ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কেশভ মহারাজ এসে নিজের ওভারের প্রথম বলটা করলেন। ঋষভ পান্ত করলেন রিভার্স সুইপ! ব্যাটের গ্রিফ ছুঁটে গেল হাত থেকে। তবে ছাড়াল বাউন্ডারি, উড়িয়ে অবশ্যই। পরের বলে তিনি আরও সাহসী। উইকেট থেকে বেরিয়ে এসে লং অফের উপর দিয়ে ছক্কা!
ডিন এলগার এগিয়ে এলেন এবার। কেশভ মহারাজের সঙ্গে কথা বলা জরুরি তার। কেন? কারণ তিনি জানেন এই উইকেটে ১২রান করা কত কঠিন, কত বল দরকার, কেমন অধ্যাবসায় প্রয়োজন। ঋষভ পান্তের সেসব ভাবার সময় থাকলে তো! ২ বলেই তিনি করে ফেললেন ১২ রান!
শট দুটো তাও কখন? বিরাট কোহলি ১৪০ বল খেলে ২৯ রান করে অন্য প্রান্তে অপরাজিত যখন। বিরুদ্ধ কন্ডিশন? আগুন ঝরানো বোলিং আক্রমণ? সতীর্থরা অন্য প্রান্তে অস্বস্তিতে ভুগছেন? রান করতে পারছেন না? ঋষভ পান্তের সেসবে কীইবা যায়-আসে! তার রান করা দরকার, তিনি করবেন। প্রতিপক্ষের মনে ভীতি ছড়িয়েই। এমন ক্রিকেটের খেলা দেখতেই তো আপনি টাকা খরচ করতে চাইবেন, না?