নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারে পৃথক তিনটি মাদক মামলায় চার আসামির কারাদন্ড দিয়েছেন আদালত। এর মধ্যে দুটি মাদক মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড এবং অন্য এক মামলায় দুই আসামির চার বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনটি মামলার রায় দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘২০২১ সালে ইয়াবা পাচারের এক মামলা ও ২০২২ সালের আরেক মামলায় দুই আসামিকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। একই সঙ্গে আসামিদের ৫০ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।’
যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোলাপপুর এলাকার রিপন চন্দ্র ভৌমিক এবং বরিশালের গৌরনন্দী এলাকার মো. লাল চান মোল্লা।
এ ছাড়া ২০১৯ সালে চোলাই মদ উদ্ধারের এক মামলায় দুই আসামির চার বছর কারাদন্ড দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। একই সঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। অর্থ অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদলত।
চার বছর দন্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার পুরাতন পল্লান পাড়ার নুর হাকিম ও শাহ জাহান।