কারো বিরুদ্ধে হত্যা মামলা, আবার কারো বিরুদ্ধে রয়েছে ডাকাতি মামলা। এমনকি মাদক, মানবপাচার ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে এমন এক ডজন অপরাধী কক্সবাজার শহরেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স পরিচয় দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। ডজনখানেক এসব অপরাধীরা বিভিন্ন সময় কারাভোগও করেন। কারাগার থেকে জামিনে বের হয়ে তারা এখন পুলিশ, র্যাব ও ডিবি পুলিশের সোর্স পরিচয়ে বিভিন্নজন থেকে আদায় করে যাচ্ছে অর্থ। এলাকায়ও জনশ্রুতি রয়েছে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স হিসেবে। এতে এসব অপরাধীরা এলাকায় আতঙ্ক হিসেবে কাজ করছে।
অনুসন্ধানে ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে- কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার জসিম ওরফে বিন্ডি জসিম। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা চলমান। একই সাথে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামীও। এলাকায় সবাই তাকে পুলিশ ও র্যাবের সোর্স হিসেবে চেনেন। সোর্সের পরিচয় দিয়ে এই অপরাধী দাপিয়ে বেড়াচ্ছে প্রকাশ্যে। কলাতলী ঝরঝরিকুয়া এলাকার কবির। তার বিরুদ্ধেও ডাকাতি, অস্ত্র ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশের সোর্স পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ তার বিরুদ্ধে। দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার বার্মায়া আব্দু রহিমের রয়েছে একাধিক মামলা। কয়েকবার কারাগারেও যান তিনি। র্যাবের সোর্স পরিচয় দিয়ে একাধিক লোকজনকে হয়রাণি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। রহিম বার্মায়া ফজল মাঝির মেয়ের জামাই হিসেবে পরিচিত।
পৌরসভার ১নং ওয়ার্ড সমিতি পাড়ার মিজানুর রহমান ও কুতুবাজার এলাকার ফারুক মাঝি। এই দুজনের বিরুদ্ধে রয়েছে মানবপাচার ও নারী মামলা। দীর্ঘ ১০ বছর ধরে নিজ এলাকায় পুলিশের সোর্স হিসেবে বেশ পরিচিত মিজান ও ফারুক। সম্প্রতি একটি ইয়াবার চালান লুটের ঘটনায় পলাতক ছিল মিজান। কলাতলী উত্তর আদর্শ গ্রাম এলাকার বার্মায় মো. নুর। বিভিন্ন অপরাধে জেল ফেরত আসামীও। সম্প্রতি একটি অপহরণ মামলায় এজাহারভুক্ত আসামী। কলাতলী জোনে র্যাবের সোর্স পরিচয় দিয়ে অনেক অপরাধের জন্মও দেন তিনি। একই সাথে র্যাবের সোর্স পরিচয় দিয়ে রামু-নাইক্ষ্যংছড়ি রোডে গরু ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিনিয়ত আদায় করে টাকা।
কলাতলী সৈকত পাড়া এলাকার বার্মায় জমিরও ত্রাস চালাচ্ছে পুলিশের সোর্স পরিচয় দিয়ে। তিনি পুরো হোটেল মোটেল জোন এলাকায় পুলিশের সোর্স হিসেবে দীর্ঘদিন কাজ করার জনশ্রুতি রয়েছে। এমনকি পুলিশের মোটর সাইকেলের পিছনে বসে জমির হোটেল জোনে বিচরণ করার বিষয়টিও অবগত ব্যবসায়ীরা। এছাড়া পুলিশের সোর্স পরিচয় দিয়ে হোটেল জোনের বিভিন্ন স্পা এবং একাধিক হোটেল থেকে অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে জমিরের বিরুদ্ধে। তার বিরুদ্ধে মাদক মামলাও রয়েছে বলে জানা যায়।
এছাড়া নানান অপকর্মের হোতা শহরের বৈদ্যঘোনা এলাকার পিয়ারু, ইয়াবা কারবারি খালেক ওরফে মিজান, বাস টার্মিনালস্থ লারপাড়া এলাকার আজিজ, দক্ষিণ ঘোনার পাড়া এলাকার ওমর ফারুক, লিংক রোড এলাকার মুফিজ উদ্দিন ননাইয়া, খরুলিয়া এলাকার সরওয়ার, খুচরা ইয়াবা বিক্রেতা উত্তর আদর্শগ্রাম এলাকার আবুল কালাম ভাড়িঙ্গা, পিএমখালী মহসীপাড়া এলাকার আরিফ উল্লাহ এবং কলাতলী এলাকার জুবাইয়ের বিরুদ্ধে পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকার মানুষকে হয়রাণি করার অভিযোগ উঠেছে। এরমধ্যে সম্প্রতি সময়ে ইয়াবাসহ আটক হয়ে বর্তমানে কারাগারে আছে জুবাইর।
দালালদের মধ্যে ঘোনার পাড়ার ওমর ফারুক বর্তমানে কারাগারে। পরিবেশ আইনের একটি মামলায় সম্প্রতি সময়ে সাজা হয় ফারুকের। এলাকায় তিনি দালাল ফারুক হিসেবে পরিচিত। বিচারের নামে তিনি শহর পুলিশ ফাঁড়িতে বেশ যাতায়ত করতেন কারাগারে যাওয়ার আগে। এমনকি কয়েকজন পুলিশ সদস্য তার বাড়িতে দাওয়াতে গেছেন বলে এলাকায় জনশ্রুতি রয়েছে।
অন্যদিকে বৈদ্যঘোনা-খাজামঞ্জিল এলাকার দালাল পিয়ারু বেশ বেপরোয়া। পুলিশের সোর্স পরিচয়ে বেশ ক্ষমতা দেখান তিনি। তার সাথেও কতিপয় পুলিশ সদস্যদের সখ্যতা দেখেন এলাকাবাসী। সেই সুযোগে সোর্স পরিচয়ে দাপিয়ে বেড়ান মামলার আসামী পিয়ারু। খুচরা ইয়াবা বিক্রেতা উত্তর আদর্শগ্রাম এলাকার আবুল কালাম ভাড়িঙ্গা কৌশলে পুলিশ ও র্যাবের সোর্স হিসেবে কাজ করার কথা স্বীকার করেন। আদর্শগ্রাম ও কলাতলীর মোড়ে সোর্সের প্রভাব বিস্তার করেন আবুল কালাম। ইয়াবা কারবারি বৈদ্যঘোনার খালেক ওরফে মিজান এলাকাবাসীর কাছে সোর্স হিসেবে বেশ চিহ্নিত। পুলিশের সোর্স হিসেবে তিনি বেশ জনপ্রিয় এলাকায়। খালেক একজন তালিকাভুক্ত ইয়াবা কারবারি এবং জেল ফেরত আসামীও। পাহাড়তলী এলাকার আলোচিত ভুলু (বন্দুক যুদ্ধে নিহত) এর বোন সুমির সাথে সম্পর্ক করেই ইয়াবা কারবারে জড়িত হন খালেক ওরফে মিজান।
গোলদিঘীর পাড়ের এক ব্যবসায়ী বলেন- অপরাধীদের পুলিশ বা র্যাব আটক করলে ভালো কথা। তাদের কেউ না কেউ তথ্য দিয়ে ধরিয়ে দেওয়া হোক এটা সবাই চাই। কিন্তু বিভিন্ন মাদক কারবারি ও অপরাধীদের পুলিশের হুমকি দিয়ে টাকা আদায় করছে খাজামঞ্জির এলাকার পিয়ারু। তাকে প্রায় সময় পুলিশের সাথে দেখা যায়। এতে অপরাধীরা যেমন রক্ষা পাচ্ছে, তেমনি পুলিশের মান-সম্মান ক্ষুন্ন হচ্ছে। পিয়ারুর এসব অপকর্ম এলাকার প্রতিটি মানুষের মুখে মুখে।
এবিষয়ে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বলেন- যারা আসলেই সঠিক সোর্স, তারা কোন দিনও পরিচয় দিবে না সোর্স বলে। তাদের বুঝাও যাবে না। আসলে যারা পুলিশ-র্যাবের সোর্স পরিচয় দেয়, তারা মূলত সোর্স নই। তারা হলো অপরাধী। সমাজে বা এলাকায় কোন অনৈতিক সুবিধা আদায়ের জন্য তারা হয়ত সোর্স পরিচয় দিয়ে থাকে। যদি সোর্স পরিচয় দিচ্ছে এমন কাউকে পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মো. আবু সালাম চৌধুরী বলেন- সোর্স একটি উন্নত শব্দ এবং ভালো কাজে ব্যবহার হয় বিদেশে। আমাদের দেশে এটা বেশির ভাগ নেগেটিভভাবে নিয়ে থাকি। বিদেশে এতো পুলিশ নেই। মূলত তারা সোর্স এবং বিশ^াসী তথ্যের উপর কাজ করে।