কক্সবাজার অফিস
কক্সবাজার শহরের ঝাউতলা গাড়ির মাঠ ২নং গলির একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন জিয়াউল হক (৪৩)। পুরো পরিবার নিয়ে গাড়ির মাঠ এলাকায় দীর্ঘ ৫ বছর ধরে বসবাস জিয়াউল হকের। সেই জিয়া শনিবার (১২ জুন) চট্টগ্রাম কর্ণফুলী থানা পুলিশের হাতে দুই হাজার ইয়াবাসহ আটক হন। তার গ্রামের বাড়ি কক্সবাজারেরর সদর থানার খরুলিয়া ৭ নম্বর ওয়ার্ড দরগাপাড়া এলাকায়। একই এলাকার মৃত রহমত উল্লাহর ছেলে তিনি।
ইয়াবাসহ আটক জিয়াউল হক কক্সবাজার শহরের আলোচিত মাদক কারবারি মাসুমের অন্যতম সহযোগি। ২০১৯ সালের ৯ মে কক্সবাজার শহরের সাগরতীর ডায়াবেটিস পয়েন্টে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন মাদক কারবারি মাসুম। এসময় বন্দুক, গুলি ও ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছিল। বন্দুকযুদ্ধে নিহত সেই মাসুমের অন্যতম সহযোগি হল জিয়াউল হক। মাসুম নিহত হওয়ার পর সিন্ডিকেটের সদস্যরা পলাতক ছিল দীর্ঘদিন। দীর্ঘদিন পলাতক থাকার পর এলাকায় ফিরে সিন্ডিকেটের সদস্যরা জড়ো হয়ে চালিয়ে যায় ইয়াবা কারবার। এই সিন্ডিকেটে রয়েছে গাড়ির মাঠ এলাকার লিমন, মৃত নুরুল ইসলামের ছেলে পুতু ও খালেক মাঝির ছেলে হারুনসহ একটি সক্রিয় সিন্ডিকেট। তাদের সিন্ডিকেটে আলোচনায় রয়েছে কক্সবাজারের আলোচিত দিদার বলি। দিদার বলি একসময় সহযোগির সাথে ইয়াবা নিয়ে আটক হয়েছিল। দিদার বলির সাথে হারুনের রয়েছে গভীর সখ্যতা। তাদের নিয়মিত চলাচল প্রাইভেট কারে।
গাড়ির মাঠ এলাকার কয়েকজন বাসিন্দা জানান, চট্টগ্রামে ইয়াবাসহ আটক জিয়াউল হক গাড়ির মাঠ এলাকার বিভিন্ন ভাড়া বাসায় বসবাস করছে প্রায় ৫ বছর ধরে। গত একবছর ধরে গাড়ির মাঠ ২নং গলির ‘ মাসুম ভিলা’র একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন পরিবার নিয়ে। ফ্ল্যাটের ভাড়া দেন মাসে ১১ হাজার টাকা। কিন্তু তার আয়ের দৃশ্যমান কিছুই দেখা যায়নি। সবসময় চিহ্নিত কয়েকজনের সাথে আড্ডা ও চলাফেরা। সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা কারবার চালিয়ে যায় জিয়াউল হক। এদিকে জিয়াউল হক আটকের খবর ছড়িয়ে পড়লে ঝাউতলা গাড়ির মাঠ কেন্দ্রিক তার সিন্ডিকেটের সদস্যরা আত্মগোপনে চলে যায়।
জিয়াউল হক আটকের বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরে প্রবেশ করার সময় মইজ্জারট এলাকা থেকে জিয়াউলকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।