• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

কক্সবাজারে অপহরণ-মুক্তিপণে সেই আশিকের নব্য সিন্ডিকেট

আরফাতুল মজিদ: / ৫৮৮ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

পর্যটন নগরী কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল হোতা ও প্রধান আসামি আশিকুল ইসলাম ওরফে আশিক নতুন অপরাধী সিন্ডিকেট তৈরি করে দাপিয়ে বেড়াচ্ছে। ধর্ষণের ঘটনায় এক বছরের বেশি সময় কারাভোগ শেষে জামিনে বের হন দেড় মাস আগে। কারাগার থেকে বের হয়ে নতুন সিন্ডিকেট নিয়ে বেশ কয়েকটি ঘটনার জন্ম দেন ১৮ মামলার আসামী আশিক। এরমধ্যে পর্যটন এলাকা কলাতলীতে এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় গত ১২ মে আশিককে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। আশিক ছাড়াও অপহরণের ঘটনায় আরও পাঁচজনের নাম উল্লেখ রয়েছে থানায় দায়ের করা এজাহারে। এই অপহরণের ঘটনায় আজ বৃহস্পতিবার (২৫ মে) আশিকের বিরুদ্ধে রিমান্ড শুনানি দিন ধার্য্য করে আদালত। এর আগে আশিকের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ।

পুলিশ সূত্র ও অনুসন্ধানে জানা গেছে- এজাহার নামীয় ওই পাঁচজন মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে। এমনকি তারা একাধিক মামলার আসামীও। সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় কারাগার থেকে বের হয়ে মাদক কারবারিসহ একাধিক অপরাধীদের নিয়ে নতুন সিন্ডিকেট তৈরি করে পর্যটন জোনের আতঙ্ক আশিক। আশিককে কারাগার থেকে বের করার যাবতীয় খরচ এবং বিভিন্নভাবে অর্থ যোগানদাতা হিসেবে বেশি কয়েকজনের নামও রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর হাতে।

থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে- গত ৭ মে রাতে দোকানের মালামাল ক্রয়ের জন্য টেকনাফের হ্নীলা থেকে কক্সবাজার আসেন সরওয়ার কামাল নামে একব্যক্তি। রাত ১১ টার দিকে তিনি লাবণী পয়েন্টস্থ হোটেল কল্লোলের সামনে অবস্থান করেন। ওই সময় শহরের মধ্যম বাহারছড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে আশিকুর ইসলাম, আবছার, মিজান, রফিক, মো. নুরু ও ফয়সাল মিলে তার জেলে থাকা ভাইয়ের বিষয়ে কথা আছে বলে অপহরণ করে। তার ব্যবহৃত মোটর সাইকেলসহ সরওয়ারকে কলাতলীস্থ হোটেল মেরিন ইকো রিসোর্টেও ছাদে নিয়ে মুক্তিপণের জন্য অমানবিক নির্যাতন চালায়। সরওয়ারের ভাই শাহ কামালের নাম্বারে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবী করে আশিক গ্রুপের সদস্যরা। পরে আশিকের নাম্বারে ৫ হাজার টাকা বিকাশ করে শাহ আলম। এর আগে নির্যাতন চালিয়ে সরওয়ারের পকেট থেকে ১০ হাজার ৫শ টাকা ছিনিয়ে নেন তারা। এরপর অপরাধীরা ৩টি খালি স্টাম্পে জোর পূর্বক স্বাক্ষর ও মোবাইলে ভিডিও ধারণ করে হোটেল পাশে রাস্তায় ফেলে চলে যায়। এই ঘটনায় দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল সরওয়ার। গত ১২ মে ঘটনার মূলহোতা আশিকুর ইসলামকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। উদ্ধার করা হয় মোটর সাইকেলও।

মামলার বাদী সরওয়ার কামাল বলেন- লাবণী পয়েন্ট থেকে অতর্কিতভাবে আশিক ও আবছার আমাকে অপহরণ করে একটি হোটেলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে টাকা আদায় করে। ওখানে আশিক ও আবছারের সাথে আরও ৩/৪ জন যোগ দেন। তারা আমাকে ব্যাপক মারধর করেছে।

পুলিশ সূত্রে জানা যায়- আশিকের বিরুদ্ধে নারী নির্যাতন, মারামারি, অপহরণ, ছিনতাই, অস্ত্র ও ইয়াবার কারবারসহ বিভিন্ন অভিযোগের ১৮টি মামলা রয়েছে। ২০২১ সালের ২২ ডিসেম্বর স্বামী-সন্তানকে জিম্মি ও হত্যার ভয় দেখিয়ে কলাতলীর ‘জিয়া গেস্ট ইন’ নামের একটি হোটেল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই নারীকে উদ্ধার করেছিল র‌্যাব। ওই বছরের ২৬ ডিসেম্বর ঘটনার মূলহোতা ও মামলার প্রধান আসামী আশিককে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। এই ঘটনায় এক বছরের বেশ সময় কারাভোগ করে দেড় মাস আগে জামিনে বের হন আশিক।

একাধিক সূত্রে জানা গেছে- বহু মামলার আসামী আশিককে কারাগার থেকে বের করার অর্থযোগানদাতা হিসেবে রয়েছে কলাতলী উত্তর আদর্শগ্রাম এলাকার বাচ্চু, বাহারছড়ার রাসেল, জিসান ও শাহিন। এই চারজনের বিরুদ্ধেও নারী নির্যাতন, মানবপাচার, মারামারি ও মাদক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাদের আর্থিক সহযোগিতায় দেড় মাস আগে কারাগার থেকে বের হন আশিক। কারাগার থেকে বের হয়ে নতুন সিন্ডিকেট গঠন করেন তিনি। এই সিন্ডিকেটে রয়েছে তারাবনিয়ার ছড়ার আবছার, কলাতলী উত্তর আদর্শগ্রামের মিজান, মো. নুরু, লাইট হাউজ এলাকার ফয়সাল ও রফিক। এরমধ্যে আবছার, মিজান, রফিক ও মো. নুরু একাধিক অপরাধে বেশ কয়েকবার কারাভোগ করেন। তাদের বিষয়ে গোয়েন্দা সংস্থাও অবগত রয়েছে। দীর্ঘদিন ধরে এসব অপরাধীরা সংঘবদ্ধ হয়ে পর্যটন এলাকায় মাদক বিক্রি, অপহরণ ও হোটেল নিয়ে মুক্তিপণ আদায়ের মতো ঘটনার জন্ম দিচ্ছে।

এমনকি ৭ মে সরওয়ার কামালকে অপহরণের পর বাংলাবাজার এলাকার রুবেল নামে একব্যক্তিকেও অপহরণ করেছিল আশিক সিন্ডিকেট। তার কাছ থেকেও মোটর সাইকেল ছিনিয়ে নেন। পরে কক্সবাজারের শীর্ষ একব্যক্তির ফোন পেয়ে রুবেলের মোটর সাইকেল ফেরত দেন আশিক। এমনকি কারাগার থেকে বের হয়ে কলাতলীতে একটি হোটেল দখলেও অংশ নেন আশিক।

মামলার তদন্ত কর্মকর্তা কক্সবাজার সদর মডেল থানার এসআই মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন- গত ১২ মে আশিকুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। একই সাথে আশিকের বিরুদ্ধে আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ মে) রিমান্ড শুনানির দিন ধার্য্য করে আদালত।

তিনি বলেন- আশিককে গ্রেপ্তারের পর ঘটনায় যারা ছিল এমন পাঁচজনের নাম বলেছে। তবে তাদের বিষয়ে বিস্তারিত বলেনি। রিমান্ড শুনানির পর এসব অপরাধে যারা জড়িত ছিল তাদের বিষয়ে সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন- অপহরণের ঘটনায় মূলহোতা আশিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আর যারা জড়িত আছে সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। দ্রুত সময়ে তাদের গ্রেপ্তার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন