কক্সবাজার অফিস
কক্সবাজার শহরে কিশোর গ্যাং নিয়ে দুই সন্ত্রাসী বাহিনী সক্রিয় রয়েছে দীর্ঘ দিন ধরে। এই দুই বাহিনীর রয়েছে দেশি-বিদেশি বহু অস্ত্র। এরমধ্যে একজন আশরাফ আলী ওরফে আশু আলী বাহিনী হিসেবে পরিচিত। যে বাহিনীটি বর্তমানে কক্সবাজারে খুবই ভয়ঙ্কর। যার বাহিনীতে রয়েছে বিপুল পরিমান অস্ত্র।
এই বাহিনীর এক সদস্যকে গ্রেফতার করেছে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। তার বিরুদ্ধে ডাবল মার্ডার মামলা রয়েছে। গ্রেফতার মঈন উদ্দিন (১৮) শহরের রুমালিয়ারছড়াস্থ সমিতি বাজার এলাকার জিয়াউর রহমানের ছেলে। সোমবার (৭ জুন) রাতে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন ভয়েস ওয়ার্ল্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আনোয়ার হোসেন জানান, ৩১ মে রুমালিয়ারছড়াস্থ সিকদার বাজার এলাকায় আশু আলী ও রায়হান বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় আশু আলী গ্রুপের হাতে রায়হান বাহিনীর প্রধান রায়হান ও তার সহযোগি শাহেদ নিহত হয়। এই জোড়া হত্যা মামলার এজাহার নামীয় ৪ নাম্বার আসামী মঈন উদ্দিন। সোমবার (৭ জুন) দিবাগত রাতে কলাতলী এলাকা থেকে এই হত্যা মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। সে আশু আলী বাহিনীর অন্যতম সদস্য। আশু আলীর বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ ডজন মামলা রয়েছে। গ্রেফতার মঈন উদ্দিনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গগত, গত রোববার (৬ জুন) রাতে “কক্সবাজারে কিশোর গ্যাং নিয়ে দুই সন্ত্রাসী বাহিনী সক্রিয়; রয়েছে দেশি-বিদেশি অস্ত্র” শিরোনামে একটি সচিত্র তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়েছে ভয়েস ওয়ার্ল্ড ২৪ ডটকমে। এই সংবাদে আশু আলী বাহিনীর অন্যতম সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে মঈন উদ্দিনকে। সোমবার (৭ জুন) আশু বাহিনী সদস্য হত্যা মামলার আসামী মঈন উদ্দিনকে গ্রেফতার করে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা।