নিজস্ব প্রতিবেদক:
সরকারি কাজে ব্যবহৃত ১০ টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প ‘নকল’ করার কারখানায় পরিণত হয়েছে ‘হোসেন ব্রাদার্স’ নামে একটি স্টেশনারিজ।
দীর্ঘদিন ধরে স্ট্যাম্প নকল করে কক্সবাজার শহরের কোর্ট বিল্ডিং সহ গুরুত্বপূর্ণ এলাকায় সরবরাহ করে আসছে হোসেন ব্রাদার্স।

বহুল পরিচিত স্টেশনারিজ ‘হোসেন ব্রাদার্স’ কক্সবাজার শহরের সিকদার মহল এলাকায় অবস্থিত। স্ট্যাম্প জালিয়াতির খবর পেয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ওই দোকানে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এসময় হোসেন ব্রাদার্সের নতুন শো-রুমে তল্লাশী চালিয়ে বেশ কিছু নকল রেভিনিউ স্ট্যাম্প জব্দ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন জানান, হোসেন ব্রাদার্সে দীর্ঘদিন ধরে ১০ টাকা মূল্যের স্ট্যাম্প জালিয়াতি করে বিক্রির অভিযোগ ছিল। অবশেষে দোকানে অভিযান চালিয়ে সেই তথ্যের সত্যতা পাওয়া যায়। এসময় বেশকিছু স্ট্যাম্প জব্দ করা হয়।

স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে হোসেন ব্রাদার্স কর্তৃপক্ষকে ৬০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক লাভলী ইয়াসমিন।