নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরের পূর্ব কলাতলীর চন্দ্রিমা মাঠে একটি এলপি গ্যাসের দোকানে ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
কনিবার (২ অক্টোবর) বিকালে কলাতলীর চন্দ্রিমা মাঠ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ব্যবসায়ী সোহেল মো. মহসিন, ঝরঝরিকুয়া সমাজ কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ছৈয়দ আবুল কাসেম মাস্টার, আয়ুব সওদাগর, ছালেহ আহমদ সওদাগর, প্রবাসী ছৈয়দ নুর বক্তব্য রাখেন।
বক্তারা ব্যবসায়ী নুর মোহাম্মদ এর উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত চিহ্নিত সন্ত্রাসী একরামকে গ্রেফতারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, চিহ্নিত সন্ত্রাসী একরাম একজন ইয়াবা কারবারি, মাদকাসক্ত এবং কিশোর গ্যাং লিডার। সে কয়েকজন উশৃংখল কিশোরকে নিয়ে বাহিনী তৈরী করে এলাকায় চাঁদাবাজি, চুরি, ছিনতাই, অপহরণ, ইভটিজিং, মারধর, হামলা ও ভাংচুর চালিয়ে ত্রাস সৃষ্টি করে আতঙ্ক তৈরী করেছে।
প্রকাশ্যে রাস্তায় ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গিয়ে মদ পান করে অকথ্য ভাষায় গালিগালাজ করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। এর আগে গত বৃহস্পতিবার সকালে চিহ্নিত সন্ত্রাসী একরামের নেতৃত্বে ৪/৫ জনের একদল অস্ত্রধারী মাদকাসক্ত অবস্থায় চন্দ্রিমা মাঠের এলপি গ্যাস ব্যবসায়ী নুর মোহাম্মদ এর দোকানে প্রবেশ করে নুর মোহাম্মদকে মারধর ও লাঞ্ছিত করে। পরে দোকানে ভাংচুর ও লুটপাটের চেষ্টা করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। ওই অবস্থায় ব্যবসায়ী নুর মোহাম্মদকে খুন করবে, মাদরাসা পড়–য়া মেয়ে ও ব্যবসা প্রতিষ্টানের ক্ষতি করবে বলে হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় ব্যবসায়ী নুর মোহাম্মদ ওই দিনই কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।