বিশেষ প্রতিবেদক
কক্সবাজার বাহারছড়া এলাকার সন্ত্রাসী আশিকুর ইসলাম আশিকের বিরুদ্ধে প্রায় ১৭টি মামলা রয়েছে। আশিকের প্রধান অপকর্ম হলো ছিনতাই। তাকে সবাই ছিনতাইকারী হিসেবে চিনেন। এমনকি আশিকের বড় ভাই আরিফুল ইসলাম আরিফও একজন শীর্ষ ছিনতাইকারী বলে জানা গেছে। আরিফের বিরুদ্ধেও রয়েছে মামলা। এমনকি আশিকের মতো কটেজ জোনেও নিয়মিত চাঁদা আদায় করে আরিফ। তারা বাহারছড়া এলাকার মৃত করিমের ছেলে।
প্রতিবেশিদের সাথে কথা বলে জানা গেছে- আরিফুল ইসলাম, আশিকুর ইসলাম ও বাবুল তারা তিন ভাই। এরমধ্যে এলাকায় ছিনতাইকারী হিসেবে পরিচিত রয়েছে আশিক ও আরিফের। আশিকের আগেই ছিনতাই কাজ শুরু করে তার বড় ভাই আরিফ। তবে বেপরোয়া অপকর্মে বেশ আলোচনায় আসে আশিক।
কক্সবাজার কটেজের এক ম্যানেজার বলেন- প্রতি শুক্রবার বেশ কয়েকটি কটেজ থেকে চাঁদা নিতে আসে একদল চিহ্নিত ছিনতাইকারী ও সন্ত্রাসী। এরমধ্যে শীর্ষ রয়েছে আশিক। একই সাথে আশিকের ভাই আরিফও নিয়মিত চাঁদা নিতে আসে।
পুলিশ সূত্র জানিয়েছে, কিশোর বয়সেই অপরাধ জগতে পা রাখে আশিক। ২০১১ সালের ২০ আগস্টে তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মারামারি আইনে প্রথম মামলা হয়। এর ১০ মাস পর ২০১২ সালের ২০ জুলাই একই থানায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়। ২০১৪ সালের ১৪ জানুয়ারি একই ধারায় আরেকটি মামলা, একই বছরের ১৫ সেপ্টেম্বর ডাকাতির চেষ্টার দায়ে একটি, অস্ত্র আইনে একটি এবং হত্যা প্রচেষ্টার দায়ে আরেকটি মামলা হয়। ২০১৫ সালের মার্চে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। ওই বছরের নভেম্বরে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়। ওই মাসেই ডাকাতির মামলাও হয় তার বিরুদ্ধে। এরপর ২০১৮ সালের সেপ্টেম্বরে ডাকাতি আইনে আবারও মামলা হয়। ওই বছরের অক্টোবরে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এই সন্ত্রাসীর বিরুদ্ধে। গত জুনে আশিকের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়। নভেম্বরে হয়েছে ডাকাতি মামলা। সর্বশেষ ২৩ ডিসেম্বর গৃহবধূকে ধর্ষণে মামলা হয়েছে তার বিরুদ্ধে।
এদিকে গত বুধবার গণধর্ষণের পর আশিক পলাতক থাকার সাথে সাথে আরিফও আত্মগোপনে চলে। এখনো আত্মগোপনে রয়েছে ছিনতাইকারী আরিফুল ইসলাম।
আরও পড়ুন: