• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

কক্সবাজারে সহযোগি নিয়ে স্বামী-স্ত্রী’র মদ ব্যবসা: হুমকি দেখান শ্রমিকলীগের

নিজস্ব প্রতিদেক / ৬৮৪ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
মো. তারেক, রিনা আক্তার, রহিম উল্লাহ ও খালেক।

মোর্শেদ আলম:
কক্সবাজার শহরের পূর্ব মোহাজের পাড়া এলাকার মো. তারেক। এক সময় হাসপাতাল সড়ক এলাকায় ফুটপাত থেকে দৈনিক চাঁদা আদায় করলেও এখন পেশা পরিবর্তন করেছে। দুই বছর আগেই চাঁদা আদায়ের পেশা পরিবর্তন করে এখন চোলাই মদের ব্যবসা চালাচ্ছে জমজমাটভাবে। শহরের গোলদিঘী পাড় এলাকা ও বৈদ্যঘোনার প্রবেশমুখে রাখাইন পাড়ায় পাইকারি দামে চোলাই মদের ব্যবসা চালিয়ে যাচ্ছে তারেক। স্ত্রী রিনা আক্তারকে সাথে নিয়েই তারেকের মদ ব্যবসা চলছে প্রকাশ্যে। পূর্ব মোহাজের পাড়ায় নিজ ঘরে চোলাই মদের ডিপোতে পরিণত করেছে দীর্ঘদিন ধরে। তারেকের এই মদ ব্যবসায়ে সহকারি হিসেবে রয়েছে ঘোনার পাড়াস্থ বড় কবরস্থান এলাকার খালেক ও বিসিক এলাকার রহিম উল্লাহ। এমনকি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি এলাকা থেকে তারেকের চোলাই মদ আনতে গিয়ে সিএনজি টেক্সীসহ আটক হয়েছিল ইব্রাহিম নামে এক যুবকও। দীর্ঘদিন কারাভোগ শেষ করে এখন জামিনে বের হয়েছে ইব্রাহিম। তারেকের জমজমাট চোলাই মদের ব্যবসার বিষয়ে স্বীকারও করেছে সহকারি খালেক। খালেকের স্বীকার করার ভিডিও হাতে রয়েছে প্রতিবেদকের কাছে।

খোঁজ নিয়ে জানা গেছে- গত দুই বছর ধরে নাইক্ষ্যংছড়ি থেকে এনে কক্সবাজার শহরে চোলাই মদের ব্যবসা চালিয়ে যাচ্ছে ১০নং ওয়ার্ডের পূর্ব মোহাজের পাড়া এলাকার মো. তারেক। তারেক হাসপাতাল সড়ক এলাকার শাহ আলমের ছেলে। নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি এলাকার আবুল নামে একব্যক্তি থেকে চোলাই মদ ক্রয় করেন তারেক। সোনাইছড়ি থেকে সিএনজি টেক্সী যোগে প্রতিদিন ভোরে প্রায় ১২০ লিটার চোলাই মদ কক্সবাজার শহরে প্রবেশ করান তারেক। এমনকি অনেক সময় প্রশাসনের চোখ এড়াতে গভীররাতেও মদ আনেন তারেক। চোলাই মদ গুলো অনেক সময় সিএনজি টেক্সী থেকে বৈদ্যঘোনার প্রবেশমূখে রাখাইন পাড়ায় বিক্রি করে দেন আবার নিজ ঘর পূর্ব মোহাজের পাড়ায়ও মজুদ রাখেন। অনেক সময় এসব মদের লেনদেন করেন তারেকের স্ত্রী রিনা আক্তার। কয়েকজন মদ ব্যবসায়ীর সাথে রিনা আক্তারের কথোপকথনের তথ্যও পাওয়া গেছে। এভাবে স্বামী-স্ত্রীর যৌথ মদের ব্যবসা চলছে প্রকাশ্যে।

একটি সূত্রে জানা গেছে- তারেক ও রিনা আক্তারের মদ পরিবহণ ও সহযোগি হিসেবে রয়েছে খালেক ও রহিম উল্লাহ নামে দুই ব্যক্তি। তাদের সহযোগিতায় বিভিন্ন জায়গায় চোলাই মদ সরবরাহ দিয়ে আসছে তারা। এছাড়া তাদের সহযোগি রয়েছে ভিক্কি, আবু তাহের, আলু রুবেল, সোহেল ও আব্দুল্লাহ ওরফে তুবুল্লাহ। এসব সিন্ডিকেট নিয়ে দীর্ঘদিন ধরে গোলদিঘীর পাড় ও বৈদ্যঘোনা এলাকায় চোলাই মদের জমজমাট ব্যবসা চালাচ্ছে স্বামী-স্ত্রী।

পূর্ব মোহাজের পাড়া এলাকার এক সমাজ নেতা বলেন- তারেক ও তার স্ত্রী রিনা আক্তার মদের ব্যবসা করছে কয়েক বছর ধরে। পুরো এলাকাবাসী অবগত রয়েছে তাদের এসব অবৈধ ব্যবসা নিয়ে। প্রায় সময় সিএনজি টেক্সী যোগে চোলাই মদ নিয়ে আসে তাদের বাড়িতে। বাড়িতে রাখে মদের মজুদ। অনেকেই তাদের বাড়িতে মদ খেতে আসে। তবে বেশির ভাগ মদ বিভিন্ন রাখাইন পাড়ায় বিক্রি করে দেন। বিষয় গুলো এলাকাবাসীর কাছে পরিষ্কার। সবার জানে তারা এলাকায় মদ ঢুকান। এলাকাবাসী বাধা দিলেও তারা কারো কথা শুনে না। তারেকের স্ত্রী রিনা আক্তারের দাপটে কেউ কথাও বলতে চাই না।

আরেক প্রতিবেশ বলেন, আগে সিএনজি টেক্সী দিয়ে মদ নিয়ে আসলেও এখন পরিবর্তন করেছে গাড়ি। নতুন একটি মাইক্রোবাস কিনেছে তারা। মাইক্রোবাসের চারপাশে কালো গ্লাস। ভিতরে কি হচ্ছে বাহির থেকে বুঝাও যায় না। কয়েক দিন ধরে ওই গাড়িতে করে চোলাই মদ পরিবহণ করে যাচ্ছে। এমনকি ওই গাড়ির ভিতরে বসে নিয়মিত মাদক সেবনও চলছে। এভাবে শহরে প্রকাশ্যে চোলাই মদের ব্যবসা জমজমাটভাবে চালিয়ে গেলেও তারা রয়েছে ধরা ছোঁয়ার বাইরে।

এদিকে গত ৫ আগস্ট নাইক্ষ্যংছড়ি থেকে চোলাই মদ নিয়ে আসার সময় মরিচ্যা যৌথ চেক পোষ্টে সিএনজি টেক্সীসহ মদ জব্দ করে বিজিবি’র সদস্যরা। এসময় সিএনজি চালক মো. ইব্রাহিমকে আটক করা হয়েছে। ইব্রাহিম কক্সবাজার শহরের ৯নং ওয়ার্ড ঘোনার পাড়া এলাকার আবুল কালামের ছেলে। এসময় সিএনজি থেকে ১১০ লিটার চোলাই মদও জব্দ করা হয়েছে। এসব মদ গুলো ছিল তারেকের। তারেকের নিয়মিত মদ পরিবহণ করত সিএনজি চালক মো. ইব্রাহিম। মদসহ আটকের ঘটনায় তারেক কারাগারেও যায়। এই ঘটনায় তারেক টাকা খরচ করে ইব্রাহিমকে জামিনেও বের করেন বলে জানা গেছে।

পূর্ব মোহাজের পাড়া এলাকার একব্যক্তি জানান, তারেক ও তার স্ত্রী রিনা আক্তারের এই অবৈধ ব্যবসা বন্ধ করতে অনেক চেষ্টা করেছিল সমাজ কমিটি। কিন্তু বন্ধ করতে পারেনি কেউ। তারেক অনেক সময় কৃষকলীগের নেতা আবার শ্রমিকলীগের নেতা পরিচয় দিয়ে হুমকি দেন। এমনকি কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের পিএস পরিচয় দেওয়া শ্রমিকলীগ নেতা দাবীদার রানা’র নাম ব্যবহার করেও এলাকায় হুঙ্কার ছাড়ে তারেক। এভাবে তারেক ও তার স্ত্রী রিনা আক্তারের হুমকিতে অনেকেই অসহায়। যার কারণে তারা প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে চোলাই মদের ব্যবসা।

এবিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, ইতিমধ্যে পুলিশ অভিযান চালিয়ে অনেক চোলাই মদ জব্দ করেছে। আটকও করেছে অনেকজনকে। যারা এসব অবৈধ ব্যবসা করছে তাদের নজরদারীতে রেখেছে পুলিশ। দ্রুত সময়ে এসব অপরাধীদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন