জয়নাল উদ্দিন:
কক্সবাজারের সাগরতীর ঝাউবাগান থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া খবরে সোমবার (৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডস্থ পশ্চিম কুতুবদিয়া পাড়ার ঝাউবাগান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীর পরনে রয়েছে কালো বোরকা। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নও রয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা ও পুলিশ।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন- স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে ঝাউবাগান থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত ভিকটিমকে স্থানীয় কাউন্সিলরসহ এলাকার জনসাধারণকে দেখানো হয়েছে। কিন্তু কেউ পরিচয় নিশ্চিত করতে পারেনি। বর্তমানে মরদেহ সদর হাসপাতারের মর্গে রাখা হয়েছে।
ওসি বলেন- ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ইতিমধ্যে মরদেহের ছবি সকল থানায় প্রেরণ করা হয়েছে। কেউ পরিচয় শনাক্ত করলে কক্সবাজার সদর মডেল থানায় যোগাযোগের অনুরোধ জানান তিনি।