কক্সবাজার অফিস
রবিউল হাসান ওরফে মহিউদ্দিন। মাত্র ২১ বছর বসয়ী তরুণ। এলাকার সবাই তাকে মদন হিসেবে চিনেন। নেই কোন পড়ালেখা, নেই কোন দৃশ্যমান ব্যবসা বা চাকরি। তবে কক্সবাজার সমুদ্রসৈকতের মৌসুমী ক্যামরাম্যান। কিন্তু তার জীবন-যাপন আলিশান। নিত্যনতুন বাইক হাকান নিয়মিত। প্রতিটি দামি বাইক তার হাত দিয়েই চলে। রহস্যজনক এই যুবকের আয় ও চলাফেরা নিয়ে এলাকার অনেকেই অবাক। দৃশ্যমান কোন আয় বা ব্যবসা না থাকলেও কিভাবে নামি-দামি বাইক বা আলিশান চলাফেরা সম্ভব। তার এমন জীবন-যাপনের উৎস খুঁজতে গিয়ে বের হয়ে এসেছে মাদকের ছোঁয়ায় এই মদনের বদল হয়েছে।
মদন কক্সবাজার শহরের ৯নং ওয়ার্ডস্থ ঘোনা পাড়া এলাকার নুরুল আলমের ছেলে। নুরুল আলম একজন খুচরা মাছ ব্যবসায়ী। সাগরতীর বা নদীতে জাল দিয়ে প্রতিদিন কয়েক কেজি মাছ যোগার করেন নুরুল আলম। এসব মাছ ঘোনার পাড়া বা বিভিন্ন ভ্রাম্যমান বাজারে বিক্রি করে আয় করেন দৈনিক ৫০০ টাকা থেকে ৭০০ টাকা পর্যন্ত। অল্প আয়ের পরিবারে মদনের এমন উত্থানে পিছনে রয়েছে অনেক জনের হাত। খোদ মদনের বোন রোকসানা আক্তারের নামও উঠে এসেছে বিভিন্ন জায়গায়।
খোঁজ নিয়ে জানা গেছে, মহিউদ্দিন ওরফে মদন ইয়াবা ট্যাবলেট পাচারকারী। ব্যবসায়ীদের ইয়াবা এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করার কাজ হল মদনের। নিজের বোন রোকসান আক্তারের সূত্র ধরে মদন পাচার করে ইয়াবা ট্যাবলেট।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রোকসানা আক্তারের বিয়ে হয়েছিল টেকনাফে। বিয়ের কয়েক বছর পর তাদের সংসার ভেঙে যায়। এরপর থেকে রোকসানা বাপের বাড়ি কক্সবাজার ঘোনার পাড়ায় থাকেন। কিন্তু তিনি কৌশলে নাগাল পান ইয়াবা কারবারির। টেকনাফ থাকার সুবাদে পরিচিত হয় অনেক ইয়াবা কারবারিদের সাথে। এমনকি নিজের শ^শুর বাড়ির অনেকেই ইয়াবা কারবারে ছিল জড়িত। কক্সবাজারে আসার পর রোকসানা জড়িয়ে পড়ে ইয়াবা কারবারে। নিজস্ব সোর্সের মাধ্যমে টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট এনেই নিজের ভাই মহিউদ্দিন ওরফে মদনের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাচার করে যাচ্ছে। নিজের দামি বাইক নিয়ে কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় বোনের ইয়াবা পাচার করে যাচ্ছে মদন। এছাড়া রোকসানার সাথে জড়িত রয়েছে শহরের আরেকটি ইয়াবা ব্যবসায়ী পরিবার। আলমগীর ও এমদাত নামে দুই সহোদরের সাথে ইয়াবা ব্যবসা রয়েছে রোকসানা ও মদনের। আলমগীর ও এমদাত কয়েক বছর ঘোনার পাড়া এলাকায় ভাড়া বাসায় ছিল। এরপর আলমগীর ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকায় আটক হয়েছিল। বড় ভাই আটকের পর ছোট ভাই ইমদাত গত বছর কক্সবাজার সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে ৫ হাজার ইয়াবাসহ আটক হন। বর্তমানে তারা জামিনে বের হয়ে ফের ইয়াবা কারবার চালিয়ে যাচ্ছে। ঘোনার পাড়া থেকে বাসা ছেড়ে দিয়ে তারা এখন ফ্ল্যাট নিয়েছে বাহারছড়া এলাকায়।
একটি সূত্রে জানা গেছে, এমদাতের সাথে নিয়মিত যোগাযোগ রয়েছে মদনের বোন রোকসানার সাথে। এমনকি তারা দুজনের রয়েছে প্রেমের সর্ম্পকও। ইয়াবা ব্যবসার সূত্র ধরে সর্ম্পক হলেও তারা এখন প্রেমিক- প্রেমিকা। অনেকেই বলছে ইয়াবা ব্যবসায়ে বেইমানি না করার জন্য তারা বনে গেছে প্রেমের সর্ম্পকে। ভাই বোন ও প্রেমিক-প্রেমিকা মিলেই তাদের ইয়াবা কারবার চলছে জমজমাটভাবে। তাদের এসবের পিছনে রয়েছে গফুর নামে একব্যক্তি। গফুর ও গফুরের স্ত্রীও তাদের সাথে ইয়াবা কারবারে জড়িত রয়েছে বলে জানা গেছে। বিভিন্ন মাধ্যমে গফুরের নামও উঠে এসেছে। তবে গফুরের ঠিকানা জানা যায়নি।
ঘোনার পাড়া এলাকার কয়েকজন বাসিন্দা জানান, নুরুল আলম খুচরা মাছ বিক্রেতা। প্রতিদিন সর্বোচ্চ ৫০০ টাকার মাছ বিক্রি করেন হয়ত। তার বিষয়ে এলাকার সবাই অবগত। কিন্তু তার ছেলে মদন নিত্যনতুন নামি-দামি বাইক হাকান। কিছুদিন পরপরেই বদলান বাইক। বর্তমানে ৩ লাখ টাকা দামের বাইক হাকাচ্ছে। তার নেই কোন চাকরি বা ব্যবসা। মাঝে মাঝে সমুদ্রসৈকতে ক্যামরাম্যান হিসেবে যেতে দেখা যায়। তাও নিয়মিত নয়। আর কোন আয়ের উৎস নেই তাদের। কিন্তু দুইতলা করে ভবনও করেছে। দৃশ্যমান আয় বা ব্যবসা কিছুই না থাকলে কিভাবে দামি গাড়ি বা বহুতল ভবন নির্মাণ করেছে? তাদের বিষয়ে পুরো এলাকাবাসী অবাক। তবে মদনের বোন রোকসানার সূত্র ধরেই ইয়াবা ট্যাবলেটের ছোঁয়ায় তারা আজ বহু সম্পদের মালিক বলে এলাকায় প্রচার রয়েছে। এলাকার বেশ কয়েকজন চিহ্নিত ব্যক্তি বা যুবকদের নিয়মিত মাসোহারা দিয়েই নিরবে চালিয়ে যাচ্ছে ইয়াবা কারবার। অনেকেই বলছে মাদকেই বদল হয়েছে মদনের।
এবিষয়ে মহিউদ্দিন ওরফে মদনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। এতে তার বক্তব্য পাওয়া যায়নি। মুঠোফোনে এমদাত বলেন, আমি হোটেলের ব্যবসা করি। এরপর একটু পরে ফোন দিচ্ছি বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
কক্সবাজার পুলিশের একটি সূত্রে জানা গেছে, শহরের প্রতিটি এলাকায় অনেক মাদক কারবারির জম্ম হয়েছে। ইতিমধ্যে প্রতিটি ওয়ার্ডে মাদকের সাথে জড়িতদের তালিক প্রায় শেষ পর্যায়ে। মামলা বা অভিযোগ নেই এমন অনেকের নামও পাওয়া গেছে, যারা মাদকের সাথে জড়িত। এমনকি নারীও রয়েছে। তারা সবাই নজরদারীতে আছে।
কক্সবাজারের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান বলেন, মাদক কারবারিদের তালিকা করা হচ্ছে। এখন নতুন নামও তালিকায় সংযুক্ত করা হচ্ছে। তালিকাভুক্ত অনেকেই কারাগারে আছে। আবার অনেকেই জামিনে বেরিয়ে পুনরায় ইয়াবা কারবারে জড়িয়ে পড়েছে। তাদেরও কাউকে কাউকে ফের গ্রেফতার করা হয়েছে। যারা বড় কারবারি তারা এলাকায় থাকে না। প্রতিদিনই নতুন নতুন মাদক কারবারি তৈরি হচ্ছে, ধরাও পড়ছে। শুধু বিক্রেতা নয়, মাদক কারবারে অর্থ লগ্নিকারী, পৃষ্ঠপোষক, সংরক্ষক, বহনকারী, খুচরা বিক্রেতা ও ক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত আইন প্রয়োগ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান।