এম.এ আজিজ রাসেল:
ভাল নেই ঐতিহ্যবাহী বার্মিজ মার্কেটের ব্যবসায়ীরা। করোনা সংকটে কাটছে তাদের দুর্দিন। দীর্ঘদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকের পুঁজি ফুরিয়ে গেছে। অধিকাংশ ব্যবসায়ী আটকে রয়েছে ঋণের জালে। এতে তাদের পথে বসার উপক্রম সৃষ্টি হয়েছে। এছাড়া কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার কর্মচারি। এই অবস্থায় সরকারি সহায়তা ছাড়া পর্যটন সেক্টরের এসব ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানো অসম্ভব।
সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কক্সবাজারে গত ৩১ জুন থেকে শিথিল হয়েছে লকডাউন। এরপর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে জীবনযাত্রা। খুলেছে দোকানপাট, অফিস। ঘরবন্দি অধিকাংশ মানুষ কর্মে ফিরেছে। কিন্তু এখনও অলস সময় পার করছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মচারিরা।
টেকনাফ, রামু, মহেশখালী, কলাতলী, সুগন্ধ্যা, লাবণী পয়েন্ট, হিমছড়ি, ইনানী ও শহরের অভ্যন্তরে বৃহত্তর বার্মিজ মার্কেটে প্রায় অর্ধশতাধিক মার্কেট রয়েছে হাজারো দোকান। দোকানগুলোতে ব্যবসায়ী রয়েছে প্রায় ৩ হাজার ব্যবসায়ী রয়েছে। কর্মচারি রয়েছে ৫-৬ হাজার। তাদের ব্যবসা মূলতঃ পর্যটক নির্ভর।
বার্মিজ ব্যবসায়ী ক্যাহালা অং বলেন, করোনায় অভিশপ্ত দিন কাটাচ্ছি। আয় রোজগার নেই। ধার নিয়ে পরিবারের খরচ যোগাচ্ছি। সরকারিভাবে আমাদের কোন সহায়তা দেয়া হয়নি। যার দরূণ সীমাহীন কষ্টে আছি।
আরেক ব্যবসায়ী নুনচিং রাখাইন বলেন, আয় না থাকায় জমানো টাকা খরচ করে ফেলেছি। ব্যবসা কিভাবে শুরু করবো সেই চিন্তায় মগ্ন থাকি সারাক্ষণ। প্রার্থনা করছি যেন অবস্থার শিগগিরই পরিবর্তন হয়।
পাইকারি বার্মিজ পণ্যের ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, চড়া সুদ নিয়ে ব্যবসা করছি। কিন্তু দোকান বন্ধ থাকায় বেচাকেনা বন্ধ। প্রতিমাসে বেড়ে যাচ্ছে সুদের পরিমাণ। চোখে অন্ধকার ছাড়া কিছুই দেখছিনা। আল্লাহ ছাড়া গভীর গর্ত থেকে কেউ তুলে আনতে পারবে না।
বৃহত্তর বার্মিজ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরী ও কার্যকরি সভাপতি মুছা কলিম উল্লাহ বলেন, করোনার কারণে দীর্ঘ ৪ মাস ধরে বন্ধ আছে বার্মিজ মার্কেট। ব্যবসায়ী দেউলিয়া হওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে। অধিকাংশ ব্যবসায়ী গ্রামে চলে গেছে। যারা রয়েছে পরিবারের দৈনন্দিন খরচ যোগাতে পারছে না তারা। বাসা-বাড়ির ভাড়া দিতেও সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
চলতি মাসে কক্সবাজারে লকডাউন শিথিল হলেও ঈদুল আযহা পর্যন্ত পর্যটন স্পটসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার সিদ্ধান্ত ঘোষণা করেছেন কক্সবাজার জেলা প্রশাসন। এতে মাথায় হাত দেন বার্মিজ মার্কেটের ব্যবসায়ীরা। হাতেগোনা কয়েকজন ব্যবসায়ী বর্তমানে দোকান খুলেছে। তবে এসব দোকানে ক্রেতা নেই। বাকি সব মার্কেট তালাবদ্ধ। ক্ষতি কাটিয়ে উঠতে ব্যবসায়ীদের জন্য সরকারিভাবে প্রণোদনা ঘোষণা করার দাবি জানান তারা।
বাংলাদেশ সময় ২১৩২ ঘণ্টা, ১৩ জুলাই ২০২০
আআর/আএন