নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে এসে ‘গণধর্ষণের’ শিকার হওয়া ওই নারী অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। সে সময় একটি মামলার আসামি হিসেবে কারাগারেও গিয়েছিলেন তিনি। তবে এর কিছু দিনের মধ্যে তিনি জামিনে ছাড়া পান।
পুলিশ জানায়, অসামাজিক কার্যকলাপের অভিযোগে চলতি বছরের ৮ জানুয়ারি কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনে অভিযান পরিচালনা করা হয়। সে সময় বেআইনি ও অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৫৪ জন নারী-পুরুষকে আটক করে পুলিশ। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ওই নারীও ছিলেন। এরপর আটক হওয়া নারী পুরুষের বিরুদ্ধে ‘মানবপাচার, পতিতালয় পরিচালনা এবং পতিতাবৃত্তি ও সহায়তার’ অভিযোগ মামলা করা হয়। মামলায় ২৭ নম্বর আসামি হিসেবে ওই নারীর নাম উল্লেখ করা হয়।
তবে ওই নারীর দাবী, গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ঢাকা থেকে কক্সবাজার স্বামী-সন্তানের সঙ্গে বেড়াতে এসে গণধর্ষণের নারী শিকার হন। এমন অভিযোগে গত বৃহস্পতিবার রাতে ওই নারীর স্বামী চারজনের নাম উল্লেখ ও তিনজনকে অজ্ঞাত আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) সেলিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘তাকে (ওই নারী) আটক করার পর মানবপাচার মামলায় কারাগারে পাঠানো হয়েছিল।’
মামলার তদন্তকারী কর্মকর্তারা বলছেন, গণধর্ষনের ঘটনায় প্রধান অভিযুক্ত আশিকসহ কয়েকজন ওই নারীর পূর্ব পরিচিত। অভিযোগকারী নারী তিন মাস ধরে কক্সবাজারে আছেন বলেও জানিয়েছেন তারা।