কক্সবাজার অফিস
কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় গ্রেফতার টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস জামিন আবেদন করেছেন। রোববার (১৩ জুন) বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈলের আদালতে তার জামিন শুনানি শুরু হয়েছে।
এর আগে ১০ জুন ওসি প্রদীপেরর আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন এ জামিন আবেদন করেন। এ আবেদনের শুনানি করতে আজ রোববার (১৩ জুন) কক্সবাজার আদালতে এসেছেন অ্যাডভোকেট রানা দাশ গুপ্তের নেতৃত্বে একটি আইনজীবী প্যানেল।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ওসি প্রদীপের আইনজীবী জামিন আবেদন করেন। পূর্বে নির্ধারিত সময় না থাকলেও আসামি পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে শুনানি হচ্ছে। এর আগে বৃহস্পতিবার (১০ জুন) চট্টগ্রাম কারাগার থেকে প্রিজনভ্যানে করে কক্সবাজার কারাগারে আনা হয় ওসি প্রদীপকে।
আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় ২০২০ সালের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাসসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম।
ওই বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
এ ঘটনায় গত ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান আসামি করে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসসহ নয়জন পুলিশ সদস্যকে আসামি করা হয়। আদালত মামলাটির তদন্ত করার আদেশ দেন র্যাবকে।
এরপর গত ৬ আগস্ট প্রধান আসামি লিয়াকত আলী ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসসহ ৭ পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন।