেয়রপ্রার্থী মাসেদুল হক রাশেদের নারিকেল গাছের গণজোয়ার সৃষ্টি হয়েছে। একইভাবে থেমে নেই নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী মাহাবুবুর রহমানের জোয়ারও।
কক্সবাজার বাহারছড়া এলাকার ভোটার বাহাদুর শাহ বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে কক্সবাজার হবে গাজীপুর। নাগরিক কমিটির মেয়রপ্রার্থী মাসেদুল হক রাশেদ বিপুল ভোটে নির্বাচিত হবেন।
টেকপাড়া এলাকার ভোটার সরওয়ার কামাল সিকদার বলেন, কক্সবাজারবাসী স্পষ্টই দেখছেন কক্সবাজারের ছেলে মাসেদুল হক রাশেদ এগিয়ে রয়েছেন। বিএনপি জামায়াতের ভোটাররা যদি ভোটকেন্দ্রে যায় তাহলে নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান মাবুকে নৌকা মার্কায় কোনো দিনও ভোট দেবে না। সাধারণ ভোটাররা যে যাই বলুক, প্রার্থীরা শতভাগ আশা নিয়ে নির্বাচনে জয়ী হওয়ার স্বপ্ন দেখছেন।
কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরীতে রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী মাহবুবুর রহমান। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান পৌরসভার মেয়র মুজিবুর রহমান নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবের পক্ষে কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরীতে রূপান্তর করার লক্ষ্যে নানা রকম প্রতিশ্রুতি দেন এবং নৌকা প্রতীকে সমর্থন, দোয়া ও ভোট প্রার্থনা করেন। এই নির্বাচনে মেয়রপ্রার্থী হিসেবে বিএনপি জামায়াতের কোনো প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করছেন না।
নারিকেল গাছ প্রতীকে মেয়রপ্রার্থী মাসেদুল হক রাশেদ বলেন, আমি নির্বাচিত হলে প্রতিটি পদক্ষেপই হবে কক্সবাজারের উন্নয়নে। কক্সবাজারবাসীর কাছে এ আমার অঙ্গীকার। হিংসা, বিদ্বেষ ও সংকীর্ণ মানসিকতা থেকে মুক্ত থাকব এবং জনগণের মধ্যে সহনশীলতা, সম্প্রীতি ও পরমতের প্রতি সম্মানজনক মানসিকতা সৃষ্টির মধ্য দিয়ে কক্সবাজার পৌরসভাকে একটি উন্নত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।
নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী মাহাবুবুর রহমান বলেন-নির্বাচন যত এগিয়ে আসছেন ততই নৌকা প্রতীকের পক্ষে দলীয় নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। এতে পৌরসভার ১২ টি ওয়ার্ডে সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া লক্ষ করা যাচ্ছে। যা নৌকা বিজয়কে নিশ্চিত করছে। এ পরিস্থিতি প্রতিপক্ষের প্রার্থী লোকজন সাধারণ ভোটার ও কর্মীদের হুমকি প্রদর্শন অব্যাহত রেখেছে। একই সঙ্গে পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।
কক্সবাজার পৌরসভা নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো এবং প্রার্থীরা শান্তিপূর্ণভাবে প্রচার প্রচারণা শেষ করেছেন বলে দাবি করছে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। ভোটের দিন ফলাফল ঘোষণা পর্যন্ত এ পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদী তিনি।
তিনি বলেন- আগামী সোমবার (১২ জুন) ভোট অনুষ্ঠিত হবে। ভোটের সকল প্রচার-প্রচারণা শনিবার (১০ জুন) রাত ১২ টায় শেষ হচ্ছে। সোমবার এ পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে ভোট হবে।
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জানান, এ পৌরসভা নির্বাচনে ১২টি ওয়ার্ডে ১২জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। প্রত্যেক ম্যাজিস্ট্রেটের সঙ্গে বিজিবি, র্যাব ও পুলিশ থাকবে। তিনজন বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবে। পুরো নির্বাচন; নির্বাচন কর্তৃপক্ষ সিসি ক্যামেরায় ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলেও জানান তিনি। প্রত্যেকটা বুথে সিসি ক্যামেরা থাকবে। নির্বাচন অফিস থেকে তা পর্যবেক্ষণ করা হবে। কোনো অভিযোগ পাওয়া গেলে আইনে যেভাবে অ্যাকশন নেওয়ার কথা সেভাবেই নেওয়া হবে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা গত ৫ দিন ধরে শহরের সব জায়গায় অভিযান পরিচলনা করছি। শহরের অলি গলিতে আমাদের পুলিশের টিম রয়েছে। চট্টগ্রাম থেকেও অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। আমরা সুন্দর একটি নির্বাচন উপহার দিতে চাই। যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করবে সে যে দলের হোক তাকে আইনের আওতায় আনা হবে।
এবার কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।