কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া রাস্তার মাথা থেকে অস্ত্র-গুলিসহ মো. সোহেল’কে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। ১০ অক্টোবর সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা তাকে আটক করে। আটক রোহিঙ্গা সোহেল উখিয়া কুতুপালং রেজিস্টার ক্যাম্পের ব্লক-সি এ রনবী হোসেনের ছেলে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বার্তায় র্যাব এই তথ্য জানান।
র্যাব জানান- র্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উখিয়া বাজারের দক্ষিণ ষ্টেশন এলাকায় একজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং ক্যাম্পের চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আভিযানিক দল উখিয়া বাজারের দক্ষিণ ষ্টেশনে ফলিয়া পাড়া রাস্তার মাথায় পৌঁছালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মো. সোহেল গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হেফাজতে থাকা ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক (এলজি) এবং ১ রাউন্ড ১২ বোরের (শর্টগানের) কার্তুজ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী জোরপূর্বক বাস্তুচ্যুত পার্শ্ববর্তী দেশের নাগরিক। সে উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অস্ত্র-গুলি সংগ্রহ এবং এ সকল অবৈধ অস্ত্র তার হেফাজতে রেখে স্থানীয় এলাকায় বিভিন্ন সন্ত্রাসীদের নিকট বিক্রয় করতো বলে জানায়।