• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

লাল চিং এর লাল আগুন আর বাংলাদেশের লাল কলঙ্ক

নিজস্ব প্রতিদেক / ৫১৭ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

মোহাম্মদ আলম চৌধুরী:

লাল চিং এর লাল আগুন- মুক্তিযুদ্ধের চেতনাকে কুঠারাঘাত করেছে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে হবে। সাম্প্রদায়িকতা জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে দুরারোগ্যব্যাধির মতো। প্রতিরোধের সর্বাত্মক প্রস্তুতি না থাকলে সামাল দেওয়া কষ্টকর হবে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি সাম্প্রদায়িকতাকে পুঁজি করে এগোতে চায়। কিন্তু অসাম্প্রদায়িক বাঙ্গালির মন ও মগজে তারা সম্পৃক্ত হতে পারছে না। তাই সংখ্যাধিক্য মুসলমানের দেশে সাম্প্রদায়িক গোষ্টীর ভোটের বাক্স খালি থাকে।

আরেকটি রাজনৈতিক দলের কাঁধে চড়ে অনেক দূর এসেছে। যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, যারা এদেশের স্বাধীনতার বিরুদ্ধে এখনো ষড়যন্ত্রে লিপ্ত; তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। বাংলাদেশে সাম্প্রদায়িক অস্থিরতা তাদেরই গভীর ষড়যন্ত্রের ফলশ্রুতি। মানুষের ধর্মীয় অজ্ঞতাকে পুঁজি করে সাম্প্রদায়িক কোনো গোষ্টী যেনো ভবিষ্যতে আখের না গোছাতে পারে সে জন্য সচেতনতা সৃষ্টি করতে হবে।

রামুর ঘটনা বাংলাদেশকে কী মনে করে দিতে চায়? শান্ত স্থিরভাবে দাঁড়িয়ে থাকা বৌদ্ধমূর্তিগুলো ভেঙ্গে কী পূণ্য অমানুষগুলো অর্জন করলো আমার বোধগম্য হচ্ছে না। আমি অমানুষগুলোকে জন্তু-জানোয়ারের সাথে তুলনা করে জন্তু -জানোয়ারকে হীন করতে এবং লজ্জা দিতে চাইনা। জন্তু-জানোয়ার এতো হীন কাজ করে না। আজ রামু একটি জঘন্য জনপদ হিসেবে মানুষের কাছে পরিচিত। রামুবাসীর অসাম্প্রদায়িক আইডেন্টিটি প্রশ্নবিদ্ধ হয়েছে। কিছুসংখ্যক অমানুষের দায়িত্বজ্ঞানহীন কাজের দায়ভার শুধু রামুবাসী নয়, পুরো জাতির ঘাড়ে কলঙ্কের কালিমা লেপ্টে দিয়েছে।

অমানুষগুলো বিবেকবোধ নির্বাসনে দিয়ে জাতির ধর্মীয়-সাংস্কৃতিক ঐতিহ্য নষ্ট করেছে।

আজও চারদিকে অমানুষগুলোর কোলাহল শোনা যায়। যারা ধর্মের নামে এখনো অধর্ম চর্চা করে। রামু পুরো বাংলাদেশেই পরিচিত ছিলো অসাম্প্রদায়িকতার প্রতীক হিসেবে। অতীতে কখনো এরকম হীনকর্ম রামুবাসী প্রত্যক্ষ করেনি। আজ কোন দানবের রোষানলে পড়ে এ অহংকার ভুলুন্ঠিত হলো- তা রামুর বিবেকবান মানুষকেই প্রমাণ করতে হবে। লাল চিং, সাদা চিং, মৈত্রী বিহার, সীমা বিহার তিনশত বছরের ঐতিহ্যকে ধারণ করে রামুকে এতিহ্যমন্ডিত করেছে। কারণ এমন কিছু বৌদ্ধতাত্ত্বিক নিদর্শন এখানে ছিলো যা বাংলাদেশের আর কোথাও নাই।

লাল চিংয়ের আগুন শুধু বিহারগুলো ভষ্ম করেনি, সাম্প্রদায়িকতার ঘৃণ্যচিহ্ণ হিসেবে অনাগত প্রজন্মের কাছেও এ আগুন সাক্ষী হয়ে থাকবে। আমি একজন মানুষ হিসেবে, একজন মুসলমান হিসেবে, একজন রামুবাসী হিসেবে, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, সর্বোপরি একজন বাংলাদেশী হিসেবে এ লজ্জ্বার ভার বইতে পারছি না। বিবেকের দংশনে আমার মনুষ্যত্ববোধে ক্ষরণ হচ্ছে প্রতিনিয়ত। রামুর ঘটনার সময় আমি নয়া দিল্লিতে উচ্চ শিক্ষাজনিত কারনে অবস্থান করছিলাম।

সেখানে আমার শ্রীলঙ্কান বন্ধু ভাজিরা দিলাওয়াত্তা আর নিল্ম উত্তমাদেশা’র প্রশ্নের জবাবে নির্বাক অশ্রুহীন নয়নে বুকচাপড়ে বুঝিয়েছি যে, এ আগুন আমার- আমাদের অন্তরাত্মাকেও প্রতিনিয়ত দহন করছে। আগুন শুধু তথাগত বুদ্ধের মূর্তি নয়, পুড়িয়েছে ইতিহাস-ঐতিহ্যের নিদর্শনগুলোও। দেশ-বিদেশের প্রিন্ট মিড়িয়া এবং ইলেকট্রনিক্র মিড়িয়া গুরুত্বসহকারে এ সংবাদ বিশ্ববাসীর নজরে গোচরীভুত করেছে। একবার ভেবে দেখুন, দেশের ভাবমূর্তির কথা।

ঘটনার আদ্যেপান্ত বুঝে এতটুকু বিশ্বাস মনে দৃঢ় হয়েছে যে, এটি একটি পূর্ব-পরিকল্পিত ঘটনা। উত্তম বড়ুয়া উপলক্ষ মাত্র। কারণ রামু চৌমুহনীর মতো একটি নিষ্প্রাণ গ্রাম্য জনপদে এতো তড়িৎবেগে এতো তথাকথিত পূণ্যার্থীকে (?) কিয়াং পোঁড়াতে জড়ো করা সহজ কথা নয়। পরিকল্পনানুযায়ী তারা দূর-দূরান্ত থেকে ঠিকই রওয়ানা দিয়ে গন্তব্যে পৌঁছেছে। আবার অপকর্ম করে নির্বিঘেœ ফিরে গেছে। সতীর্থদের সাথে কথা বলে জেনেছি, ঘরে তালা লাগিয়ে বাহির থেকে আগুন দিয়েছে। এ ঘটনা ২০০১ সালে সংগঠিত বাঁশখালীর সাধনপুরের ঘটনাকে মনে করিয়ে দেয়। যেখানে একটি হিন্দু পরিবারের ১১ জনকে জীবন্ত দগ্ধ করা হয়েছিল।

৭০ বছরের ডা. তেজেন্দ্র লাল শীল আর মাত্র ৭ দিনের শিশু কার্তিক শীল ও সেদিন অঙ্গার হয়েছিলো। দু’প্রজন্মের দু’প্রতিনিধি সেদিন আমরা অস্বাভাবিকভাবে হারিয়েছি। আর রামুর ঘটনায় হারালাম ৩০০ বছরের গৌরবময় ঐতিহ্য আর অসাম্প্রদায়িকতার সুখময় স্মৃতিগুলো। আগুন শুধু বস্তুগত সম্পদের হানি করে না, মানুষের মনকেও জ্বালিয়ে পুঁড়ে ছারখার করে। কিয়াং এর আগুন নিভেছে কিন্তু বৌদ্ধ ভাই-বোনদের অন্তর পোঁড়ানো এ আগুন কী কখনো নিভবে? রামু থানা থেকে বড়জোর আধ-কিলোমিটার দূরে কিয়াংগুলোর অবস্থান।

গোয়েন্দা সংস্থার লোকজন নিশ্চয়ই তখন চৌমুহনীতে ছিলো। দেশবাসী তাদের কী ভুমিকা ছিলো- তা ভালোভাবেই অবলোকন করেছেন। স্বভাবতই বাংলাদেশী আইন-শৃঙ্খলা বাহিনীর খাসলত অনুযায়ী তারা সে ভুমিকা পালন করেছে। হয়তো ভেবেছে নিষ্প্রাণ মূর্তি আর নির্বাক দাঁড়িয়ে থাকা কিয়াংগুলো পুড়লে কী আর হবে? এগিয়ে আসেনি একসাথে বেড়ে উঠা অনেক প্রতিবেশিও। আমি বলি, এ মূর্তিগুলো জীবন্ত। কারণ এগুলো ঐতিহ্যের অংশ। ঐতিহ্যের প্রাণ আছে। কিয়াং এর শৈল্পিক কাঠামোগুলো হাজার বছরের সাংস্কৃতিক নিদর্শন। আবেগ, ইতিহাস, সংস্কৃতিবোধ, আর ঐতিহ্যের সাক্ষীকে পুঁড়িয়ে কলংকের লাল রং লেপ্টে দিয়েছে বাঙ্গালির ললাটে। বাঙ্গালির ঐতিহ্যে যেন শনির আছর পড়েছে।

বাংলাদেশে তথাগত বুদ্ধের অহিংস মুর্তি হিংসার আগুনে দগ্ধ হয়েছে। হাজার বছরের প্রাচীন বৌদ্ধমুর্তি নিমেষে ধূলিস্যাৎ করেছে আফগানিস্তানের বামিয়ানে। ঘটনা পরম্পরা ভিন্নস্থানে হলেও উভয়ের মধ্যে যোগসুত্র রয়েছে। প্রতিটি ঘটনার মতো সরকার আর বিরোধীদল এ ঘটনা নিয়ে রীতিমতো কবিগান রচনা করেছে। দোষারোপ করছে একে অপরকে। এটা কারো জন্য রাজনীতির কোনো বিষয় নয়। এটা বাংলাদেশের অন্তরের অন্তস্থল ভস্মীভুত হওয়ার একটি বিষয়। পত্র-পত্রিকার ভাষ্য অনুযায়ী নেতৃত্ব দেওয়া লোকগুলো রাজনৈতিকভাবেই পোষ্য। এখনও বহাল তবিয়তে গোঁফে তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা সাধারণ মানুষ এহেন হীনকর্মের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

উখিয়ার মরিচ্যা পালং, পশ্চিম হলদিয়া পালং, জালিয়া পালং, রত্নাপালং, ভালুকিয়া পালং, রাজাপালং, কুতুপালং আর টেকনাফের হ্নীলা, হোয়াইক্ষ্যং এর লাতুরীখোলা প্রভৃতি এলাকায় বৌদ্ধ জনগোষ্ঠী মনে আতঙ্ক নিয়ে বসবাস করছে। এসব এলাকার কিয়াংগুলো ভাংচুর-লুটপাটের ঘটনায় স্থানীয় জনগোষ্টীরাই স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করেছে। এখন পালের গোঁদাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। বৌদ্ধ জনগোষ্ঠী যা হারিয়েছে তা অপূরণীয়। টাকার অংকে সব কিছুর হিসাব হয় না। অবশিষ্ট বৌদ্ধ পূরাকীর্তিগুলো সংরক্ষণের নিমিত্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্টায় আপামর জনসাধারণকে সচেতন করার ক্ষেত্রে সিভিল সোসাইটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। অবশ্যই রামুর ঘটনা বাংলাদেশের জন্য লাল কলংক আর সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে একটি অশনি সংকেত। আমরা ‘অসাম্প্রদায়িক’ বলে বলে মুখে ফেনা উঠালে হবে না, কর্মের মধ্যে দিয়ে তা প্রমাণ করতে হবে। আর যদি প্রমাণ না করতে পারি তা হবে, সারা শরীরে ঘা নিয়ে দামী কাপড়-চোপড় পরে যেমন পুঁজের দুর্গন্ধরোধ করা যায় না ঠিক সেই রকম। বাংলাদেশ আজ অসংখ্য ঘা নিয়ে হিমশীম খাচ্ছে। মলম মেখে মেখে তো এ ঘা রোধ করা যাবে না। এর একটা স্থায়ী নিরাময় দাওয়াই খুঁজে বের করতে হবে। অন্যথায় লাল কলংক আরো লাল হবে। কিন্তু আমরা চাই না আমাদের স্বদেশ জল্লাদের উল্লাস ভুমি হোক।

বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকার রাষ্ট্র পরিচালনা করছে। সরকার যখনই মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টারত, তখনই এসমস্ত ঘটনার পরিকল্পনা করছে অশুভশক্তিগুলো। সরকার এ ঘটনা থেকে সবক নিতে পারে। একাত্তরে শত্রুরা প্রকাশ্যে ছিলো। এখন গোপনে, অনেকটা সংগঠিত হয়ে অপকর্ম করে যাচ্ছে। পত্র-পত্রিকার ভাষ্য মোতাবেক জানা যায়, তারা নিজেদের বেশভুষা পরিবর্তন করে সরীসৃপকায়দায় খোলস বদলে সরকারদলীয়দের সাথে তাল মেলাচ্ছে। আদতে তারা কালক্ষেপন করছে, সময়-সুযোগ বুঝে আবার মোস্তাকীয় কায়দায় ছোবলমারার জন্যে বেরিয়ে আসবে।

আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ট অর্জন মুক্তিযুদ্ধ। এ অর্জনের মর্যাদা সমুন্নত রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ সাংবিধানিক শ্রেষ্টতা, যা সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত হয়েছে, তা মনে রেখে জাতীয় জীবনের সর্বক্ষেত্রে সাম্প্রদায়িক মনোভাব দূর করতে হবে। ধর্মবিশ্বাসে আঘাত নয়, ধর্মীয় আবেগের অপব্যবহার প্রতিরোধ করতে হবে সামাজিকভাবে।

লেখক- সহযোগী অধ্যাপক, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন