নিজস্ব প্রতিবেদক:
পরিবেশ অধিদপ্তরের নোটিশ তোয়াক্কা না করে কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের দক্ষিণ সাহিত্যিকা পল্লীতে বেপরোয়াভাবে পাহাড় কর্তন চলছে। পরিবেশ বিধ্বংসী এমন কাজে এলাকাবাসী ক্ষুব্দ হয়ে উঠেছে।
এলাকাবাসী জানান, দক্ষিণ সাহিত্যিকা পল্লীর দারুল আমান রোডের তারেক মার্কেটের বিপরীতে সরকারি জমিতে বসত ঘর নির্মাণ করেছে সাবিনা নুর লিপি নামক এক মহিলা। সেখানে ভয়াবহ আকারে পাহাড় কাটা হলে ঘটনাস্থল পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তর। অভিযোগের সত্যতা পেয়ে গত ৮ সেপ্টেম্বর কারণ দর্শানোর নোটিশ দেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান। নোটিশে উল্লেখ আছে, “গত ০৭/০৯/২০২২ ইং দক্ষিণ সাহিত্যিকা পল্লী সরেজমিন পরিদর্শনকালে তথ্যানুসন্ধানে জানা যায়, অননুমোদিতভাবে পাহাড়/টিলা কর্তন করা হয়েছে। যা সম্পূর্ণ আইন বহির্ভূত।
সরকারী জনগুরুত্বপূর্ণ স্বার্থ ব্যতিত সরকারী/আধা সরকারী/স্বায়ত্বশাসিত/ ব্যক্তিমালিকাধীন পাহাড়/টিলা কর্তন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ (সংশোধিত- ২০০২) এর পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য। এরূপ অপরাধের ক্ষেত্রে সর্বাধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদন্ড অথবা ১০ (দশ) বছর কারাদন্ড অথবা উভয়দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।
এমতাবস্থায় অননুমোদিতভাবে পাহাড়/টিলা কর্তনের দায়ে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, পত্র প্রাপ্তির ৭ দিনের মধ্যে তার সস্তোষজনক জবাব প্রদানের জন্য অনুরোধ করা হলো। একই সাথে পাহাড় কর্তনের যাবতীয় কার্যক্রম বন্ধ করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত- ২০১০) অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযোগ হলো, পরিবেশ অধিদপ্তরের নোটিশে সাত দিনের মধ্যে উপযুক্ত জবাব ও ব্যাখ্যা প্রদানের জন্য বলা হলেও পাত্তা দেননি সাবিনা নুর লিপি। পাহাড় কেটে বসতবাড়ি নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন।
এলাকাবাসী জানিয়েছে, বেপরোয়া পাহাড় কর্তনের ফলে ঝুঁকির মুখে পড়েছে আশপাশের বসতবাড়ি ও স্থাপনা। এখনই পাহাড় কাটা বন্ধ না করলে বর্ষা মৌসুমে প্রাণহানির আশঙ্কা আছে। এ বিষয়ে স্থানীয় নেজাম উদ্দিন বলেন, প্রয়োজনের তাগিদে অল্প পাহাড় কেটেছেন। আর এটি নিয়ে স্বজনদের মধ্যে ঝামেলা চলছে।
এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মুহাম্মদ আজহারুল ইসলাম বলেন, সরেজমিন গিয়ে দেখলাম, খুব ভয়ঙ্করভাবে পাহাড় কাটা হয়েছে। এতে স্থানীয় বসতবাড়িগুলো মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। ৭ দিনের মধ্যে জবাব দিতে বললেও গুরুত্ব দেয়নি অভিযুক্ত সাবিনা নুর লিপি। খুব সহসা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।