নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের কলাতলী সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলায় ৮ জনকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে এক লাখ টাকা করে নগদ অর্থদন্ড দেওয়া হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আসামীদের উপস্থিতিতে মামলার শুনানি শেষে কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল এই রায় ঘোষনা দেন।
দন্ডপ্রাপ্তরা হলো- চট্টগ্রামের আনোয়ার উপজেলার কালু মাঝি, মো. রফিক, মো. রফিক, মো. হাসান, হাসমত আলী, নূরুল আলম আনোয়ারী, মো. নাছির ও মুজিবুল ইসলাম।
রাষ্ট্রপক্ষে আইনজীবি পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফরিদুল আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ২০১৮ সালের ৫ জানুয়ারী কক্সবাজারের কলাতলী সংলগ্ন গভীর সমুদ্র হতে ৫লাখ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব-৭। ওইদিন ৮জনকে আসামী করে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে র্যাব। পরে মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ১০ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন শুরু হয়। দীর্ঘ শুনানী ও স্বাক্ষী শেষে ৮ আসামির সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। রায় প্রদানকালে আসামীরা প্রত্যেকেই আদালতে উপস্থিত ছিলেন।