• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

২৩ জুলাই শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, ঋণ শোধের আশায় সাগর যাত্রার প্রস্তুতি

নিজস্ব প্রতিদেক / ৪২০ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
নুনিয়ারছড়া ফিশারীঘাট মৎস্য অবতরণ কেন্দ্রে জাল মেরামত করছেন জেলেরা।

ফরিদ মোহাম্মদ:

মোহাম্মদ জলিল (৪০)। কক্সবাজার শহরের মধ্যম নুনিয়াছড়ায় বাড়ি। ছোটকাল থেকে জীবনের ঝুঁকি নিয়ে সাগরে মাছ ধরেই জীবন কাটছে তার। সেই থেকে আজ অবদি ফিশিং ট্রলারে তার দিন-রাত কাটে। মাঝে মধ্যে আসেন বাড়িতে। পরিবারের ৬ সদস্যের খাবারের জোগান দিয়ে আবার ফিরে যান সাগরে।

সাগরে ৬৫ দিন মাছ ধরা নিষেধাজ্ঞা জারির পর থেকে বাড়িতেই কর্মহীন অবস্থায় সময় কাটছে তার। সামান্য যা পুঁজি ছিল কয়েকদিনে সব শেষ হয়ে গেছে। করোনাকালীন পরিবার নিয়ে পড়েন মহা দুশ্চিন্তায়। তালিকাভুক্ত না হওয়ায় পাননি কোন সরকারি সহায়তা। ট্রলার মালিকও মুখ ফিরিয়ে নিয়েছে। এই অবস্থায় বেঁচে থাকার জন্য চড়া সুদে ঋণ নেন তিনি।

বিগত ২ মাসে সুদের পরিমাণ বেড়েছে দ্বিগুণ। থেকে গেছে আসল টাকাও। সব মিলিয়ে তার চোখে মুখে এখন অন্ধকার। নিষেধাজ্ঞা শেষ হওয়ার আর মাত্র ৫ দিন বাকি। এতে আশার আলো দেখছেন তিনি। ঋণের বোঝা মাথায় নিয়ে প্রস্তুতি নিচ্ছে সাগরে যাওয়ার।

গত এক সপ্তাহ ধরে পুরোদমে চলছে বোট ও জাল মেরামত। মাছ ধরে ট্রলারের মালিক থেকে টাকা পেলেই আগে পরিশোধ করবেন ঋণের টাকা। তারপর পরিবার নিয়ে ভাবা।

মোহাম্মদ জলিল ভয়েস ওয়ার্ল্ডকে এভাবেই তুলে ধরলেন তার হতাশাচ্ছন্ন গল্প।

তিনি বলেন, সাগরে গেলেই পরিবারের আহার জুটে। নতুবা খেয়ে না খেয়ে ঘরের কোনায় পড়ে থাকতে হয়। ঘরেও শান্তি নেই। পরিবারের সদস্যদের ক্ষুধার্ত চেহেরা দেখলে তার পৃথিবী জুড়ে কালো ছায়া নেমে আসে। তাই মহাজন থেকে অতিরিক্ত সুদে ঋণ নিতে হয়েছে।

জলিলের ন্যায় কথা হয় নুনিয়াছড়ার ফিশিং ট্রলারে মাঝি নুরুল হক ও জেলে মো. ফয়েজের সাথে। তাদের হালও একই। তারা বলেন, তাদের সাথে ১৮ জন জেলে একসাথে সাগরে মাছ ধরতে যান। চরম এই দুঃসময়ে কাউকে কাছে পাননি তারা। করোনা ও নিষেধাজ্ঞায় সবাই ঋণের জালে জর্জরিত। তাছাড়া এবার নিষেধাজ্ঞা সম্পূর্ণ অন্যরকম। করোনা মহামারিতে কেউ টাকা ধার দিতে চায় না। তবুও হাতে-পায়ে ধরে টাকা ধার নেন। এখন সাগরই তাদের শেষ ভরসা।

শহরের সমিতি পাড়ার আরেক জেলে হুমায়ুন বলেন, অনেক কষ্ট পেয়েছি, রমজানে পানি খেয়ে রোজা রেখেছি। ঈদে বাড়িতে যেতে পারিনি, টাকাও পাঠাতে পারিনি। আশাকরি অন্তত কোরবানিতে ছেলেমেয়েরা হাসিখুশি থাকবে।

টেকপাড়া এমভি আল্লাহর দান ট্রলারের মাঝি আনোয়ার। করোনা ও নিষেধাজ্ঞা অভিশাপ বলে মন্তব্য করে তিনি বলেন, এ সময় যার টাকা ছিল সে দোকান থেকে ভাত কিনে খেয়েছে। বেশির ভাগ চিঁড়া-মুড়ি খেয়ে দিন কাটিয়েছে। এখন যদি মাছ পায় তাহলে কিছুটা কষ্ট লাগব হবে। বড় ক্ষতি করে দিয়েছে এই নিষেধাজ্ঞা ও করোনা।

শহরের ফিশারী ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ঋণগ্রস্ত জেলেরা আশায় বুক বেঁধে আবারও প্রস্তুতি নিচ্ছেন। এখন তাদের দম ফেলার ফুরসত নেই। ট্রলারের জালটা ভালো করে মেরামত করছেন কেউ, কেউ আবার শেষবারের মতো জাল বুনছেন। কেউবা পরখ করে নিচ্ছেন জালে কোনো ত্রুটি আছে কি না। সাগরে যাওয়ার জন্য মালিক ও জেলে মিলে নিজ ট্রলারে জাল ওঠাচ্ছেন, বাজার করে রাখছেন ট্রলারের নির্ধারিত জায়গায়। আবার কেউ ফিশারিঘাট এলাকার মুদিদোকানে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনায় ব্যস্ত।

জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান বলেন, জেলায় নিবন্ধিত জেলে রয়েছে ৪৮ হাজার ৩৯৩ জন। তাদের প্রত্যেককে নিষেধাজ্ঞাকালীন ৫৬ কেজি করে চাল দেয়া দেয়া হয়েছে। যারা নিবন্ধিত ছিলনা তারা সহায়তা পায়নি।

তিনি আরও বলেন, নতুন অর্থবছরে বাদপড়া জেলেদের নিবন্ধন করতে কাজ চলছে। প্রাথমিকভাবে কিছু জেলের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তালিকা সম্পূর্ণ হলে তারাও ভবিষ্যতে সব ধরণের সুযোগ সুবিধা পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন