কক্সবাজারে চিরকুট লিখে নিজ কক্ষে সিলিংফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বৃষ্টি দাশ (২০) নামে এক কলেজছাত্রী। বুধবার (২৯ নভেম্বর) সকালে শহরের আই বিপি রোডস্থ হরিজন পাড়ায় নিজ বাসা থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে চিরকুটে উল্লেখিত যুবক বাবু দাশের সঙ্গে বৃষ্টির প্রেমের সম্পর্ক ছিল। বৃষ্টি ওই এলাকার বাবুল দাশের মেয়ে। তিনি কক্সবাজার কমার্স কলেজের দ্বাদশের ছাত্র।
পরিবার ও এলাকাবাসীর জানান, বাবু দাশের সঙ্গে দীর্ঘদিন ধরে বৃষ্টির প্রেমের সম্পর্ক ছিল। হয়তো তার সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। তার মরদেহের পাশেই চিরকুটে বাবু দাশের কথা উল্লেখ ছিল। সেখানে লেখা ছিলো ঘাতক বাবুকে ধরলে পুরো ঘটনা জানা যাবে।
চিরকুটে যা লেখা ছিল:
‘বাবু তুমি আমার সঙ্গে যা করলে ভাল করলে না। তুমি আমার সঙ্গে এসব করবে কোনদিন ভাবিনি, যাক এখন যা করলে তা ভাল করলে না। তুমি তোমার বন্ধুর জন্য আমাকে নষ্ট করেছো। বাজি ধরছে যে, আমাকে দিয়ে ধর্ম মান-সম্মান নষ্ট করলে আমার। দেখাবো আমাকে নিয়ে খেলবে, ঠিকই খেলছে আমার জীবন কে নিয়ে। খেলে কি পেয়েছো বলো? আমি তোমার জন্য কিনা করি নাই? দিন শেষে তুমি আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিলে! আমাকে বলতে পারতে, আর তুমি আমাকে বিয়ে করার আশ্বাস দিয়ে কতো কিছু না করছো! আমার মা-বাবা যদি কোনো বিচার না পায়, তাহলে ভগবান করবে। আর আমার অভিশাপ তোমার গায়ের উপর পরবে। ভাল থেকো আমার বাবু। আর বাবু আমার সাথে যা করেছে তা বাবুর বন্ধুরা জানে। তার বন্ধু রনি, রনিকে ধরলে জানতে পারবে।’
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।