আরফাতুল মজিদ:
কক্সবাজারের কলাতলীতে স্পর্শকাতর টেলিযোগাযোগ স্টেশনের পাশে সরকারি শতকোটি টাকার খাসজমি ফের দখল করে নিয়েছে সংঘবদ্ধ দখলবাজচক্র। কয়েকদিন আগে রাতের আঁধারে সরকারি মূল্যবান ভূমি দখলের পাশাপাশি কাটা হচ্ছে পাহাড়। ভূমিদস্যুদের এভাবে নির্বিচারে পাহাড় কাটার কারণে চরম ঝুঁকির মধ্যে পড়েছে টেলিযোগাযোগ কেন্দ্রের ৮৩ ফুট দীর্ঘ সম্প্রচার টাওয়ার।
আইনি নোটিশ, মামলা, জরিমানা ও দখলবিরোধী অভিযান চালিয়েও বন্ধ করা যাচ্ছে না এই দখল কার্যক্রম। গভীর রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত বর্তমানে চলছে দখল ও অবৈধ স্থাপনা নির্মাণ কাজ।
সরেজমিন দেখা যায়, মাইক্রোওয়েভ স্টেশনের পশ্চিম পাশে পাহাড়ের পাদদেশে বিশাল আয়তনের জায়গা দখল করে চারপাশে টিনের বাউন্ডারি দেওয়া হয়েছে কয়েকদিন আগে। গত রোববার (৪ অক্টোবর) গভীর রাতে অর্ধশতাধিক শ্রমিক দিয়ে টিনের ভিতরে তৈরি করছে ইটের বাউন্ডারিও। সেখানে রাতারাতি করা হয়েছে বেশ কয়েকটি ঘরও। দখল প্রক্রিয়া সহজ করতে সেখানে বসানো হয়েছে নানান সাইনবোর্ডও। সেখানে সেমিপাকা স্থাপনা নির্মাণকাজও চলছে। এরই মধ্যে ইটের দেয়াল ও টিনের ছাউনির নির্মাণকাজ শেষ করতে অবস্থান করছে বহিরাগত অনেক অস্ত্রধারী সন্ত্রাসীও।
স্থানীয় লোকজন জানান, প্রশাসন বেশ কয়েকবার সেখানে উচ্ছেদ চালিয়ে প্রায় এক বছর চুপ ছিল। প্রশাসনের চুপ থাকার সুযোগে বর্তমানে দখল প্রক্রিয়া চালাচ্ছে ঈদগাও মাইজ পাড়া এলাকার এহাসান, স্থানীয় আয়াজ রনি, শাহ নেওয়াজ, মো. সেলিম, টেকনাফ সাবরাং এলাকর মো. মনির, মাইনুল হাসান, তারেক ও মিজানুর রহমানসহ প্রায় ১২ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ চক্র। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কয়েক দফা সেখানে অভিযান চালিয়ে ঘরবাড়িও উচ্ছেদ করেন। তবুও দখলযজ্ঞ থামেনি।
কক্সবাজার টেলিকম যোগাযোগ কর্মকর্তারা জানান, ১৯৭৬ সালে ৫ দশমিক ৬ একর জমিতে কলাতলী মাইক্রোওয়েভ স্টেশনটি স্থাপন করা হয়। টাওয়ারে সরকারি-বেসরকারি বিভিন্ন টেলিকম অপারেটর এবং গোয়েন্দা সংস্থার রেডিও অ্যান্টেনা বসানো আছে। রয়েছে ‘মহেশখালী ডিজিটাল আইল্যান্ড’ প্রকল্পের অ্যান্টেনা এবং বিটিভির সম্প্রচার যন্ত্রপাতি।
বর্তমানে সময়ে মাইক্রোওয়েভ স্টেশনটি রেখেই চারপাশের ভূমি দখল করে নিয়েছেন প্রভাবশালীরা। এখানে পাহাড় কেটে তৈরি হচ্ছে অনেক স্থাপনা। নতুন করে কয়েকদিন আগে আবারও দখল করা হয়েছে। ফলে দালানসহ পুরো মাইক্রোওয়েভ স্টেশন এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোনো সময় ধসে পড়ে পুরো দেশের সঙ্গে টেলিযোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে টিঅ্যান্ডটি পাহাড় কাটা বন্ধ করা এবং অবৈধ উচ্ছেদের দাবিতে ভূমি মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ১৫ জনকে আইনি নোটিশ দিয়েছিল বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। ২০১৯ সালের ৮ জুলাই রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়েছিল।
পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’ এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, ‘কলাতলীতে বিটিসিএল এর মাইক্রোওয়েভ ষ্টেশনের পাশের আরএস ৮০০১ দাগের জমি সরকারি সংরক্ষিত বনের জমি। উচ্চ আদালতের রায়ে এ জমি কাউকে বন্দোবস্ত না দেয়া এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেয়া আছে। এ অবস্থায় সেখানে কিছু ব্যক্তি পাহাড়ি এসব জমি দখলে মেতে উঠেছে।’
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আফসার বলেন, কলাতলীতে টিঅ্যান্ডটি পাহাড়ের আশপাশে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কয়েক দফা অভিযান চালানো হয়েছিল। পাশাপাশি অবৈধ স্থাপনা নির্মাণের কাজও বন্ধ করে দেওয়া হয়। এরপরেও যদি নতুন করে কেউ স্থাপনা নির্মাণে কাজ বা দখল করে তাহলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্মিত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।