কক্সবাজার সদর উপজেলায় বহুল আলোচিত পাহাড় কাটার দুই ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। মামলা দুটিতে আটজনের নাম উল্লেখ ও আরও আটজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. আবদুছ ছালাম বাদী হয়ে সোমবার (২২ জানুয়ারি) দুপুরে কক্সবাজার সদর থানায় মামলা দুটি করেন।
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. কাইছার হামিদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংশ্লিষ্ট আইনে মামলাটি নথিভুক্ত করে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
এর মধ্যে কক্সবাজার বাইপাস সড়কের কলাতলী এলাকার বিকাশ বিল্ডিংয়ের পাহাড় কাটার ঘটনায় দায়ের করা মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত রাখা হয়েছে চারজনকে। এই মামলার আসামিরা হলেন—উখিয়ার রাজাপালং এলাকার মো. ইলিয়াছ, কলাতলী আদর্শ গ্রামের শাহ আলম, লাইট হাউজপাড়ার সালামত উল্লাহ, সাহিত্যিকা পল্লী এলাকার মো. ইউনুছ, হাজিপাড়ার মো. ফয়সাল, তারাবনিয়ার ছড়ার মো. সেলিম ও কলাতলী এলাকার নুরুল আলম ভূট্টো।
অপরদিকে কলাতলীর সৈকতপাড়া এলাকায় পাহাড় কাটার ঘটনায় দায়ের করা মামলায় শুধু ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের (টুয়াক) সাধারণ সম্পাদক নুরুল কবির পাশা পল্লবের নাম উল্লেখ রয়েছে। সেখানে অজ্ঞাত রাখা হয়েছে আরও চারজনকে।