মসজিদের নির্মান কাজ ভালো করে করতে বলায় ঠিকাদার ও ঠিকাদারের লোকেরা দিনদুপুরে হামলা ও মারধর করেছে খোদ মসজিদ কমিটির সহসভাপতি এডভোকেট আয়াছুর রহমানকে। মসজিদের ভেতর এই হামলা ও মারধর করা হয়। এসময় আহত হন চারজন।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল ৩ টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন নির্মানাধীন কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। মসজিদের পিলারের কিউরিং ভালো করে করতে বলায় তার উপর এ হামলা চালানো হয় বলে জানান এডভোকেট আয়াছুর রহমান।
এ ঘটনায় আহত অপর আইনজীবী আব্দুল মান্নান জানান, মসজিদের ভেতরে এ হামলা হয়। তার একজন জুনিয়র আইনজীবী হাত না দিলে হামলাকারীর ছুরি এডভোকেট আয়াছুর রহমানের পেটে ঢুকে যেতো।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ডা: মাহাবুবুর রহমান দায়ীদের আইনের আওতায় আনার দাবী জানান। এই ঘটনায় স্থানীয় জনতা ও আইনজীবীরা হামলাকারী ঠিকাদার মনজুরকে পুলিশের কাছে সোপর্দ করেছে। এসময় পুলিশ অভিযান চালিয়ে ঠিকাদারসহ ৬ জনকে আটক করে। এদিকে এ ঘটনায় মামলা দায়েরের কথা জানান আহত এডভোকেট আয়াছুর রহমান।
আয়াছুর রহমানসহ চার আইনজীবী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানা গেছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন- ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ অভিযান চালিয়ে ঠিকাদারসহ ছয়জনকে আটক করেছে। এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা যায়- কক্সবাজার শহরের প্রান কেন্দ্রে ধর্ম মন্ত্রণালয়ের মডেল মসজিদ নির্মান প্রকল্পের আওতায় গনপূর্ত বিভাগ মসজিদটি নির্মান করছে। এ মসজিদের ঠিকাদারের অবহেলায় মসজিদ নির্মান নির্ধারিত সময়ে না হওয়ায় মুসল্লীদের রয়েছে ক্ষোভ এবং নির্মান কাজ তদারকি করতে যাওয়ায় মসজিদ কমিটির সহসভাপতি এডভোকেট আয়াছুর রহমানের উপর এ হামলায় জেলাব্যাপী নিন্দার ঝড় উঠেছে।