কক্সবাজার শহরের প্রবেশমূখ কলাতলী মোড়ের উত্তরে সড়কের পাশে বেশ কয়েকটি বিশাল সাইন বোর্ডে লেখা রয়েছে “এখানে গাড়ী থামানো নিষেধ, ট্রাফিক বিভাগ জেলা পুলিশ কক্সবাজার” এই লেখার মাঝে একটি প্রাইভেট হোটেলের নামও রয়েছে। ট্রাফিক বিভাগের গাড়ি থামানোর নিষেধ থাকলেও সাইন বোর্ডের সামনে-পিছনে বহু বাস পার্কিং করা হয়েছে। একই সাথে সড়কের দক্ষিণ পাশেও বাসের পার্কিং।
শহরে প্রবেশমূখ কলাতলীর সড়কের দু’পাশ এখন বেদখল হয়ে বাসস্ট্যান্ডে পরিণত হয়েছে। দু’পাশে সড়কের ওপর সার্বক্ষণিক বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানো ও নামানো হচ্ছে। একই সাথে খালি বাস গাড়িগুলোও রাস্তার দুই পাশে দাঁড় করিয়ে রাখে। ফলে অন্যান্য যানবাহন এবং জনসাধারণের চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে।
অথচ কলাতলীর একটু পরে পৌর বাস টার্মিনাল। আর ওইখানেই যাত্রি ওঠার জন্য গাড়িগুলোর নিজস্ব কাউন্টার আছে। নামার জন্য ফাঁকা জায়গাও রয়েছে। এমনকি গাড়িগুলো রাখার জন্য অনেক ব্যবস্থা রয়েছে। কিন্তু টার্মিনালে গাড়িগুলো না রেখে রাস্তার দুই পাশে প্রতিনিয়ত রাস্তায় দাঁড় করিয়ে রাখার কারণে দীর্ঘক্ষন জামজট থাকে বলে জানা যায়।
কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার বাসিন্দা মো. সাইফুল রহমান বলেন- কলাতলীর মোড়ে গেলে মনে হয়, এটি নতুন কোন বাস টার্মিনাল। রাস্তার দু’পাশে সবসময় দেখা যায় ছোট-বড় বিভিন্ন ধরণের গাড়ি পার্কিং করা হয়েছে। বিশেষ করে মোড়ের দু’পাশ বাস টার্মিনালে পরিণত হয়েছে। বড় বাস গুলো সবসময় রাস্তার পাশে পার্কিং করতে দেখা যায়।
মো. কাশেম নামে একব্যক্তি বলেন- কলাতলী রাস্তার দু’পাশে প্রায় সময় বাস গুলো দাঁড়িয়ে থাকে। এতে রাস্তা ও ফুটপাতে চলাচল করতে ব্যাপক অসুবিধা হয়।
স্থানীদের সাথে কথা বলে জানা যায়, সন্ধ্যা হলে সড়কের পাশে পার্কিং করা যানবাহনে দায়িত্বরত স্টাফদের আচরণে ব্যাপক পরিবর্তন দেখা যায়। এমনকি ওনাদের সাথে এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীদের আনাগোনাও বেড়ে যায় ।
পূরবী বাসের এক চালক জানান, আমাদের গাড়ি রাখার জন্য কলাতলীতে পার্কিংয়ের জায়গা নেই। তাই মোড়ে মোড়ে ও রাস্তার দু-পাশে গাড়ি রাখি। তবে বেশিক্ষণ রাখা হয় না ।
বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী বলেন, কলাতলীর মোড়ে প্রায় দেখা যায় সড়কের দু’পাশে বাস গুলো পার্কিং করা হয়। ঘন্টার পর ঘন্টা বাস গুলো দাঁড়িয়ে থাকে। শুক্রবার ও শনিবার বাসের সংখ্যা শতাধিকের উপরে দেখা যায়। পাশে ট্রাফিক পুলিশকেও দেখা যায়। কিন্তু সবাই চুপ। সড়ক দখল করে বেআইনিভাবে বাসগুলো সড়কের ওপর দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামা ঠিক নয়। এতে সাধারণ লোকজন এবং পর্যটকদেরও চরম ভোগান্তিতে পড়তে হয়।
বৃহৎ সামাজিক সংগঠন ‘আমরা কক্সবাজারবাসী’ সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বলেন- সড়ক ও জনপথ বিভাগ শহরের বাস টার্মিনাল থেকে কলাতলী পর্যন্ত বাইপাস সড়কের চার লেনের কাজ শেষ হয়ে অনেক আগেই। এতে সড়কটি বড় হওয়ায় বাইপাস রোডের দুই পাশে প্রতিদিন শতাধিক গাড়ি পার্কিং করে রাখা হয়। ফলে বাস টার্মিনাল থেকে কলাতলী পর্যন্ত অনেক সময় যানজট লেগে থাকে। বিশেষ করে কলাতলী মোড়ের প্রবেশপথে রাস্তা দখল করে যানবাহন রাখার কারণে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে হাঁটতেও পারেন না। এই সমস্যার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন কক্সবাজারের বাসিন্দা ও বিভিন্ন স্থান থেকে ভ্রমনে আসা পর্যটকরা।
কক্সবাজার পিপল্স ফোরামের সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন- সরকার হাজার কোটি টাকা খরচ করে মহাসড়ক নির্মাণ করলেও অবৈধ পার্কিংয়ের কারণে এর সুফল পাচ্ছে না কক্সবাজারবাসী। কক্সবাজারবাসী কেন, বিভিন্ন জায়গা থেকে আসা লাখ লাখ মানুষও এই সুবিধা ভোগ করতে পারছে না। কলাতলী মোড়ের রাস্তাটির উভয় পাশে অবৈধ দখলের কারণে চলাচলরত মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। তাই কক্সবাজারের বাসিন্দা ও আগত পর্যটকদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের স্বার্থে সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
‘কক্সবাজার সোসাইটি’ এর সভাপতি কমরেড গিয়াস উদ্দিন জানায়, কক্সবাজার মহাসড়কে চার লেনের কাজ শেষ হলেও সুফল পাওয়া যাচ্ছে না। কারণ গাড়ি সঠিক জায়গায় পার্কিং না করে রাস্তার দু-পাশে পার্কিং করা হচ্ছে। ফলে সড়ক দূর্ঘটনা ও যানজটের সৃষ্টি হচ্ছে।
এবিষয়ে কক্সবাজার ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী বলেন- আগের থেকে বর্তমানে সময়ে যানজট কমে গেছে কলাতলীর মোড়ে। বলতে গেলে যানজট নেই। সড়কের দু’পাশে পার্কিংও নেই। কারণ হচ্ছে- মোড়ের বিভিন্ন পয়েন্টে পার্কিং না করার জন্য রাস্তার উপর সংকেত ব্যবহার করা হয়েছে। যার ফলে পার্কিং ও যানজট নেই। তবে পর্যটকদের সুবিধার জন্য একটি জায়গায় মাত্র কয়েকটা বাস দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে।