বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার কলাতলী জোনের আলোচিত দালাল চক্রের প্রধান ক্যাডার মালেককে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। ৩০ জনের অধিক দালাল ও অপরাধী চক্র নিয়ে পর্যটন জোনে দীর্ঘদিন ধরে নানান অপরাধ কর্মকান্ড চালান মালেক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করা এবং বিভিন্ন হোটেলে নিয়ে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় প্রভাবশালীদের নিয়মিত মাসিক চাঁদা দিয়ে মালেক এই কাজ করত।
রোববার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে কক্সবাজার পয়েন্টের নীলিমা রিসোর্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম। মালেক প্রাথমিকভাবে কটেজ জোনের টর্চার সেলের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
একটি সূত্রে জানা গেছে- কলাতলী এলাকার একজন আওয়ামীলীগ নেতাকে মাসিক চাঁদা দিয়েই এসব অপর্কম চালিয়ে যাচ্ছিল মালেক।
জানা গেছে- কক্সবাজারে পর্যটকদের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি তুলে টাকা হাতিয়ে নিত একটি চক্র। কয়েক বছর ধরে এ চক্রটি পর্যটকদের যৌনপল্লিতে নিয়ে ফাঁদে ফেলে অর্থ আদায় করত। এ ছাড়া চক্রের সদস্যরা কটেজ ভাড়া করে সেখানে নিরীহ মানুষকে আটকে ভয়-ভীতি দেখিয়ে লুট করত। অটোরিকশাচালক সেজে পর্যটকদের হোটেল খুঁজে দেওয়ার নাম করে নিম্নমানের রুম দিয়ে কমিশন আদায়ের অভিযোগও রয়েছে ক্যাডার মালেকের বিরুদ্ধে। চক্রটি শেষ রাতে ডলফিন মোড়ে অবস্থান করে নিয়মিত। কলাতলী বড়ছড়া এলাকায় আলোচিত সানি হত্যা মামলারও অন্যতম আসামী ক্যাডার মালেক।
এছাড়া কক্সবাজার সমুদ্রসৈকতে ‘জেট স্কি’ থেকে ক্যাডার ভাতা নেওয়ার অভিযোগও উঠেছে মালেকের বিরুদ্ধে। চট্টপ্রামের এক মালিককে জিম্মি করে তার মালিকানাধীন ৫টি জেট স্কি থেকে প্রতিমাসে ‘ক্যাডার ভাতা’ নেন হত্যা মামলার আসামী মালেক। যদি ওই ক্যাডার ভাতা না দেওয়া হয়; তাহলে তার চক্রের মাধ্যমে হুমকি দিয়ে জেট স্কি চালাতে দেওয়া হয় না সমুদ্রে। এতে এক প্রকার বেকায়দায় পড়ে মালেককে প্রতিমাসে ১৫ হাজার টাকা দিতে হয় চট্টগ্রামের জনৈক বাবর নামে এক ব্যবসায়ীকে। এই টাকাকে সৈকতের ব্যবসায়ীরা ‘ক্যাডার ভাতা’ হিসেবে প্রচার করছে।
কয়েকজন জেট স্কি শ্রমিক বলেন- আমরা ইচ্ছা করলেও কোম্পানির জেট স্কি চালাতে পারি না। কারণ মালেক হুমকি দিলে সবাই ভয় পায়। তার কথা না শুনলে ব্যাপক মারধর করে। বীচ বাইক সমিতির অফিসে বা কক্স ঢুডে রোডে নিয়ে গিয়ে মারধর করে। অথচ জেট স্কিতে কিছুই নেই তার। হুমকি দিয়ে জেট স্কি’র কোম্পানি থেকে ক্যাডার ভাতা নেন মালেক। এসব ঘটনা সুগন্ধা পয়েন্টের সবাই অবগত রয়েছে। কিন্তু মালেকের কাছে সবাই অসহায়। তার নির্যাতনকে ভয় পায় সাধারণ শ্রমিকরা। যেখানে কোম্পানিও অসহায় সেখানে আমরা সাধারণ শ্রমিক। তার কথা না শুনলে পথেঘাটে মারধর করবে।
আরও পড়ুন:
সৈকতে ম্যাজিস্ট্রেট ও বীচ কর্মীর হুমকি দিয়ে চাঁদা নেন ‘ক্যাডার মালেক ও হিরু’