সিরাজুল ইসলাম:
পরিবেশ রক্ষায় পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে কঠিন অভিযানে নেমেছে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার মুক্তার। ৯ আগষ্ট ১১ টার দিকে অভিযান চালিয়ে পাহাড়তলী হালিমাপাড়ার শ্মশানের পাশে পাহাড়ের উপর নির্মানাধীন টিনের তৈরী স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।
এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা উপস্থিত ছিলেন। এছাড়াও শহরের আলোচিত ডিসি পাহাড়, কলাতলী, লাইট হাউজ, রুমালিয়ার ছড়া, হালিমাপাড়া, ইসলামপুর, ঘোনারপাড়া, হিন্দুপাড়া, বৈদ্যঘোনাসহ অর্ধশত এলাকায় অভিযান পরিচালনা করে আইনি ব্যবস্থা গ্রহণে তথ্য সংগ্রহ করছেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা।
শাহরিয়ার মুক্তার বলেন, শহরের বিভিন্ন এলাকায় বর্ষা মৌসুমকে কেন্দ্র করে পাহাড় কাটা বেড়েছে। তাই পরিবেশ রক্ষায় এখন নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পরিবেশ অধিদপ্তরকে সাথে নিয়ে উচ্ছেদ অভিযানসহ পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একইসাথে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত পরিবার সমূহকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হয়।
জানা যায়, এই বর্ষা মৌসুমকে কেন্দ্র করে শহরের অর্ধশত এলাকায় হঠাৎ পাহাড় কাটা বেড়ে গেলেও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে দৃশ্রমান কোন অভিযান পরিচালিত হয়নি। যার ফলে শহরে হু হু করে বেড়েছে পাহাড় কাটা। পাহাড় কেটে মাটি পাচারসহ বৃষ্টির পানিতে মাটি ভাসিয়ে দেয়া হচ্ছে। ফলে শহরের নালা-নর্দমা ও বাঁকখালী নদীর তীর ভরে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে হাতেগুনা কয়েকটি পাহাড় কাটার অভিযানে গেলেও মামলা দায়ের হয়নি। নাম ঠিকানা নিয়ে চট্টগ্রামে এনফোর্সমেন্টে পাঠানো হয়েছে বলে জানান পরিবেশ অধিদপ্তর। চট্টগ্রাম থেকে কখন কর্তনকারীদের বিরুদ্ধে চিঠি আসবেন তা জানেন না কেউ।
স্থানীয়রা বলেন, পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে মামলা বা দ্রুত ব্যবস্থা নেয়া না হলে পাহাড় কর্তনকারীরা কখনো ভয় পাবে না। পরিবেশ অধিদপ্তর এভাবে চিঠি ইস্যু করে ব্যবস্থা নিলে, চিঠি আসতে আসতে অভিযুক্ত ওই পাহাড় তখন হয়তো আর থাকবে না। পাহাড় কেখোরা ততদিনে কেটে সাবাড় করে ফেলবে।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ নাজমুল হুদা বলেন, আমরা ইতিমধ্যে শহরের অনেক পাহাড় কাটায় অভিযান পরিচালিত করেছি। অভিযানে ৩ টি এনফোর্সমেন্ট মামলা চট্টগ্রামে পাঠানো হয়েছে। পাহাড় কাটায় যেখানে সংবাদ পাবো তাৎক্ষনিক ব্যবস্থা নিবো।