• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

কক্সবাজারে কিশোর গ্যাং নিয়ে দুই সন্ত্রাসী বাহিনী সক্রিয়; রয়েছে দেশি-বিদেশি অস্ত্র

নিজস্ব প্রতিদেক / ১৩২৪ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৬ জুন, ২০২১

বিশেষ প্রতিবেদক

কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসেবে বেশ খ্যাতি রয়েছে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া, বাঁচা মিয়ার ঘোনা, সিকদার বাজার এলাকার, মাটিয়ারতলী, সাহিত্যিকা পল্লী, সিটি কলেজ এলাকা, বিজিবি ক্যাম্প ও জেল কারাগারের পিছনের এলাকাটি। বছরের পর বছর ধরে এসব পাহাড়ি এলাকা অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠেছে। শহরের এই অংশটুকুতে আশু আলী ও আবছার বাহিনী নামে দুটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে। এই দুই বাহিনীর কাছে বিদেশি ৭.৬৫ পিস্তল, ওয়ান শট রাইফেল ও ওয়ান শট এলজিসহ ২০টির অধিক বন্দুক রয়েছে। সক্রিয় এই বাহিনীতে প্রায় ৩০ জনের অধিক সদস্য রয়েছে বলে জনশ্রুতি রয়েছে এলাকায়। পাহাড়ি এই এলাকায় সন্ত্রাসীর অবস্থান ও অস্ত্রের মজুদ থাকার বিষয়টি গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনীও অবগত রয়েছে। তবে এসব বাহিনীর অধিকাংশ সদস্য কিশোর। যারা কিশোর গ্যাং হিসেবে পরিচিত।

অনুসন্ধানে জানা গেছে, একটি গ্রুপের প্রধান হল বিজিবি ক্যাম্প এলাকার জাফর আলমের ছেলে আশরাফ আলী ওরফে আশু আলী। যার বিরুদ্ধে অস্ত্র ও হত্যাসহ ডজনের অধিক মামলা রয়েছে। পুরো কক্সবাজারে এটি আশু আলী বাহিনী হিসেবে পরিচিত। তার বাহিনীতে রয়েছে- সমিতি বাজার এলাকার জিয়াউর রহমানের ছেলে মইনুদ্দিন, সাজিদুল হুদা, বার্মায়া মাবুদের ছেলে তারেক মুন্না, জিয়াউর রহমানের ছেলে আব্দু রহমান, দক্ষিণ পল্লানিয়া কাঠা এলাকার সৈয়দ হোসনের ছেলে আবছার, ফরেস্ট অফিসস্থ বিজিবি ক্যাম্প এলাকার আজিজ ওরফে হাত কাটা আজিজের ছেলে বাবু, সমিতি বাজার এলাকার শামশু খলিফার ছেলে কালু, চেয়ারম্যান ঘাটা এলাকার বার্মায়া কামালের ছেলে জসিম, নুরুল আলমের ছেলে মামুন, আকিব, তারেক ও হাবিব উল্লাহ। এদের মধ্যে অনেকেই কিশোর। তারা আশু আলী বাহিনীর হয়ে ওই এলাকায় অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। পুরো এলাকায় তারা কিশোর গ্যাং হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে রয়েছে অভিযোগ ও মামলাও।

প্রশাসনের একটি সূত্রে জানা গেছে, আশু আলী বাহিনীর কাছে রয়েছে আটটির অধিক বন্দুক। সবসময় তারা অস্ত্র বহন করে। বার্মায়া মিজান, সিকদার বাজার এলাকার বাবু ও গফুর সওদাগরের ছেলে ইলিয়াস তাদের অস্ত্র যোগান দেন। প্রয়োজন মতো আশু আলী বাহিনীকে অস্ত্রের যোগানদাতা হিসেবে তাদের নামও রয়েছে একটি দপ্তরে। বিষয়টি অনুসন্ধানে জানা গেছে।

অপর দিকে আশুর আলী মতো আরেকটি বাহিনীর রয়েছে রায়হান ওরফে রায়হান বাহিনী। কিছু দিন আগে আশু আলী ও রায়হান বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় রায়হান বাহিনীর প্রধান রায়হানসহ দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহত দুজনেই রায়হান বাহিনীর। বাহিনীর প্রধান রায়হান নিহত হওয়ার পর গ্রুপটি হাতে নেন আবছার। আবছার এখন রায়হান বাহিনীটি নিয়ন্ত্রণে নেন। আবছার বাহিনীতে রয়েছে আবুল বশরের ছেলে নেজাম, মিজান, আতিক, জাহাঙ্গীর, কাইছার ওরফে বাবু ও জিয়াবুল। তাদের সবার বিরুদ্ধে রয়েছে মামলাও। এই দুই বাহিনীর কাছে প্রায় ৩০ হাজার মানুষ জিম্মি রয়েছে। তাদের কাছে রয়েছে বিদেশি পিস্তলসহ দেশিয় তৈরি এলজি।

খোঁজ নিয়ে জানা গেছে, আশু আলী বাহিনীর কাছে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল রয়েছে। সম্প্রতি সময়ে ১ লাখ ১০ হাজার টাকা দিয়ে পিস্তলটি কিনেন আশু আলী। গুলি রয়েছে প্রায় ২১ রাউন্ড মতো, তার বাহিনীতে ওয়ান শট রাইফেল রয়েছে প্রায় ৪টি ও ওয়ান শট এলজি (দেশিয় তৈরি) প্রায় ৬টি মতো। এসব অস্ত্র দিয়ে তার কিশোর গ্যাং নিয়ে রাজত্ব চালিয়ে যাচ্ছে পাহাড়ি এলাকায়। নিয়মিত জমি দখল, হত্যা, ডাকাতি, অপহরণ ও ছিনতাই তাদের পেশা হিসেবে পরিণত হয়েছে।

ঠিক আবছার বাহিনীতেও রয়েছে আটটি মতো বন্দুক। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মাঝে মাঝে এই দুই বাহিনীতে চলে গোলাগুলি। সম্প্রতি দুই বাহিনীর গোলাগুলিতে দুই সন্ত্রাসী নিহত হন।

অপরাধীদের বিষয়ে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, আশু আলীর বিরুদ্ধে হত্যাসহ বহু মামলা রয়েছে। তার একটি গ্রুপও রয়েছে। যেটি কিশোর গ্যাং হিসেবে পরিচিত। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এসব অপরাধীদের গ্রেফতারের জন্য। ইতিমধ্যে অনেক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। আশা করি দ্রুত সময়ে সবাইকে গ্রেফতার করা হবে। দুর্গম এলাকা হওয়ায় অভিযান কিছুটা কষ্টকর বলে জানান তিনি।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনির উল গীয়াস বলেন, এসব এলাকার অপরাধীদের যতোক্ষণ আমাদের হেফাজতে নিতে না পারছি, ততোক্ষণ আমাদের চ্যালেঞ্জ অব্যাহত থাকবে। এটি এখন আমাদের জন্য ফরজে আইন হয়ে গেছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, এসব এলাকায় কোন সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের অস্থিত থাকবে না। দ্রুত সময়ে এই পাহাড়ি এলাকায় থানা থেকে পুলিশ মোতায়ন করা হবে এমনকি পুলিশ লাইন থেকে পুলিশও দিবো। তারা (সন্ত্রাসী) সাধারণ মানুষের ঘুম হারাম করেছে। এবার থেকে আমরা তাদের ঘুম হারাম করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন