আবু সাদাত:
করোনা ভাইরাসের কারণে থমকে রয়েছে পর্যটন শিল্প। এই শিল্পের সাথে জড়িত সবাই এখন চরম কষ্টে দিনাতিপাত করছে। বিশেষ করে ভাল নেই পর্যটন সংশ্লিষ্ট সৈকতের ফটোগ্রাফাররা। ক্যামরার ক্লিক বন্ধ, তাই সংসারে চরম দুর্দশা নেমে এসেছে। অনাহার-অর্ধহারে দিন কাটছে তাদের।
জানা যায়, সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে প্রায় ৫ শতাধিক ফটোগ্রাফার রয়েছে। তার মধ্যে হিমছড়ি থেকে ডায়াবেটিক পয়েন্টে কর্মরত ফটোগ্রাফাররা সরকারিভাবে সহায়তা পেয়েছে।
কিন্তু ইনানী, রয়েল টিউলিপ ও পাটুয়ারটেক পয়েন্টে কর্মরত ফটোগ্রাফাররা কোন সহায়তা পায়নি। পর্যটক না থাকায় ক্লিক নেই তাদের ক্যামেরার বাটনে। আর ক্যামেরার বাটন ক্লিক না হলে হয় না আয়। করোনাকালীন দীর্ঘ ৪ মাস ধরে কর্মহীন অবস্থায় দিশাহীন হয়ে রয়েছে তারা। পরিবার-পরিজন নিয়ে চরম দুর্দিন কাটছে তাদের।
ইনানী সৈকতের ফটোগ্রাফার মো. রাসেল ভয়েসওয়ার্ল্ডকে জানান, মা-বাবাসহ ৪ ভাই ও ২ বোন কে নিয়ে তার পরিবার। তার বাবা চাষাবাদ করে কোনমতে সংসার চালান। সৈকতে পর্যটকদের ছবি তুলে যা আয় হয় সেই টাকা দিয়ে সংসারে হাত বাড়ায় সে। কিন্তু পর্যটনের সংকটময় মুহুর্তে তার পরিবারে নেমে এসেছে অন্ধকার।
রাসেলের বন্ধু আমিনুলও ইনানী সৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যটকদের ছবি তুলে হাসি ফুটাতেন। তার পরিবারে বয়োবৃদ্ধ পিতাসহ রয়েছে ৫ ভাই ও ৩ বোন। ছবি তুলে তার দৈনন্দিন ১০০০-১৫০০ টাকা আয় হতো। সেই টাকাই তার পরিবার চলতো। কিন্তু এখন ভাল নেই তার মন। অনেকটা খেয়ে না খেয়ে দিন কাটছে পরিবারের সদস্যদের।
ওই এলাকার ফটোগ্রাফারদের সুপারভাইজার মনির বলেন, রোজগার বন্ধ থাকায় অভাবের কারণে করোনার এই সময়ে বেশ দেনা হয়েছে তার। স্ত্রী, বাবা-মা আর ভাই-বোনের যৌথ সংসার হওয়ার কারণে সাংসারিক খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন তিনি।
তিনি আরও বলেন, ইনানী, পাটুয়ারটেক ও রয়েল টিউলিপ এই তিনটি পয়েন্টে মোট ২৫০ জন ফটোগ্রাফার রয়েছে। ছবি তুলে তারা সংসারের খরচ মেটায়। করোনার এই মহামারীতে সৈকতে পর্যটক আসা বন্ধ হওয়ার কারণে সকলের আয়-রোজগার বন্ধ রয়েছে। আর সবার পরিবারে নেমে এসেছে চরম দুর্দশা। সরকারিভাবে সহায়তা দাবী করেন তিনি।
বাংলাদেশ সময় ১৫০৭ ঘণ্টা, ১৬ জুলাই ২০২০
আএস/আআর/আএন