এম.এ আজিজ রাসেল:
কুতুবদিয়ার গর্ভবতী হামিদা বেগম (৪০)। গত ২৬ জুলাই আধুনিক সুযোগ সুবিধার প্রতিশ্রুতি দিয়ে কক্স ন্যাশনাল হসপিটালে আনেন এক দালাল। এখানে আসার পর ৪০ হাজার টাকায় সিজার করার চুক্তি করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের ৪র্থ তলায় সাধারণ একটি বেডে রাখা হয় তাকে। সেখানে গিয়ে কপালে চোখ উঠে হামিদা বেগমের স্বামী আবদুল করিমের। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন ডাক্তারের দেখা নেই। ১০ টির মতো পরীক্ষা দেয়া হয় হামিদাকে।
পরীক্ষা ফি চুক্তির মধ্যে নেই। তাই বাড়তি আরও প্রায় ১০ হাজার টাকা গুণতে হয় তার স্বামীকে। গরীব অসহায় কৃষক এত টাকা দিতে হিমশিম খেয়ে উঠে। তবুও তার প্রত্যাশা ছিল ভাল চিকিৎসা পেয়ে নিরাপদে যেন তাদের সন্তান পৃথিবীর আলো দেখে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলায় তার সেই আশা ফিকে হয়ে যায়।

আবদুল করিম বলেন, এখানে স্বাস্থ্যবিধির কোন বালাই নেই। সর্বত্র নোংরা ও অস্বস্তিকর পরিবেশ। সিটের বেড থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। বেডের ছাদরের অবস্থা আরও নাজুক। উন্নত চিকিৎসার কথা বলে আমাদের মত রোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার কাছ থেকে ওষুধসহ মোট ৬৫ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়। একবুক হতাশা নিয়েই তিনি স্ত্রীকে নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।
হামিদার ভর্তির পরের দিন সকালে প্রচন্ড ব্যথা নিয়ে শহরের সমিতিপাড়ার রোকেয়া বেগম (৫২) ভর্তি হয়। ভর্তির পর তাকে প্রায় ১৫টি পরীক্ষা দেয়া হয়। পরীক্ষাগুলো করতে তার খরচ হয় ২০ হাজার টাকা। সাথে রয়েছে ওষুধ। বিকালে পরীক্ষার সব রিপোর্ট আসার পরও তাকে কোন ডাক্তার দেখতে আসেনি। সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাকে রেফার করা হয়েছে। এতে অবাক হয়ে যান তিনি।
রোকেয়া বেগম বলেন, ভর্তির পরে তাকে প্রাথমিক চিকিৎসাও দেয়া হয়নি। অহেতুক পরীক্ষার নামে টাকা হাতিয়ে নেয়ার পর তাকে রেফার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য পরীক্ষার রিপোর্টে রোকেয়া বেগমের হার্টের সমস্যা নির্ণয় হয়। হাসপাতালে হার্টের ডাক্তার নেই। তাই তাকে রেফার করা হয়।
গর্জনিয়া থেকে আসা ফরিদুল আলম (৫০) তার মাকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয় ৩ দিন আগে। চিকিৎসকরা বলেছেন, তার মায়ের ব্রেইন টিউমার। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলেও টাকার অভাবে যেতে পারছে না। পরে এক দালাল আরও উন্নত চিকিৎসার কথা বলে কক্স ন্যাশনাল হসপিটালে আনে। এখানে মাকে নরমাল ডিএস স্যালাইন নিয়েই বেডে ভর্তি দেয়া হয়েছে।
ফরিদ বলেন, আমরা সহজ সরল মানুষ। তেমন কিছু বুঝিনা। আমার পরিচিত আনোয়ার নামে এক ব্যক্তি এখানে ভর্তি করিয়েছে ভাল চিকিৎসার কথা বলে। ভর্তির সময় দৈনিক ১০০০ টাকা বেড খরচ বলা হয়। এখানে এসে দেখছি আমাদের যে বেড দেওয়া হয়েছে তাতে চাদর নেই। বেডে ছারপোকা আছে। তাছাড়া চারদিকে ময়লা নোংরা পরিবেশ আর গন্ধে ভরা। বুঝতে পারছি না কি করবো।
ভয়েসওয়ার্ল্ডের সরেজমিন অনুসন্ধানে জামায়াত নিয়ন্ত্রিত কক্স ন্যাশনাল হসপিটালের চিকিৎসার নামে এমন ভয়াবহ প্রতারণা উঠে আসে।
হাসপাতালের আশপাশের দোকানদারেরা বলেন, শুধু হামিদা বেগম বা রোকেয়া বেগম নয়। এই চিত্র এখানকার প্রতিদিনের। জেলাব্যাপী হাসপাতালের শতাধিক দালাল কমিশন ভিত্তিক কাজ করছে। গরীব-অসহায় রোগীদের এখানে ভুলিয়ে বালিয়ে আনা হয়। বিশেষ করে সদর হাসপাতালের রোগীদের উন্নত চিকিৎসার নামে দালালেরা এখানে নিয়ে আসে। তারপর তাদের কাছ থেকে টাকা হাতিয়ে কৌশলে রেফারের নাটক করা হয়।

এ নিয়ে এখানে প্রতিদিন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে রোগীর স্বজনদের বাকবিত-া হতে দেখা যায়। অনেক সময় রোগীর স্বজনদের মারধরও করা হয়। এখানকার সব কর্মকর্তা জামায়াত ও শিবিরের চিহ্নিত ক্যাডার। হাসপাতালের যাবতীয় দু নাম্বারি মোকাবেলার জন্য তাদের রাখা হয়েছে। চিকিৎসা প্রতারণা রোগীর স্বজনরা বুঝতে পারলেও কোন পরিত্রাণ মিলে না। বাড়াবাড়ি করলে জামায়াত-শিবিরের ক্যাডারদের হাতে নাজেহালের শিকার হয় রোগীর স্বজনরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাইরে থেকে বেশ ফিটফাট হাসপাতালটি। ওয়ার্ডে গেলে চোখে পড়ে চরম অব্যবস্থাপনা। কেবিন ও সাধারণ ওয়ার্ডে সর্বত্র নোংরা পরিবেশ ছড়িয়ে আছে। বিছানার চাদর ও বেড অপরিস্কার। একটি চাদর ও বেডে ব্যবহার করা হয় দীর্ঘদিন। রোগীরা কিছু বললেও প্রতিকার মেলেনা। করোনাকালীন খোদ হাসপাতাল কর্তৃপক্ষ মানছে স্বাস্থ্যবিধি। নার্স ও কর্মচারিদের মাস্ক ও গ্লাভস পরার কোন আগ্রহ নেই। প্রতিটি ফ্লোরে গেলে দুর্গন্ধে দম বন্ধ হয়ে যায়। তবে মানুষ ঠকানোর আয়োজন বেশ জমজমাট। হাসপাতালে অপারেশন থিয়েটার, এক্স-রে বা অন্যান্য পরীক্ষায় নিয়োজিত কর্মচারিদের কোন ডিগ্রী নেই। অভিজ্ঞতা নিয়ে সবাই কাজ করছে বলে জানা গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ কৌশল হিসেবে ডাঃ মহিউদ্দিন আলমগীরের নাম ব্যবহার করে। তাদের নিজস্ব কোন ল্যাব নেই। এক্সরে নেই, এমন কি রক্তের গ্রুপও পরীক্ষা করতে পারে না।
জানা যায়, হাসপাতালের পরিচালনা পর্ষদে সবাই সাবেক শিবির ও জামায়াত নেতা রয়েছে। হাসপাতালের আড়ালে এখানে জামায়াত-শিবিরের সাংগঠনিক কার্যক্রম চলে। জেলা শিবিরের সাবেক সভাপতি শহিদুল ইসলাম মূলতঃ হাসপাতালের সার্বিক বিষয় দেখাশুনা করেন। তার অনুপস্থিতে জামায়াত নেতা ডাঃ বি আলমগীর ও দিদারুল আলম দিদার সবকিছু নিয়ন্ত্রণ করেন।
অভিযোগের বিষয়ে কক্স-ন্যাশনাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ বি আলমগীর বলেন, হাসপাতাল নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে। হাসপাতালের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। এ নিয়ে নিউজ করলেও কোন সমস্যা নেই। কেউই কিছু করতে পারবে না।
এ ব্যাপারে কক্সবাজার সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান বলেন, হাসপাতালটির বিরুদ্ধে অহরহ অভিযোগ রয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া যারা চিকিৎসার নামে প্রতারণা করছে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।