নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের কলাতলী উত্তর আদর্শ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিলসহ সিরাজ (৬৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। সোমবার (৭ মার্চ) গভীররাতে র্যাব-১৫ এর আভিযানিক দল কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডস্থ উত্তর আদর্শ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে মুহাম্মদ সিরাজকে আটক করে। এসময় সিরাজের বসতঘরের সামনে বারান্দায় রাখা চৌকির নিচে তল্লাশী করে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সিরাজ একই এলাকার মৃত আব্দুর রউফের ছেলে। ধৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত মর্মে জানা যায়।
আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার সদর থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। সোমবার দুপুরে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।