• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

ঈদগড়ে স্থায়ী বিজিবি ক্যাম্প স্থাপনের দাবী

নিজস্ব প্রতিদেক / ৭২৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

এম এইচ আরমান:

কক্সবাজারের রামু ঈদগড় ইউনিয়নে কণ্ঠশিল্পী জনি দে রাজ হত্যার বিচার ও সড়কের নিরাপত্তার দাবীতে আন্দোলনে নেমেছে সাধারণ মানুষ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পূর্ণ দিবস হরতাল পালন করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঈদগড়-ঈদগাঁও সড়কের ঝুঁকিপূর্ণ এলাকায় স্থায়ী বিজিবি ক্যাম্প স্থাপনের দাবী জানিয়েছেন আন্দোলনকারীরা।

গত ৮ অক্টোবর সকালে রামুর ঈদগড়-ঈদগাঁও-বাইশারী সড়কের হিমছড়ি ঢালায় মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে নিহত হন শিল্পী জনি দে রাজ (১৮)। জনির বাড়ি ঈদগড়ের চরপাড়া এলাকায়। এই ঘটনায় গুরুতর হয়েছিলেন মো. কালু নামে এক ব্যক্তি। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা সিএনজি যোগে ঈদগাঁও থেকে ঈদগড় যাচ্ছিলেন।

ঘটনার ৭ দিন অতিবাহিত হলেও হত্যাকা-ের ক্লু উদঘাটন বা কোন অপরাধীকে আটক করতে পারেনি পুলিশ।

জনি ও কালু হত্যার বিচার এবং সড়কের নিরাপত্তার দাবীতে বৃহস্পতিবার পূর্ণদিবস হরতাল পালন করেছে ঈদগড় ইউনিয়নের সাধারণ মানুষ। সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত এই হরতাল পালিত হয়। এসময় গাড়ি চলাচল, দোকানপাট সহ সবকিছু বন্ধ ছিল। তবে কয়েকটি ফার্মেসী খোলা ছিল। হরতালে সর্বস্তরের মানুষ সাড়া দেয়।

হরতাল চলাকালীন বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে ঈদগড় সিএনজি চালক সমিতি, অটোরিক্সা ও টমটম চালক সমিতি, ঈদগড় ব্যবসায়ী সমিতি, ঈদগড় ফার্নিচার মিস্ত্রি সমিতি, ঈদগড় এএমবি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ, ঈদগড় হিন্দু একতা সমাজসহ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠন।

ঈদগড় একতা হিন্দু সমাজের সভাপতি অধির কান্তি দে বলেন, ৭২ ঘন্টা আল্টিমেটাম দেওয়ার পরও আসামী গ্রেপ্তার না হওয়ায় আমরা হরতাল পালন করেছি। আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

সিএনজি চালক সমিতির সভাপতি আবদু সালাম জানান, ২দিন পর পর এ সড়কে ডাকাতি ও অপহরণ হয়। কেন হয় কারা করে তা প্রশাসনই জানে। প্রশাসন চিহ্নিত ডাকাতদের আটক করলে জনি ও কালু হত্যার রহস্য বের হয়ে আসবে। কিন্তু অদ্যাবধি কেউ গ্রেপ্তার হয়নি।

ঈদগড় অটোরিক্সা ও টমটম মালিক সমিতির উপদেষ্টা পল্লী চিকিৎসক শাহাব উদ্দিন বলেন, পুলিশের ডিউটি থাকার পরও এই সড়কে প্রতিনিয়ত ডাকাতি, অপহরণ লেগেই আছে। অনেক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, অনেকে ডাকাত দলের হামলার শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করেছে। আমরা সড়কের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এলাকায় স্থায়ী বিজিবি ক্যাম্প চাই। দ্রুত বিজিবি ক্যাম্প স্থাপন করে সড়কে ২৪ ঘণ্টা চলাচলের ব্যবস্থা না নিলে আরো কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

ঈদগড় সাংবাদিক ও লেখক পরিষদের সভাপতি কামাল শিশির ও সাধারণ সম্পাদক এমএইচ আরমান বলেন, আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এই অনিরাপদ সড়কে অনেক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ডাকাত দল। কিন্তু ডাকাত নির্মূলে পুলিশের তেমন কোন তৎপরতাও নেই। আমরা এখানে স্থায়ী বিজিবি ক্যাম্প চায়। এই দাবী বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

ঈদগড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল হুদা বলেন, সব সময় ডাকাত আতঙ্কে সড়কে চলাচল করতে হয়। কিন্তু এভাবে চলতে দেয়া যায়না। সড়কের নিরাপত্তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার দাবী জানাচ্ছি। একই সাথে শিল্পী জনি ও কালুর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।
জানা গেছে, প্রায়’শ ডাকাতের কবলে পড়ে এ সড়কে অনেকেই মৃত্যু বরণ করেছেন। আবার অনেকেই হামলার শিকার হয়ে আজীবন পঙ্গুত্ব বরণ করেছেন। মুক্তিপণ দিতে গিয়ে অনেকেই দেওলিয়া হয়ে গেছেন। এভাবে আর কতকাল চলবে তা জানেনা কেউ। কেনইবা এভাবে জনগণ ডাকাতের কবলে পড়ে প্রিয়জনকে হারাবে? তা নিয়ে ভাবনার শেষ নেই এলাকাবাসীর। বিগত কয়েক বছর ধরে ডাকাতের উপদ্রব বেড়ে গেছে।

এখন পর্যন্ত জনি ও কালু হত্যার কোন আসামী গ্রেপ্তার না হওয়ায় জনগণ এবার আন্দোলনের দিকে ধাবিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় ১৫ অক্টোবর ঈদগড়ের বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, শ্রমিক সংগঠন, ছাত্রসমাজসহ সর্বস্থরের জনতা সকল সন্ধ্যা হরতাল পালন করে।

তার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে দাবী করে জনির বাবা তপন দে বলেন, এখনো পর্যন্ত একজন আসামীও গ্রেপ্তার হয়নি। আমরা পুলিশের তৎপরতা নিয়ে সন্তুষ্ট নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন