• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

কক্সবাজারে ডিবি ও দালাল হ্যান্ডকাপ-চাকু দেখিয়ে টাকা লুট

নিজস্ব প্রতিদেক / ১৯২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
ভুক্তভোগি মহেশখালীর পান ব্যবসায়ী আমির উদ্দিন।

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার ডিবি কার্যালয়ে নিলামে ইজিবাইক (টমটম) বিক্রির কথা বলে এক পান চাষীকে হ্যান্ডকাপ ও ছুরির ভয় দেখিয়ে নগদ ৯৭ হাজার টাকা ও মোবাইল সেট লুট করার অভিযোগ উঠেছে ডিবি’র এক কনষ্টেবল ও দুইজন দালালের বিরুদ্ধে। ডিবি কার্যালয়ে তিন ঘন্টা বসিয়ে রাখার পর রাতে শহরের ঝাউবাগান নিয়ে গিয়ে এই টাকা লুট করেন কক্সবাজার ডিবি পুলিশের কনষ্টেবল মো. নাজমুল এবং মহেশখালী শাপলাপুর ইউনিয়নের ঘোনার পাড়া এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে দালাল ফজল করিম ও চকরিয়া মালুমঘাট এলাকার কুতুব উদ্দিন। শুধু তাই নয়; টাকা লুটের দুইদিন পর ভুক্তভোগি আমির উদ্দিনের বাড়ি মহেশখালীর শাপলাপুর থেকে গভীররাতে ডিবি পুলিশের ৭/৮ জনের একটি টিম আমিরকে তুলে নিয়ে আসে। এরপর সাদা কাগজে ৭ থেকে ৮টি স্বাক্ষর নিয়ে দুপুরের দিকে আমিরকে ছেড়ে দেন ডিবি পুলিশ।

এবিষয়ে ভুক্তভোগি পুলিশ সুপার কার্যালয়ে লিখিত অভিযোগ করতে গেলে- সেখান থেকেও ভয়ভীতি দেখিয়ে ধাওয়া করেন ডিবি পুলিশ সদস্যরা। এখন ডিবি পুলিশের ভয়ে আত্মগোপনে চলে গেছে আমির উদ্দিন। তিনি মহেশখালী শাপলাপুর ১নং ওয়ার্ড ষাইট মারা গ্রামের মো. ইছহাক ওরফে লেদু মিয়ার ছেলে।

তথ্য সূত্রে জানা গেছে- পানের ব্যবসা করার পাশাপাশি একটি ইজিবাইক (টমটম) ক্রয়ের আগ্রহ প্রকাশ করেন আমির উদ্দিন। টমটম ক্রয়ের বিষয়ে তার কথা হয় মহেশখালী শাপলাপুর এলাকার ফজল করিম ও চকরিয়া মালুমঘাট এলাকার কুতুব উদ্দিনের সাথে। ৯৫ হাজার টাকায় ডিবি কার্যালয়ে নিলামে টমটম বিক্রি হচ্ছে এমন খবর দিয়ে আমিরকে ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে ডিবি কার্যালয়ে নিয়ে আসে ফজল ও কুতুব। সন্ধ্যায় ডিবি কার্যালয়ের একটি কক্ষে আমির উদ্দিন, কুতুব ও ফজলের সাথে বসে কথা বলেন কনষ্টেবল নাজমুল।

ভুক্তভোগি আমির উদ্দিন বলেন- ডিবি অফিসের একটি রুমে নাজমুলের সাথে বসে টমটমের বিষয়ে কথা হয়। টমটম দেখাতে বলেল- টমটম নিয়ে কাজে বের হয়েছে বলে জানান কনষ্টেবল নাজমুল। রাত ৯ টার দিকে নাজমুল জানান; স্যারের বাসায় যেতে হবে, ওখান থেকে টমটম নিতে হবে। এই মর্মে তারা ডিবি অফিস থেকে রাত ৯ টায় বের হয়ে শহরের কবিতা চত্বর এলাকায় রওনা দেন। ওখানে যাওয়ার পর কনষ্টেবল নাজমুল হ্যান্ডকাপ বের করেন এবং দুই দালাল ধারালো ছুরি বের করে পাশের ঝাউবাগানে নিয়ে ভয় দেখান আমাকে। সাথে সাথে নাজমুল পকেটে হাত ঢুকিয়ে দিয়ে টমটম ক্রয়ের জন্য আনা নগদ ৯৫ হাজারসহ মোট ৯৭ হাজার টাকা ও ২০ হাজার টাকা দামের মোবাইল সেটটি নিয়ে আমাকে ঝাউবাগারের পাশে সাগরের তীকে ছেড়ে দেন। সেখান থেকে আমি ভয়ে পালিয়ে যায়। এমনকি ওই সময়ে ঘটনার বিষয়ে কাউকে জানালে মাদক মামলার চালান দেওয়ার কথা বলে হুমকি দেন।

আমির বলেন- ঘটনার পরের দিন ২৪ ফেব্রুয়ারি চকরিয়ার এক কাউন্সিলের সহযোগিতায় কুতুবের একটি গাড়ি আটকিয়ে শালিস বৈঠকের ব্যবস্থা করি। তারা এক দিন পর শালিস বৈঠকে রাজি হন। কিন্তু বৈঠকে বসার আগে ২৫ ফেব্রুয়ারি ভোররাত ৪ টার দিকে আমার বাড়ি মহেশখালীতে ডিবি পুলিশের ৭ থেকে ৮ জনের একটি টিম তল্লাশি চালিয়ে আমাকে সকাল ৮ টার দিকে আমাকে ডিবি অফিসে নিয়ে আসে। ২৫ ফেব্রুয়ারি দুপুরে ডিবি কার্যালয়ে আমার স্ত্রী ও এলাকার মহিলা কাউন্সিলর এসে আমাকে নিয়ে যান। এসময় সাদা কাগজে ৭/৮ টি স্বাক্ষর নেন ডিবি পুলিশ।

মহেশখালী শাপলাপুর ইউনিয়নের ১.২.৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর দিলুয়ারা বেগম বলেন- আমিরের স্ত্রী আমাকে ফোন দিয়ে ডিবি অফিসে নিয়ে গিয়েছিল। একটা সাদা খাতায় স্বাক্ষর নিয়ে আমিরকে ছেড়ে দিয়েছে। ওই সময় ডিবি পুলিশ বলেছিল- আমার জিম্মায় ছেড়ে দিয়েছে। আমির একজন প্রকৃত পান ব্যবসায়ী বলে তিনি জানান।

ঘটনার বিষয়ে সোমবার (৬ মার্চ) দুপুরের দিকে ভুক্তভোগি আমির উদ্দিন লিখিত অভিযোগ নিয়ে পুলিশ সুপার কার্যালয়ে যান। ওই সময় কার্যালয়ের নিচ তলায় কনষ্টেবল নাজমুলসহ কয়েকজন সদস্যের নজরে পড়ে আমির।

আমির বলেন- সোমবার অভিযোগ দিতে গেলে ডিবি পুলিশরা আমাকে আবারো বেশ ভয়ভীতি দেখান। আমি সেখান থেকে দৌড়ে বিএনপি কার্যালয় পর্যন্ত চলে আসি। পিছনে কনষ্টেবল নাজমুল এসে আমাকে ধরে একটি দোকানে বসিয়ে ফের ভয় দেখান (নাজমুলসহ দোকান বসে রাখার ভিডিও হাতে রয়েছে প্রতিবেদকের)।

আমির আরও বলেন- ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত ডিবি অফিসের সিসিটিভি ক্যামরা চেক করলে নাজমুল, আমিসহ দুই দালাল বসে কথা বলার চিত্র দেখা যাবে। ২৫ ফেব্রুয়ারি সকালে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া এবং দুপুরে ছেড়ে দেওয়ার বিষয়টিও দেখা যাবে ক্যামরায়। সর্বশেষ গতকাল সোমবার (৬ মার্চ) পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে আবার দৌঁড়ে চলে আসার চিত্রও দেখা যাবে চেক করলে। আমার মোবাইল ফোনও রেখে দিয়েছে তারা। এতো সব হারিয়ে এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোন সময় ডিবি পুলিশ আমাকে বড় ধরণের বিপদে ফেলতে পারে। তাদের ভয়ে এখন আমি বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছি।

এবিষয়ে কক্সবাজার ডিবি পুলিশের কনষ্টেবল মো. নাজমুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি প্রথমে কথা বলতে রাজি হন। পরে তিনি ব্যস্ততার কথা বলে তার অফিসে যেতে বলেন।

অভিযানের বিষয়ে জানতে কক্সবাজার ডিবি পুলিশের ওসি আহমেদ নাছির উদ্দিনের নাম্বারে কয়েক দফা ফোন করলেও তিনি রিসিভ করেনি।

দৃষ্টি আকর্ষণ করা হলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম বলেন- বিষয়টি আপনার কাছ থেকে শুনলাম। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন