বিশেষ প্রতিবেদক:
আত্মগোপনে থাকা কক্সবাজার শহরের আলোচিত তিন সন্ত্রাসীর মধ্যে ছৈয়দ হোসেন ওরফে গুরা পুতু নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজার শহরের সাগরতীর এলাকা শৈবাল পয়েন্টের পশ্চিম পাশ থেকে গুরা পুতু (৩২) নামে এই সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
দুই গ্রুপের গোলাগুলির খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় পুতুকে উদ্ধার করেন শুক্রবার (১০ জুলাই) সকালে। এসময় ২০০ পিচ ইয়াবা, একটি দেশিয় বন্দুক ও দুই রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়েছে বলে ভয়েসওয়ার্ল্ডকে নিশ্চিত করেছেন সদর থানার ওসি অপারেশন মাসুম খান।
ওসি অপারেশন মাসুম খান বলেন, শুক্রবার ভোরে সাগরতীর কবিতা চত্বর ও শৈবাল পয়েন্টের মাঝামাঝি ঝাউবাগানে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি চলছে; এমন সংবাদ পেয়ে একদল পুলিশ সেখানে অভিযানে যান। পুলিশ অভিযানে গেলে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়েছে বলে জানান ডাক্তার।
কক্সবাজার সদর থানার ওসি শাহজাহান কবির বলেন, হাসপাতালের মর্গে রাখার পর পরিবার ও এলাকাবাসীরা গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছেন। তিনি কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ড ঘোনার পাড়া এলাকার মৃত সাব্বির আহমদের ছেলে ছৈয়দ হোসেন ওরফে গুরা পুতু। পরে খবর নিয়ে দেখা গেছে, তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও অস্ত্রসহ প্রায় ৫টি মামলা রয়েছে। একই সাথে সন্ত্রাসী পুতু দীর্ঘদিন ধরে আত্মগোপনেও ছিল
এদিকে ৬ জুলাই ‘আত্মগোপনে কক্সবাজারের আলোচিত তিন সন্ত্রাসী’ শিরোনামে একটি তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশিত হয়। সংবাদের পরপরেই তোলপাড় সৃষ্টি হয় প্রশাসনসহ সন্ত্রাসী মহলে। এই তিন সন্ত্রাসী হলেন, কক্সবাজার শহরের ৯নং ওয়ার্ড মোহাজের পাড়া এলাকার নিকেল, ঘোনার পাড়া এলাকার নাজির হোসেন মিস্ত্রির ছেলে হাসান ওরফে গুরু হাসান ও মৃত ছব্বির আহমদের ছেলে ছৈয়দ হোসেন পুতু (১০ জুলাই লাশ উদ্ধার)।
দুর্ধর্ষ এই সন্ত্রাসীদের বিভিন্ন সময় শহরে বিচরণ করতেও দেখেছে অনেকেই। নিজেদের গ্রেপ্তার এড়াতে তারা ভিন্ন কৌশলে কক্সবাজার শহরে চলাচল করছে বলে জানা গেছে। এরিমধ্যে তাদের গ্রেপ্তার করতে বেশ কয়েকবার অভিযানও চালানো হয়েছিল পুলিশের পক্ষ থেকে। দুর্ধর্ষ এই সন্ত্রাসীরা কৌশলে গ্রেপ্তার এড়িয়ে নিজেদের রক্ষা করে অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজারের আলোচিত কয়েকজন সন্ত্রাসীর মধ্যে মোহাজের পাড়া এলাকার নিকেল অন্যতম। ডাকাতি, অস্ত্র ও হত্যা মামলাসহ বহু মামলা রয়েছে তার। এসব মামলায় গ্রেপ্তার এড়াতে নিজ এলাকায় নেই প্রায় দুই বছর ধরে। তবে মাঝে মাঝে এলাকায় দেখেছে অনেকেই। শহরের জাকের মোস্তফা, কালা খোরশেদ ও নিকেল এক সময় সন্ত্রাসী হিসেবে আলোচিত জুটি ছিল। তিনজনেই মিলে শহরের হত্যা, জমি দখল ও অস্ত্র ব্যবসা করেছিল জমজমাট। এরিমধ্যে পাহাড়তলী ইসলামপুর এলাকায় নিজ আস্তানায় খুন হন জাকির মোস্তফা।
শহরের ঘোনার পাড়া এলাকার আরেক সন্ত্রাসী হাসান ওরফে গুরু হাসান। মাঠ পর্যায়ে তেমন পরিচিত না হলেও পুলিশের খাতায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এই হাসান। সবসময় নিজেকে আড়ালে রেখেই অপরাধ কর্মকান্ড চালায় হাসান। মাঝে মাঝে গ্রুপ নিয়ে বাইককে করে শহরের বিভিন্ন গলিতে ঘুরতেও দেখেছে অনেকেই। ডাকাতি, অস্ত্রসহ পুলিশ হত্যা মামলাও রয়েছে হাসানের বিরুদ্ধে। এই দুর্ধর্ষ সন্ত্রাসী নিজেকে আত্মগোপনে রেখেছে। তবে শহরের মধ্যেই রয়েছে বলে জানা গেছে।
হাসানের অপরাধ কর্মকান্ডের এলাকা গুলো ছিল শহরের বাহারছড়া, জাম্বুর মোড়, কলাতলী, সাগরতীরের ঝাউবাগান ও লাইট হাউজ এলাকা। এসব এলাকায় তার বিচরণ ছিল বেশ। নিজে এলাকায় তেমন আনাগোনা নেই হাসানের। তবে মাঝে মাঝে এলাকায় ঢুকেন তিনি। নিজেকে আত্মগোপনে রেখেই ইয়াবাসহ বিভিন্ন অপরাধ কাজ চালিয়ে যাচ্ছে এই শীর্ষ সন্ত্রাসী।
বাংলাদেশ সময় ১৩১০ ঘণ্টা, ১০ জুলাই ২০২০
আএম/আএন