ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজার শহরের গাড়ির মাঠ এলাকায় মোবাইল চুরির অপরাধে এক কিশোরকে গলায় জুতার মালা পরিয়ে বৈদুতিক খুটির সাথে বেধে মারধর করা হয়। এসময় কিশোরের গায়ে লিখা দেওয়া হয় ‘মোবাইল চোর আমি’। আর এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করা হয়। বিষয়টিকে অমানবিক বলছেন সচেতন মহল।
প্রাপ্ত তথ্যে জানা যায়, কক্সবাজার শহরের গাড়ির মাঠের হিন্দু পাড়া এলাকায় সুনীল দাশের ছেলে ঝুলন দাশের মোবাইল চুরি হয়। পরে সিসিটিভি’র ফুটেজের মাধ্যমে মঙ্গলবার (৩১ মে) চোর সন্দেহে এক কিশোরকে ধরে ফেলে। এরপর কিশোরকে প্রথমে ঝুলন দাশের ঘরে শিকল দিয়ে বেধে মারধর করা হয়। ওই সময় কিশোরটি স্বীকার করে মোবাইল চুরির ঘটনা। দেড়হাজার টাকায় মোবাইলটি বিক্রি করে দেয় এক দোকানদারকে। এরপর ওই কিশোরকে রাস্তায় নিয়ে যাওয়া হয়। তাকে খালি গায়ে গলায় জুতার মালা পরিয়ে বৈদ্যুতিক খুটির সাথে বেধে মারধর করা হয়। ওইসময় তার গায়ে লিখে দেওয়া হয়া ‘মোবাইল চোর আমি’। আর এই দৃশ্যগুলো ছেড়ে দেওয়া হয় ঝুলন দাশের ফেসবুকে। পরে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ঝুলন দাশ জানান, এই চুর থেকে সবাইকে সচেতন করার জন্য ভিডিও ও ছবি ফেসবুকে দেওয়া হয়েছে। এতে করে সবাই এই চোর থেকে সাবধান হতে পারবে।
শিশুদের সুরক্ষায় কাজ করা ‘সেভ দ্য চিলড্রেন’ এর কমকর্তা তাসলিমা আক্তার জানান, এই বিষয়টি খুবই অমানবিক। একজন মানুষের অপরাধের জন্য শাস্তি হতে পারে। কিন্তু এভাবে অপমানজনক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়াটা কোনভাবেই উচিৎ হয়নি। এতে তার আগামী ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এতে অনেক সময় ডিপ্রেশনে চলে যায় সম্ভাবনাময়ী একজন মানুষ।
এ ব্যাপারে কক্সবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, অপরাধের জন্য আইন আছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে ছবি-ভিডিও দিয়ে কাউকে মানক্ষুন্ন করার অধিকার কারো নেই। অভিযোগ করলে ডিজিটাল আইনে মামলা হবে।