আরফাতুল মজিদ, কক্সবাজার
সরকার প্রতি লিটার জ্বালানি তেলে দাম বৃদ্ধি করেছে ১৫ টাকা। এই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু পরিবহণ মালিকরা বেসামাল বাড়িয়েছে বাস ভাড়া। তেলের দাম বৃদ্ধির কারণে ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধির যৌক্তিক হলেও মালিকরা ইচ্ছা মতো ভাড়া নির্ধারণ করেছে। এমনকি চট্টগ্রাম থেকে কক্সবাজারে ২৫০ টাকার জায়গায় নেওয়া হচ্ছে ৩৫০ টাকা পর্যন্ত।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাস ভাড়া বাড়ানোয় যাত্রীদের মাঝে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরকার নির্ধারিত ভাড়ার চাইতেও বেশি নেওয়ার অভিযোগ তাদের। তারা বলছেন, দূরপাল্লার বাসে ভাড়া নিয়ে চলছে নৈরাজ্য। নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ নেওয়ার অভিযোগ। ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীসহ নিম্ন ও মধ্যবিত্তরা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশ করছে।
এরমধ্যে ‘মুরাদ কক্স’ নামে এক আইডি থেকে মারসা পরিবহণের একটি টিকেটের ছবি দিয়ে স্ট্যাটাস দেয়। এতে লেখা হয়েছে- একটি গাড়িতে সিট থাকে ৪০টি। প্রতিটি সিটে চট্টগ্রাম থেকে কক্সবাজার ভাড়া নিত ২৫০ টাকা। এখন ১০০ টাকা বাড়িয়ে নেওয়া হচ্ছে ৩৫০ টাকা। সেই হিসেবে আগে থেকে বেশি নিচ্ছে ৪ হাজার টাকা। অথচ প্রতি লিটারে তেলের দাম বেড়েছে ১৫ টাকা মাত্র। চট্টগ্রাম থেকে কক্সবাজারে তেল খরচ হয় ৮০ লিটার। সেই হিসেবে বাস প্রতি তেলের দাম বেড়েছে ১২০০ টাকা। তেলের দাম বাড়ায় বাস প্রতি আগের চেয়ে বেশি খরচ হচ্ছে ১২০০ টাকা। অথচ যাত্রীদের কাছ থেকে প্রতি সিটে ১০০ টাকা বাড়িয়ে আদায় করছে ৪ হাজার টাকা। এতে অধিক লাভ হচ্ছে ২ হাজার ৮০০ টাকা।
এম. আর মাহাবুব নামে একব্যক্তি স্ট্যাটাস দিয়েছে, মানছে না সিন্ধান্ত। ভাড়া নৈরাজ্য শুরু। সিন্ধান্ত না মেনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ভাড়া নৈরাজ্য শুরু। বর্ধিত নিয়মে কক্সবাজার টু চট্টগ্রাম ভাড়া হবে ২৭২ টাকা। অথচ নিচ্ছে ৩২০ টাকা। কক্সবাজার টু চকরিয়ার ভাড়া আগে ছিল ৮০ টাকা। তেলের দাম বৃদ্ধিতে ১০ টাকা বাড়িয়ে ৯০ টাকা হওয়ার কথা। কিন্তু এখন নিচ্ছে ১২০ টাকা। এভাবেই বাসে চলছে নৈরাজ্য।
বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন মালিকদের দাবির মুখে গণপরিবহনে ভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করে সরকার। নতুন এ ভাড়া শুধু ডিজেলচালিত বাসের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু সিএনজি চালিত গাড়িতেও বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। নেই কোনো সুনির্দিষ্ট তদারকি।
এদিকে, বাড়তি ভাড়া ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। অনেকের আর্থিক সামর্থ্যেও পড়েছে টান। ভুক্তভোগীরা বলছেন, জনগণের বিষয়টি দেখা হয়নি। তাদের সুবিধাটাই দেখা হচ্ছে। ব্যয় বাড়ে কিন্তু কর্মস্থলে বেতন বাড়ে না।
যাত্রীরা বলছেন, মধ্যবিত্ত পরিবারের জন্য ভাড়া বাড়াটা খুবই অসুবিধার। বিশেষ করে বাসে নৈরাজ্য চলছে। হুট করে ৮০ থেকে ১০০ টাকা বাড়িয়ে দেওয়া যাত্রীদের সঙ্গে বাসের হেলপার-সুপারভাইজারদের বাকবিতন্ড করতে দেখা যায়। এদিকে, ভাড়া বাড়ার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে শিক্ষার্থীরা।
হানিফ পরিবহণের চালক আবুল কাশেম বলেন, কথা কাটাকাটি করে ভাড়া আদায় করতে হচ্ছে। না নিলেও তো আমরা গাড়ি চালাতে পারি না। মালিক পক্ষ যেমন সিন্ধান্ত নিয়েছে তেমন ভাড়া নেওয়া হচ্ছে। তবে যাত্রীদের সাথে বেশি কথা কাটাকাটি হচ্ছে টিকেট কাউন্টারে। টিকেট কেটে যখন যাত্রীরা গাড়িতে উঠে; তখন আমাদের আজেবাজে কথা শুনতে হচ্ছে।
কক্সবাজার বাস টার্মিনালে মারসা কাউন্টারের একব্যক্তি বলেন, টিকেটের দাম বেড়েছে এটা আমাদের বিষয় নয়। এটা বাস মালিক ও সরকারের বিষয়। আমাদের যেমন বলা হচ্ছে তেমন করছি। আমরাত চাকরি করছি মাত্র। ভাড়া নিয়ে যাত্রীদের সাথে বেশ কথা কাটাকাটি হচ্ছে বলে তিনি জানান। কক্সবাজার টু চট্টগ্রাম বর্তমান ভাড়া ৩৫০ টাকা করা হয়েছে। আগে ছিল ২৫০ টাকা।
তিনি বলেন, ভাড়া বাড়লেও পরিবহন শ্রমিকদের মজুরি বাড়ে না। গাড়ি চলছে কিন্তু আমাদের তো আর বেতন ভাতা বাড়াচ্ছে না। অনেক বছর ধরে একই বেতনে কাজ করছি। মালিক কত পেল না পেল, সেটা তো আমরা পাই না।
কক্সবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল হুদা বলেন, তেলের দাম বৃদ্ধির কারণে অনেকেই বাস ভাড়া বাড়িয়ে দিয়েছে। তবে আমরা বাড়িয়েছি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। তৎমধ্যে কক্সবাজার টু চকরিয়া ভাড়া ছিল ৭০ টাকা এখন করা হয়েছে ৯০ টাকা। হয়ত সামনে আরও কমতে পারে। এছাড়া কক্সবাজার টু টেকনাফ বাসে ১৫০ টাকার জায়গায় ১৭০ টাকা এবং ১৩০ টাকার জায়গায় ১৫০ টাকা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, কক্সবাজার টু চট্টগ্রামে ভাড়া বেড়েছে ১০০ টাকা পর্যন্ত। বাস মালিকরা চট্টগ্রামে বসেই বাড়িয়েছে ভাড়া। কক্সবাজার টু চট্টগ্রামের ভাড়া গুলো চট্টগ্রাম থেকে নির্ধারণ করা হয়।
যাত্রীদের অভিযোগ, সরকার প্রতি লিটার জ্বালানি তেলে দাম বৃদ্ধি করেছে ১৫ টাকা। এ হিসাবে একটি যৌক্তিক ভাড়া নির্ধারণ করা যায়। কিন্তু এখন গণপরিবহনগুলো ইচ্ছামত ভাড়া আদায় করছে। সড়কে শুরু করেছে চরম নৈরাজ্য। এমনিতেই দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস ওঠেছে। তার ওপর ভাড়ার এমন নৈরাজ্য ‘মড়ার ওপর খড়ার গা’ বলে আমরা মনে করি।
জানা যায়, গত ৩ নভেম্বর তেল ও ডিজেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তের পর ৫ নভেম্বর সকাল থেকে পরিবহন মালিকেরা গাড়ি চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন। মূল্য বৃদ্ধিতে ভাড়া বাড়ানোর দাবিতে ডাক দেয় ধর্মঘটের।