বিশেষ প্রতিবেদক
অধরা থেকেই ১০০ কেজি ইয়াবা মামলার চার্জশীটভুক্ত আসামী কক্সবাজার শহরের মোহাজের পাড়া এলাকার জয়নাল আবেদিন ওরফে জয়নাল চালিয়ে যাচ্ছে ইয়াবা কারবার। ১০ লাখ ইয়াবাসহ চট্টগ্রামে আটকের পর দীর্ঘদিন কারাগারেও ছিল জয়নাল। কারাগার থেকে বের হয়েও থেমে নেই তার ইয়াবা কারবার। জয়নাল শহরের ১০নং ওয়ার্ড মোহাজের পাড়া এলাকার মৃত জাফর আলমের ছেলে এবং কলাতলী ঝরঝরি এলাকার আলোচিত ইয়াবা কারবারি মুফিজের (বন্দুকযুদ্ধে নিহত) মামাতো ভাই। মিয়ানমার থেকে সাগরপথে ইয়াবা পাচারের একটি বড় সিন্ডিকেট হল জয়নালের। সেই জয়নাল এখন প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে ইয়াবা ব্যবসা।
মামলার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৬ জানুয়ারি ভোরে র্যাব-৭ চট্টগ্রাম বন্দর থেকে একটি ফিশিং বোট তল্লাশি করে ১০ লাখ ইয়াবা ট্যাবলেট (১০০ কেজি) উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ কোটি টাকা। মিয়ানমার থেকে সাগর পথে ইয়াবা বহণকারী বোটটি চট্টগ্রাম বন্দরে পৌঁছলে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। ইয়াবা উদ্ধারের ঘটনায় চট্টগ্রাম পতেঙ্গা মডেল থানায় একটি মাদক মামলাও দায়ের করেন র্যাব-৭। যার মামলা নং-৩। তারিখ ৬/১/২০১৬ ইং।
ওই মামলার ধৃত আসামীরা হলেন কক্সবাজার শহরের বড়ছড়া সরকারি আশ্রয়ণ কেন্দ্রের মৃত নজির হোসেনের ছেলে আব্দুস সালাম ওরফে সালাম মাঝি (২২), ভোলা জেলার চরফ্যাশান ইউনিয়নের মৃত আব্দুর রশিদ তালুকদারের ছেলে মো. শফিক ওরফে শফি (৩৭), কক্সবাজার দরিয়ানগর বড়ছড়া এলাকার রোহিঙ্গা নাগরিক মৃত আব্দুর করিমের ছেলে রহিম উল্লাহ ওরফে রহমল্লাহ (৩৫), দরিয়ানগর বড়ছড়া এলাকার রোহিঙ্গা নাগরিক সোলতান আহমদের ছেলে কামাল হোসেন ওরফে কামাল (৪২), কক্সবাজার মোহাজের পাড়া এলাকার মৃত জাফল আলমের ছেলে জয়নাল আবেদিন, দক্ষিণ কলাতলী হিমছড়ি রোড়ের আব্দুল গণি বাড়ির আব্দুল গণির ছেলে মো. ছৈয়দ আলম ওরফে ছৈয়দ (৩১), মোহাজের পাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে রবিউল আলম ওরফে কারেন্ট মিস্ত্রি লালু (২৬), উখিয়া রাজাপালং উত্তর পুকুরিয়া এলাকার কামাল উদ্দিন মিস্ত্রির ছেলে মো. ইসলাম মামুন ওরফে মামুন (২৮) ও দক্ষিণ কলাতলী হিমছড়ি রোড়ের ফজলুর হক ওরফে ফজল হকের ছেলে মোস্তাক আহমদ ওরফে হাজী মুফিজ (৩০) (বন্দুকযুদ্ধে নিহত)। এসব আসামীর বিরুদ্ধে একই বছরের ২৭ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে চার্জশীটও দাখিল করেন তদন্ত কর্মকর্তা।
এজাহারে জব্দ করা ফিশিং বোট ’এফবি ইমন’ এবং ইয়াবা গুলো জায়নাল আবেদিনের বলেও উল্লেখ করা হয়েছে। মিয়ানমার থেকে সাগরপথে জয়নাল আবেদিন, মুফিজ ও মো. ছৈয়দ আলম সিন্ডিকেট করে এই ইয়াবা গুলো আনেন বলেও জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এই মামলার চার্জশীটভুক্ত আসামীর মধ্যে বর্তমানে কারাগারে রয়েছে- মৃত নজির হোসেনের ছেলে আব্দুস সালাম ওরফে সালাম মাঝি, মৃত আব্দুর রশিদ তালুকদারের ছেলে মো. শফিক ওরফে শফি, রোহিঙ্গা নাগরিক মৃত আব্দুর করিমের ছেলে রহিম উল্লাহ ওরফে রহমল্লাহ, দরিয়ানগর বড়ছড়া এলাকার রোহিঙ্গা নাগরিক সোলতান আহমদের ছেলে কামাল হোসেন ওরফে কামাল ও আব্দুল গণির ছেলে মো. ছৈয়দ আলম ওরফে ছৈয়দ।
তারা কারাগারে থাকলেও দুই বছরের মাথায় জামিন নিয়ে বের হন জয়নাল আবেদিন। কারাগার থেকে বের হয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিল ১০০ কেজি ইয়াবা মামলার এই আসামী জয়নাল। দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও এখন প্রকাশ্যে তিনি। টেকনাফে মেজর সিনহা হত্যাকান্ডের ঘটনায় কক্সবাজার জেলা পুলিশ একযোগে বদলির সুযোগ নিয়ে প্রকাশ্যে আসেন এই ইয়াবা কারবারি। প্রকাশ্যে আসলেও খুব কৌশলে চালিয়ে যাচ্ছে ইয়াবা কারবার।
একটি সূত্রে জানা গেছে- চার্জশীটভুক্ত আসামী জয়নাল গোপনে ইয়াবা কারবার চালিয়ে যাচ্ছে। জেল থেকে বের হয়ে ফের ইয়াবা কারবারে জড়িয়ে পড়ে সে। কারাগার থেকে বের হয়ে তার নিজস্ব গাড়িতে ইয়াবা পাচারের সময় চকরিয়ায় চালকসহ গাড়িটি জব্দ হয়। ইয়াবাসহ গাড়ি জব্দের ঘটনায়ও চকরিয়া থানায় মামলা হয় জয়নালের বিরুদ্ধে। এরপরও থেমে নেই তার ইয়াবা কারবার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে না থাকায় এখন প্রকাশ্যে এই ইয়াবা কারবারি জয়নাল।
জয়নালের এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, চার্জশীটভুক্ত আসামী হলেও জয়নাল প্রকাশ্যে ঘুরাফেরা করে চালিয়ে যাচ্ছে ইয়াবা কারবার। আদালতেও হাজির হন না তিনি। আদালতে বারবার মিথ্যা তথ্য দিয়ে সময় চেয়ে আবেদনও করেন এই ইয়াবা কারবারি।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, জয়নালের মোহাজের পাড়া ও কলাতলী ঝরঝরি এলাকায় পৃথক দু’টি বাড়ি রয়েছে। একেক সময় একেক বাড়িতে কৌশলে অবস্থান করে সে। এক জায়গায় বেশি দিনও থাকেনা। জয়নালের মূল ইয়াবা ব্যবসা ছিল তার ফুফাতো ভাই হাজী মুফিজের সাথে। তারা সাগর পথে ইয়াবা পাচারের অন্যতম সিন্ডিকেট। ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি কথিক বন্দুকযুদ্ধে নিহত হন মুফিজ। কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকার পেছনের পাহাড় থেকে হাজী মুফিজের লাশ উদ্ধার করেছিল পুলিশ। ওই সময় ২৮০০ পিস ইয়াবা এবং অস্ত্রও উদ্ধার করা হয়েছিল। সেই ইয়াবা মুফিজ নিহত হওয়ার পর এবং জেল থেকে বের হয়ে পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রণে নেন জয়নাল আবেদিন।
এবিষয়ে জয়নাল আবেদিন বলেন, আমি ইয়াবা কারবারে জড়িত নয়। আমার বিরুদ্ধে কোন মামলাও নেই। আমি কোন সময় আত্মগোপনে ছিলাম না। প্রকাশ্যে আছি।