কক্সবাজার শহরের হলিডে মোড়ের একটি আবাসিক হোটেল থেকে সাইফ উদ্দিন (৪৫) নামে আওয়ামী লীগের এক নেতার দুই হাত বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে হোটেল সানমুনের ২০৮ নম্বর কক্ষ হতে তার মরদেহ উদ্ধার করা হয়।
সাইফ উদ্দিন শহরের দক্ষিণ ঘোনারপাড়ার আনসার কমান্ডার আবুল বশরের ছেলে। তিনি পৌর আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। সাইফ উদ্দিন কক্সবাজার জেলা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি কাদেরিয়া স্কুল নামে একটি প্রতিষ্ঠানের সভাপতিও ছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রবিবার বিকালে তিনি সানমুন হোটেলে রুম নিয়েছিলেন। তবে তিনি কিভাবে কখন হোটেলে মারা গেছেন সেটি জানা যায়নি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে খুন করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে হলিডে মোড় থেকে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সভা করেন।
বক্তব্যে মুজিব বলেন, সাইফ উদ্দিনকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তিনি প্রশাসনের প্রতি আহবান জানান।