ফরিদ মোহাম্মদ:
ইলিশের প্রজনন বাড়াতে ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে ফের বঙ্গোপসাগরে মাছ ধরার উৎসব শুরু হয়েছে। সাগরে গিয়েই ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে হাসিমুখে ফিরে আসছে জেলেরা। মাছের আড়তগুলোতে ফিরেছে প্রাণ।
শহরের নুনিয়ারছড়া মৎস্য অবতরণ কেন্দ্র এখন ইলিশে সয়লাব। জেলে ও ব্যবসায়ীদের হাঁকডাকে মুখর চারপাশ। কেউ বোট থেকে মাছ নিয়ে মৎস্য অবতরণ আসছে, কেউ মাছ ধুয়ে পরিষ্কার করছে, আবার কেউ মাছগুলো প্যাকেট করে বাজারজাতের জন্য প্রস্তুত করছে। পুরো মৎস্য অবতরণ কেন্দ্র এখন উৎসব মুখর হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, নুনিয়ারছড়া মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ। দম ফেরার ফুরসত নেই মৎস্য ব্যবসায়ী ও শ্রমিকদের। সাগর থেকে একের পর এক আসছে ইলিশভর্তি ট্রলার। সেখান থেকে ইলিশ নেয়া হচ্ছে আড়তে। আড়তদাররা খোলা ডাকের মাধ্যমে বিক্রি করছে ইলিশ। এরপর পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন স্থানে।
জেলে জামাল উদ্দিন জানান, গত ২৩ জুলাই নিষেধাজ্ঞা শেষ হয়েছে। সেই দিন রাতে তারা সাগরে চলে যান। ২৭ জুলাই সকালে প্রচুর ইলিশ মাছে নিয়ে ফিরেছেন। বিগত ১৫ বছরের মধ্যে এত ইলিশ দেখেনি তিনি।
জেলে নুরুল আবছার জানান, দীর্ঘ ২ মাস সাগরে যেতে না পেরে খুবেই কষ্টের মধ্যে দিন কাটে। কিন্তু সাগর পৌঁছে দেখি ইলিশ আর ইলিশ। আগে ৭ দিন থাকার পর যেই মাছ ধরা পড়তো এখন তা ৩ দিনে মধ্যে ধরা পড়েছে। আশা করছি এতে বিগত দিনের ক্ষতি পুষিয়ে নিতে পারবো। প্রচুর ইলিশ ধরা পড়ায় দামও কম।
কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ম্যানেজার মো. জাহিদুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে দুই শতাধিক ট্রলারে সাগরে নামে। সকালে ৫০টির বেশি ট্রলার ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে ফিরে আসে। ইলিশের পাশাপাশি অন্যান্য সামুদ্রিক মাছও রয়েছে।
তিনি আরো জানান, পর্যাপ্ত সময় পাওয়ায় ইলিশের পাশাপাশি অন্যান্য মাছের প্রজনন বেড়েছে। এবার ইলিশ আহরণ থেকে বিপুল পরিমাণ রাজস্ব আসবে।
মৎস্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বলেন, কক্সবাজারে মাছ ধরার ছোট-বড় ট্রলার রয়েছে পাঁচ হাজারের বেশি। নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৫০ হাজার। জেলেরা জানায়, দুইমাসের বেশি তারা বেকার ছিল। ভরা মৌসুমে অনেকটা সময় পেরিয়ে যাওয়ায় তাদের মাঝে হতাশা বিরাজ করছিল। কিন্তু ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় কেটেছে দুশ্চিন্তা, মুখে ফিরেছে তৃপ্তির হাসি।