কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে তিনদিনব্যাপী “জুলাই ফটো এক্সিবিশন”। শুক্রবার বিকেলে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে ২৪ জুলাই এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময়কার কক্সবাজারসহ দেশের বেশকিছু দুর্লভ ছবি নিয়ে এই এক্সিবিশন উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,জুলাই বিপ্লব বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক একটি অধিকারপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠায় চিরকাল অনুপ্রেরণা যোগাবে। এ ছাড়া জুলাই বিপ্লবের প্রেরণায় উজ্জীবিত হয়ে দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান জেলা প্রশাসক।
এসময় পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীন, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান,ছাত্র প্রতিনিধি সাহিদুল ওয়াহিদ সাহেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন । সকলের জন্য উন্মুক্ত এ জুলাই ফটো প্রদর্শনীর কেন্দ্রে রয়েছে শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধ, শহীদ ওয়াসিম, শহীদ নুরুল আমিন, শহীদ আহসান হাবিব ও শহীদ তানভীরের ছবিসহ আন্দোলনের বিভিন্ন মুহূর্তের দলিল।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ২৪ এ ছাত্র জনতার আন্দোলনের সেই উত্তাল সময়কে স্মরণ ও নতুন প্রজন্মের সামনে তার ইতিহাস ও জুলাই বীর শহীদদের আত্মত্যাগকে তুলে ধরতেই এ আয়োজন।