কক্সবাজারের উখিয়ায় এক ‘মাদক ব্যবসায়ীর’ বাড়ির সামনে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় নুরুল আমিন ভুট্টো (২৪) নামের এক ‘মাদক ব্যবসায়ীকে’ও আটক করা হয়।
রোববার (৩০ জুলাই) ভোর সাড়ে ৫টায় উপজেলার রত্নাপালং ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবাসহ নুরুল আমিন ভুট্টোকে আটক করা হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। নুরুল আমিন ভুট্টো একই ইউনিয়নের করইবুনিয়া এলাকার মৃত আলীর ছেলে।
অভিযানে নেতৃত্ব দেওয়া ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আটক নুরুল আমিন ভুট্টো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী বলে সূত্রে জানা যায়।
ওসি জানান, আটক ব্যাক্তির বিরুদ্ধে ছয়টি মাদক মামলা রয়েছে। গত চার মাস পূর্বে সে জেল হাজত থেকে বের হয়ে পুনরায় ইয়াবা ব্যবসা শুরু করেছে বলে গোপন সূত্রে জানা যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান শেখ মোহাম্মদ আলী।