নিজস্ব প্রতিবেদক:
গত শনিবার (১১ জুলাই) উখিয়ার ইনানী শফির বিল এলাকা হতে শারমিন আক্তার তোফা (১৫) নামে এক স্কুল ছাত্রীর লাশ ফাঁস লাগানো অবস্থায় গাছের ডাল থেকে উদ্ধার করা করা হয়। এই ঘটনায় ওই ছাত্রীর ফুফাতো ভাইকে আটক করা হলেও পরে ছেড়ে দেয়া হয়।
তোফার পরিবারের দাবী, অভিযুক্ত নুরুল আমিন শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় তোফাকে নিয়ে যায়। এর একদিন পর তোফার লাশ পাওয়া যায়।
তোফার বড় বোন সুমি আক্তার বলেন, ‘লাশ উদ্ধারের পর আমি নুরুল আমিনের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি তোফাকে শুক্রবার নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন।’
তার পিতা আলী আহমদ জানান, তোফা ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। তার মেয়ে কখনো আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সাথে ঝুঁলিয়ে রাখা হয়েছে।
তিনি আরও জানান, তার ফুফাত ভাই নুরুল আমিনের সাথে তার দীর্ঘ ১ বছর প্রেমের সম্পর্ক ছিল। নুরুল আমিনই তাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। ঘটনার পর তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা দিই। তবে এখনো মামলা নেয়নি পুলিশ।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমদ বলেন, এ বিষয়ে আমরা যথেষ্ট আন্তরিক। প্রাথমিকভাবে এটিকে অপমৃত্যু রেকর্ড করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কাউকে আসামী করে মামলা অন্তর্ভুক্ত করা যাবে না।
তিনি আরও বলেন, ওই স্কুল ছাত্রীর মৃত্যুতে আমরা প্রকৃত কারণ জানার অপেক্ষায় আছি। তার ডিএনএ পরীক্ষা করে সে কারও দ্বারা ধর্ষণের শিকার হয়েছে কিনা তার সঠিক কারণ নির্ণয় করা হবে। তারপর সবকিছু বিবেচনা করে মামলা নেয়া হবে। তিনি আশা করেন তার পরিবার ন্যায় বিচার পাবেন।
বাংলাদেশ সময় ১৯১৯ ঘণ্টা, ১৮ জুলািই ২০২০
এফএম/আএন