আরফাতুল মজিদ:
পারভিন আক্তার। ইয়াবা জগতের জনপ্রিয় এবং প্রসিদ্ধ এক নাম। শহরে ‘ইয়াবা পরিবার’ হিসেবে চিহ্নিত তার পরিবার। পরিবারে এমন কেউ নেই, যে ইয়াবার সাথে সম্পৃক্ত নয়। পারভিন আক্তারের আপন ভাই রফিকুল ইসলাম ইয়াবা লেনদেনের সময় বন্দুকযুদ্ধে প্রাণ হারিয়েছেন। মেয়ের জামাই ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। বর্তমানে মেয়েও মাদকসহ আটক হয়ে কারাগারে আছেন। তবে অধরা ইয়াবা রাণী পারভিন আক্তার।
ইয়াবা ব্যবসা আড়াল করতে পারভিন আক্তার শুরু করেছেন ইয়াবার টাকায় ‘ক্ষুদ্র ঋণের’ ব্যবসা। ‘আশার আলো’ নাম দিয়ে অনুমোদন ছাড়া সম্পূর্ণ অবৈধভাবে চালিয়ে যাচ্ছে ক্ষুদ্র ঋণ নামে সুদের কার্যক্রম।

চলমান করোনা সংকটে সারাদেশে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ক্ষুদ্র ঋণ আদায় বন্ধ ঘোষণা করেছে সরকার। কিন্তু ইয়াবা রাণী পারভিনের ‘আশার আলো’ নামে ওই ক্ষুদ্র ঋণের অবৈধ প্রতিষ্ঠান ঋণ আদায় বন্ধ করেনি। গ্রাহকদের জিম্মি করে নিয়মিত আদায় করছে ঋণের কিস্তি। কেউ দিতে অস্বীকৃতি জানালে তার উপর নেমে আসছে নির্যাতনের খড়গ। চরম সংকটে ঋণ পরিশোধ করতে না পেরে অনেক গ্রাহক আত্মহত্যার উপক্রমে। কিন্তু তবুও বন্ধ হচ্ছে না ঋণ আদায়। উল্টো কোথাও অভিযোগ করলে প্রাণনাশের হুমকি দিচ্ছে ইয়াবা রাণী পারিভন।
বন্ধ ঘোষণার পরও কয়েক কিস্তি আশার আলোর গ্রাহকেরা পরিশোধ করে আসলেও গত ২/৩ দিন ধরে ঋণের কিস্তি পরিশোধ করতে হিমশিম খাচ্ছে। কিন্তু পারভিনের হুমকি ধমকি থেমে নেই। কিস্তির টাকা আদায়ে বেশি বাড়াবাড়ি করায় বিষয়টি এখন ওই এলাকার সবার মুখে মুখে।
ইয়াবা রাণী পারভিন আক্তারের বাড়ি কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকায়। তার স্বামী লেটু ড্রাইভার বেশ কয়েকবছর ধরে কর্মঅক্ষম। কয়েক বছর আগেও সংসারের অন্ন জোগান দিতে ঝিনুক তৈরীর কাজ করা পারভিন আক্তার এখন কোটি কোটি টাকার মালিক। বৈদ্যঘোনার মত এলাকায় বছর দুয়েক আগে পাঁচতলা বিশিষ্ট বিলাসবহুল বাড়িও করেছেন। পারভিন আক্তারের বিলাসবহুল জীবন যাপন এলাকার মানুষকে অবাক করে দেয়। এখন ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ‘সাধু’ সাজার মিশনে নেমেছেন।
আশার আলো নামে ক্ষুদ্র ঋণের সত্যতা জানতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে বৈদ্যঘোনা এলাকার হুমায়রা নামে এক নারীর সাথে মোবাইলে কথা হয় এ প্রতিবেদকের। তিনি আশার আলো নামে ওই প্রতিষ্ঠানের একজন গ্রাহক। হুমায়রা প্রথমে অস্বীকার করতে চাইলেও পরে ক্ষুদ্র ঋণ পরিশোধের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ‘ঋণের টাকা পরিশোধ না করলে আমাদেরকে এখানে থাকতে দিবে। তাই যেকোন ভাবে টাকা জোগাড় করে পরিশোধ করতে হচ্ছে।’

হুমায়রার সাথে কথা বলার পর মুঠোফোনে যোগাযোগ করা হয় অভিযুক্ত ইয়াবা কারবারী ও আশার আলো নামে ওই অবৈধ প্রতিষ্ঠানের মালিক পারভিন আক্তারের সাথে। তিনি প্রথমে অস্বীকার করে এ প্রতিবেদকের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। কিন্তু নানা তথ্য প্রমাণাদি তুলে ধরে কথা বলায় এক পর্যায়ে স্বীকার করেন পারভিন আক্তার। তার প্রতিষ্ঠান আশার আলোর অনুমোদন আছে বলে দাবী করেন।
পারভিন আক্তার বলেন, ‘আমি ক্ষুদ্র ঋণ দিয়ে মানুষের উপকার করেছি। কারও ক্ষতি করিনি। আমি কি সরকার নাকি কিস্তি মাফ করে দেব। আমার টাকা আমি আদায় করেই ছাড়বো’।
আশার আলো নামে ওই প্রতিষ্ঠানের অনুমোদন নিয়ে নানা প্রশ্ন করা হলেও কোন উত্তর দিতে পারেননি তিনি। এক পর্যায়ে কিছুই নেই বলে স্বীকার করেন। তবে ইয়াবা ব্যবসার অভিযোগ অস্বীকার করেন।
পারভিন আক্তারের সাথে মুঠোফোনে কথা বলার ঘন্টাখানেকের মধ্যে এ প্রতিবেদকের মুঠোফোনে কল আসে পারভিন আক্তারের মেয়ের জামাই হাসান প্রকাশ ডিস হাসানের। ডিস হাসান নিউজ প্রকাশ না করতে এ প্রতিবেদককে নানা সুবিধা দেয়ার প্রলোভন দেখান।
অনুসন্ধানে জানা গেছে, পারভিন আক্তারের স্বামী অনেক বছর ধরে বেকার। পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি আর কেউই নেই। পরিবার চালাতে মেয়েদের নিয়ে ঝিনুকের মালা তৈরীর কাজ শুরু করেন পারভিন। এক পর্যায়ে ভাই রফিকুল ইসলামের হাত ধরে ইয়াবা জগতে প্রবেশ করেন পারভিন। ঝিনুক সরবরাহের আড়ালে ইয়াবা পাচার শুরু করেন। এরপর আর ফিরে থাকাতে হয়নি পারভিন আক্তারকে। অল্প কিছুদিনের মধ্যে উত্থান শুরু হয়। নির্দিষ্ট আয়ের উৎস না থাকা স্বত্বেও বিদ্যুৎ গতিতে বাড়তে থাকে সম্পদ আর টাকার পরিমাণ। বৈদ্যঘোনা এলাকায় পাহাড় কেটে পাঁচতলা বাড়ি করেছেন। ক্ষুদ্র ঋণের নামে টাকা সাদা করার মিশনে আছে প্রায় কোটি টাকা।
হোটেল মোটেল জোনের বিভিন্ন এলাকায় পার্টির কাছে ইয়াবার চালান পাচার করতে পতিতাও সরবরাহ করেন পারভিন আক্তার। পারভিন আক্তারের বাড়িতে প্রায় সময় ১০ থেকে ১৫ জন পতিতা মজুদ থাকে। তাদেরকে বিভিন্ন খদ্দেরের কাছে পাঠানোর আড়ালে হোটেল মোটেল জোনে ইয়াবার চালান পাচার করে পারভিন আক্তার।
পারভিন আক্তারের আপন ভাই রফিকুল ইসলাম ছিলেন কক্সবাজার শহরের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা কারবারিদের একজন। তার বিরুদ্ধে ইয়াবা, অস্ত্রসহ প্রায় ১৩টি মামলা ছিল। এরমধ্যে বেশিরভাগই ইয়াবার মামলা। বিভিন্ন প্রভাবশালীদের প্রশ্রয়ে বেপরোয়া ছিল রফিক। কয়েক মাস আগে কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের পাশে জঙ্গল থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এসময় সেখান থেকে ইয়াবা ও অস্ত্রও উদ্ধার করে। ওই সময় পুলিশ দাবী করেছিল, রফিক একজন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। ইয়াবা লেনদেনের সময় গোলাগুলিতে সে নিহত হয়।
পারভিন আক্তারের মেয়ের জামাই হাসান প্রকাশ ডিস হাসান ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেন। ডিস হাসানের বিরুদ্ধে বিশাল সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা পাচারের অভিযোগ আছে।
সর্বশেষ গত ৫ মে বিপুল পরিমাণ মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন পারভিন আক্তারের মেয়ে নাহিদা আক্তার। নাহিদা এখনো কারাগারে। নাহিদা মাদক ও পতিতা পাচারে শীর্ষে রয়েছে। নাহিদার সহযোগী খাজামঞ্জিল এলাকার তাহেরা।
বৈদ্যঘোনা এলাকার শিক্ষিত ও সচেতন কয়েকজন ব্যক্তি জানান, পারভিন আক্তারের পরিবার পুরো বৈদ্যঘোনাকে মাদকের আখড়ায় পরিণত করেছে। বিশেষ করে ইয়াবা এবং পতিতার গোডাউনে পরিণত হয়েছে। ইয়াবার কালো টাকায় সবকিছু তারা নিজেদের আয়ত্বে নিয়ে নেয়। কাউকে পরোয়া করেনা। পুরো সমাজটা নষ্ট করে ফেলেছে। বিশেষ করে উঠতি বয়সী অনেক কিশোর-যুবকের জীবন নষ্ট হয়ে যাচ্ছে মাদক আসক্ত হয়ে। ওই পরিবারের বিরুদ্ধে সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। এমন অবস্থা করতে হবে যেন সব ইয়াবা কারবারির জন্য দৃষ্টান্ত হয়।
তারা আরও জানান, ইয়াবা দিয়ে সমাজ নষ্ট করার পর এখন মানুষকে এলাকা ছাড়া করতে অবৈধ ও অনুমোদনহীন ক্ষুদ্র ঋণের নামে সুদের ব্যবসা শুরু করেছেন। মানুষের আর্থিক বিপদের সুযোগ কাজে লাগিয়ে তার ঋণের ফাঁদে জড়িয়ে নেন। প্রায় দুই বছর ধরে চলছে ক্ষুদ্র ঋণের এই সুদের কারবার। তার ফাঁদে পড়ে অনেক পরিবারে নেমে এসেছে ঘোর অন্ধকার।