বিশেষ প্রতিবেদক:
করোনা সংকটেও থেমে নেই কক্সবাজার দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার নুরুল আলম কোম্পানির ইয়াবা পাচার। ইয়াবাসহ আটকের পর বের হয়ে ফের ইয়াবা কারবারে জড়িয়ে গেছেন এই কোম্পানি। ইতিমধ্যে ইয়াবা গডফাদার হিসেবে নিজেকে শীর্ষ স্থানে নিয়ে গেছে নুরুল আলম কোম্পানি। পরিবারের সদস্যদের নিয়ে নিজেই গড়ে তুলেছেন ইয়াবা সিন্ডিকেট
পুলিশের খাতায়ও ইয়াবা কারবারি হিসেবে নুরুল আলম কোম্পানীর নাম রয়েছে। কিছুদিন আগেও ইয়াবা বিক্রির সময় নুরুল আলম কোম্পানীর দুই সহযোগিকে আটক করেছিলেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন।

রুমালিয়ারছড়ার আরেক ইয়াবা গডফাদার জাফর আলম। আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ির কারণে তিনি বেশ কিছুদিন ধরে আত্মগোপনে আছেন। তবে তার সদস্যরা প্রকাশ্যে থেকে নিয়মিত ইয়াবা কারবার চালিয়ে যাচ্ছে। আত্মগোপনে থেকে ইয়াবার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন। তাদের নেতৃত্বে রুমালিয়ারছড়া এলাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইয়াবা ব্যবসায়ীদের দৌরাত্ম্য। কোনভাবেই থামানো যাচ্ছে না তাদের। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে কৌশলে চলছে তাদের অপকর্ম। পুলিশের একটি সূত্র থেকে এব্যাপারে অনেক তথ্য পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মাথা চাড়া দিয়ে উঠেছে দক্ষিণ রুমালিয়ারছড়ার শক্তিশালী কয়েকটি ইয়াবা সিন্ডিকেট। সিন্ডিকেটগুলো পর্যটন শহরকে ইয়াবার স্বর্গরাজ্যে পরিণত করেছে। কতিপয় প্রভাবশালী মহলকে ম্যানেজ করে ওই সিন্ডিকেটের সদস্যরা দেদারছে করে যাচ্ছে ইয়াবা বাণিজ্য। টেকনাফ থেকে নানা পন্থায় ইয়াবা এনে শহরসহ দেশের বিভিন্ন প্রান্তে পাচার করছে তারা। প্রশাসনের একটি দপ্তর ইয়াবা কারবারির বিষয়ে সত্যতাও স্বীকার করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এখানকার ইয়াবা সিন্ডিকেটের মধ্যে অন্যতম হোতা খলিল প্রকাশ তোতা খলিলের পুত্র জাফর আলম। দীর্ঘদিন ধরে আন্ডারগ্রাউন্ডে থেকে তিনি তার ইয়াবা সাম্রাজ্য পরিচালনা করে। টেকনাফ থেকে মাছের ট্রাক নিয়ে জাফর আলম ইয়াবার চালান আনে বলে জানা গেছে। একচেটিয়াভাবে তিনি ইয়াবা পাচার করলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে এখনও। তবে পুলিশের ভাষ্যমতে, জাফর নজরদারিতে রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।
দক্ষিণ রুমালিয়ারছড়ার অন্যান্য ইয়াবা সিন্ডিকেটের মধ্যে গডফাদারের তালিকায় রয়েছে নুরুল আলম কোম্পানী, সাহাব উদ্দিন প্রকাশ বাবু, ইসমাঈল, মান্নান, হেলাল, ফারুক, জিসান, জাহাঙ্গীর. এবিসিঘোনা এলাকার আব্দুল্লাহ অন্যতম। এদের মধ্যে কিছুদিন আগে নুরুল আলম কোম্পানীর এক সহযোগীকে ইয়াবাসহ আটক করেছিল র্যাব। এই ঘটনার পর বেশ সতর্কে পা ফেলছে চিহ্নিত ইয়াবা কারবারি নুরুল আলম কোম্পানী। এলাকায় খুুচরা ইয়াবা ব্যবসায়ী হিসেবে বেশ সমাদৃত মান্নান। খুচরা ইয়াবা বিক্রি করে অল্পতে সে আঙ্গুল ফুলে কলা গাছ বনেছে। তার ইয়াবা ক্রেতার তালিকায় অনেক ভিআইপিও রয়েছে বলে খবর পাওয়া গেছে।
এবিসি ঘোনার আব্দুল্লাহ গত দুই বছর বেপরোয়া ইয়াবা কারবার করে কোটিপতিতে পরিণত হয়েছেন। অল্প সময়ের মধ্যে আলিশান ভবন, ১২ থেকে ১৫ টি গাড়িসহ অঢেল সম্পদের মালিক বনেছেন। তাকে গ্রেপ্তার করতে পুলিশ বেশ তৎপর রয়েছে। এছাড়া বাকিরাও গোপনে ইয়াবার রাজ্য পরিচালনা করছে। তাদের কালো টাকার দাপটের সামনে অসহায় এলাকাবাসী।
ইতিমধ্যে জাঙ্গাহীরের ১০ হাজার ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রামের নতুন ব্রীজ এলাকায় আটকও হয়েছিল নুর মোহাম্মদ ও লাল বুড়ার ছেলে মো. হোসেন।
এবিষয়ে রুমালিয়ারছড়াস্থ শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন বলেন, ইয়াবা কারবারিরা খুব কৌশলী। সবসময় মাদকও বহণ করে না। তবে তারা আজ না হয় কাল আটক হবে। তাদের বিষয়ে অনেক তথ্যও রয়েছে। এসব কারবারে কারা জড়িত সবাই চিহ্নিত।
কক্সবাজার সদর থানার ওসি ছৈয়দ মো. শাহজাহান কবির বলেন, যে যত বড় গডফাদার হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে রুমালিয়ারছড়া এলাকা থেকে অনেকজনকে আটক করা হয়েছে। এসব মাদক কারবারিদের বিষয়ে পুলিশের নজরদারীও বাড়ানো হয়েছে।
দক্ষিণ রুমালিয়ারছড়ার একাধিক ব্যক্তি জানান, এই এলাকা এখন ইয়াবা কারবারিদের ঘাঁটিতে পরিণত হয়েছে। তাদের অত্যাচারে অতিষ্ট সাধারণ মানুষ। করোনারকালে ইয়াবা পাচার আমাদের ভাবিয়ে তুলেছে। মানুষ কতটা নিচে নামলে এমন সময়ে অপরাধগুলো করে? নতুন নতুন কৌশলে চিহ্নিত মাদক পাচারকারীরা এখনো সক্রিয় রয়েছে।
তবে রুমালিয়ারছড়া এলাকায় পুলিশ ফাঁড়ি হওয়ায় আগের চেয়ে কিছুটা অপরাধীদের বিচরণ কমেছে। সেই সাথে মাদক কারবারিরাও আতঙ্কে রয়েছে। অনেক চিহ্নিত কারবারি আত্মগোপনেও চলে গেছে। নিয়মিত পুলিশের অভিযান অব্যাহত থাকলে এসব মাদক কারবারিরা সমাজ থেকে নির্মূল হবে দ্রুত সময়ে।
বাংলাদেশ সময় ১৮৩৫ ঘণ্টা, ১২ জুলাই ২০২০
আএম/আএন