বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার জেলা শহর ও বিভিন্ন উপজেলায় পাহাড়ে বসতঘর তৈরি করে বসবাস করছে প্রায় তিন লাখ মানুষ। বন উজাড় ও পাহাড় কেটে বসতঘর তৈরিসহ নানা কারণে পাহাড় ধসে গত ১০ বছরে দেড়শর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এরমধ্যে বর্ষা শুরু হওয়ায় সর্বত্র পাহাড় ধস আতঙ্ক বিরাজ করছে।
এদিকে সারা বছর কোনো উদ্যোগ না নিলেও প্রতিবছর বর্ষা এলে মাইকিং করে পাহাড়ে বসবাসকারীদের সরে যেতে বলে কোনোরকম দায় এড়ানোর চেষ্টা করে প্রশাসন।
স্থানীয়রা জানায়, গত কয়েকদিনের ভারীবর্ষণ ও ঝড়ো বাতাসে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। যেকোনো মুহূর্তে ঘটতে পারে পাহাড় ধস ও প্রাণহানির ঘটনা। এ আশঙ্কায় পাহাড়ের পাদদেশ বা চুঁড়ায় ঝুঁকিপূর্ণ আবাস গড়া লোকজনদের নিরাপদ আশ্রয়স্থলে সরে যেতে নির্দেশ দিয়ে মাইকিং হয়েছে। স্বেচ্ছায় না সরলে অভিযানের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেয়া হচ্ছে।
খোঁজ নিয়ে জানাযায়, কক্সবাজার শহরের মোহাজের পাড়া, বৈদ্যঘোনা, লাইটহাউজ পাড়া, সমিতিপাড়া, ঘোনারপাড়া, পাহাড়তলী, বর্মাইয়া পাড়া, এবিসি ঘোনা, টেকনাইফ্ফা পাহাড়, সিটি কলেজ এলাকা, নতুন জেলখানা, ডিককুল বিজিবি ক্যাম্প, মহুরিপাড়া, কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও, খুরুশকুল, পিএমখালী, ভারুয়াখালী, রামুর খুনিয়াপালং, দক্ষিণ মিঠাছড়ি, জোয়ারিয়ানালা, ঈদগড়, গর্জনিয়া, উখিয়ার রাজাপালং, হলদিয়াপালং, পালংখালী, টেকনাফের হোয়াইক্যং, বাহারছড়া, হ্নীলা, টেকনাফ সদর ইউনিয়ন, চকরিয়ার খুটাখালী, বরইতলী, ডুলাহাজারা, হারবাং, পেকুয়ার বারবাকিয়া, টৈটং, পহঁরচাদা, মহেশখালীর কালারমারছরা, হোয়ানক, ছোটমহেশখালী, শামলাপুরসহ বিভিন্ন এলাকায় পাহাড় কেটে বসবাস করছে সহ¯্রাধিক পরিবার। এসব এলাকায় প্রায় পাহাড় কেটে বসতি স্থাপন হওয়ার অভিযোগ আসে। টানা বৃষ্টিতে ক্ষতবিক্ষত পাহাড়ের মাটি নরম হয়ে ধসে পড়ে। এতে ঘটে অনাকাংখিত মৃত্যুর ঘটনা।
এ বিষয়ে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান বলেন, প্রতি বর্ষায় ঝিলংজা ইউপির বিসিক নগরী ও মুহুরী পাড়া এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। গত তিনদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে কক্সবাজারে। এমন বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকি থাকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে আশ্রয় নিতে বলা হচ্ছে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপ পরিচালক শেখ নাজমুল হক বলেন, জেলার মোট ভূমির ৩৮ শতাংশ অঞ্চল। সব পাহাড়েই কোনো না কোনোভাবে বেদখল রয়েছে। এসব পাহাড়ে ঝুঁকি নিয়ে প্রায় দেড় লাখ লোকজন বসবাস করে।
তিনি আরো বলেন, পাহাড় ধসের জন্য প্রাকৃতিক দুর্যোগের চেয়ে ভয়ঙ্কর পাহাড় কাটা। বৃষ্টির সময় পাহাড়ের লোকজনরা পাহাড় থেকে মাটি সরাতে ঢালু করে দেয়। ফলে পাহাড় ধস হয়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান বলেন, কক্সবাজার পৌরসভার অভ্যন্তরে ৬টি ওয়ার্ডে সবচেয়ে বেশি মানুষ ঝুঁকিতে বাস করছে। তাদের সরিয়ে আনাটা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তারপরও ঝুঁকি এড়াতে কর্মপরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন।
এডিএম আরো বলেন, চলমান সময়ে কি পরিমাণ মানুষ ঝুঁকিতে বাস করছে তার সঠিক কোন তালিকা তৈরী করা যায়নি। তবে, ঝুঁকিপূর্ণ এলাকা পর্যবেক্ষণ করে ঝঁকিতে থাকা পরিবারের তালিকা তৈরি করতে দায়িত্বপালন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) মুক্তি কক্সবাজার, পালস্, ইপসা, গ্রীণকক্স, নোঙ্গর, এক্সপাউরুল, নেকম, হেলফ, কোস্ট ট্রাস এবং ওয়াল্ডভিশন। এসব সংস্থাগুলো দুর্যোগকালীণ সময়েও প্রশাসনকে সহযোগিতা করবে। অনাকাংখিত মৃতু এড়াতে কঠোর সিদ্ধান্তহ নিয়েছে জেলা প্রশাসন।
কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, ঝুকিঁপূর্ণভাবে পাহাড়ে বসবাসকারীদের সরাতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে পাহাড় ধস কমাতে হলে জনগণকে সচেতন হতে হবে। পাহাড় কাটা না কমালে পাহাড় ধস হবেই। সে কারণে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য পাহাড় কাটা বন্ধ করতে জনগণকে অনুরোধ করেন তিনি। পাশাপাশি পাহাড়ে বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেন।