রফিকুল কবির:
শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষের বিস্ময় বেশি। তারা যখন কংক্রিটের দেয়ালে বদ্ধ আমরা তখন প্রকৃতির উন্মুক্ত পরিবেশে খাল- বিলে, নদ-নদীতে, গাছের ডালে, অলিগলি ঘুরে বেড়ায়। গ্রামের মানুষের মন প্রকৃতির মতো বিশাল। শ্রদ্ধেয় আব্দুল্লাহ আবু সায়ীদ স্যারের কাছে শুনেছি- ছোট মন বড় জাতি তা কখনো হয়না। প্রিয় নবী হজরত মুহাম্মদ (স) বলেছেন- “The greatest of richness is the richness of the soul.” সুতরাং মনের বিশালতা না থাকলে বাকি সব অর্থহীন। ছোট বেলায় মেজ ভাইয়ের কাছে তাঁর বন্ধুর সফলতার গল্প শুনতে শুনতে বিস্ময় জাগতো, স্বপ্নে বিভোর হতো মন! ভাবতাম একদিন আমিও…। লন্ডনে আসার জন্য পাগল ছিলাম।
২০০৮সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমি যখন মাস্টার্স পাস করি বাবা ডেকে বললেন ‘আমি চাইলে অনেক বাবার মতো তোমাদের সৌদিয়া, দুবাই পাঠাতে পারতাম, হয়তো অনেকের মতো তোমরাও একেকটা বাড়ি, গাড়ি ও অনেক জমিজমার মালিক হতে। কিন্তু আমি তা করিনি। আমি কি ভুল করেছি ? বাবা বললেন- তোমার পড়াশুনা শেষ এখন যেখানে ইচ্ছে যাও, যেটা ভালো মনে করো সেটা করো। আমি লন্ডন চলে আসলাম, তারপর ফ্রান্স। অন্নদাশংকর রায়ের ‘অর্ধেক নগরী তুমি অর্ধেক কল্পনা’, মানবিক মূল্যবোধে পূর্ণ দেশটির রাজধানী প্যারিসের রূপ লাবণ্যে মুগ্ধ না হয়ে যে উপায় নেই সেকথা সবার জানা। ব্যবসা এবং প্যারিসে থ্যালিস (Thalys) আন্তর্জাতিক রেলওয়ে কোম্পানিতে জব নিয়ে আল্লাহ আমাকে ভালো রেখেছেন। কিন্তু মা’র মন খারাপ। মা’র সরল প্রশ্ন- এতো পড়াশুনা করে কি কেউ বিদেশ থাকে! বুকটা ভারী হয়ে আসে। আমার ‘মা’ আমার পুরো পৃথিবী। ‘মা’ আমার সুখের নীড়, আমার সকল শিক্ষার সূতিকাগার।
বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজারের উখিয়া থানার একটি গ্রাম ‘বালুখালী’। এটাই আমার জন্মভূমি, আমার বাবারও। আমার বাবারা তিন ভাই,পেশায় ব্যবসায়ী; একটি মর্যাদাপূর্ণ পরিবারে তাঁদের জন্ম। স্বাধীনতা পরবর্তী শূন্য একটি গ্রামকে আলোকিত করার চেষ্টা করে গেছেন নিরলসভাবে; প্রতিষ্টা করেছেন বালুখালী প্রাথমিক বিদ্যালয়, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় (আমার দাদু ভাইয়ের নামে), পোস্ট অফিস, হাসপাতাল এবং মসজিদ সহ আরো অনেক কিছু।

এখনো পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলোর উপরই নির্ভর করে গ্রামের মানুষের শিক্ষা ও চিকিৎসা। আমার বড়ো আব্বু বুজরজ মিয়া’র(স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে মেম্বার)একটি ছবি ট্যাগ করে তাঁর সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন প্রধান শিক্ষক মুহাম্মদ আজিজ উল্লাহর নির্মুহ মূল্যায়ন হুবুহু তুলে ধরলাম
– “Do you know,who is in the pic? He is none but Late Bujrooj Member.He is the pioneer of Balukhali,is the reformer of B-khali,is the harbinger of B-khali & is the apples of the eyes of B-khali.You can say, he is no more. I boldly oppose it,he is alive in the conscience of Balukhali dwellers. Almost all the plants of Balukhali are the bright evidence of his immortality. He was a justful ruler of this locality & his noble hands were always extended to the down-trodden people. Many educational, institutions, hospital, roads & romantic plantation made him ever immortal. So,dead Bujruj is stronger than alive Bujruj.He was always dedicated to the poor.The soil of Balukhali always mourns for him. But it is the matter of great regret that I was not able to see him because of my so tender age. I pray for his departed soul & express deep condolence to his bereaved family.THANKS.”
পালংখালী ইউনিয়নের জন্মেও আছে তাঁদের অবদান, গ্রামের যে রাস্তাটা দিয়ে আজ আমরা সু-করে টেকনাফের দিকে চলে যাচ্ছি সেখানে আমার বাবাদের অবদান আছে জেনে বুকটা ভরে যাই। হ্যা, নিঃসন্দেহে আরো অনেক কিছু করতে পারতেন যদি ১৯৭২এ কিছু বিপথগামী মানুষ বড় আব্বুকে হত্যা করা না করতো, যদি আমার বাবাকে নানা রকম নিপীড়ন,হয়রানি না করতো – হয়তো এতদিনে একটি বিশ্ববিদ্যালয় হতো, হতে পারতো ! যুদ্ধ বিধস্ত বাংলাদেশকে বিনির্মাণে যারা হাত দিয়েছেন তাদের প্রায় কেউই বাঁচতে পারেনি। ইতিহাস বলে মূর্খ বাঙালি প্রতিভাকে খুন করে আর বাঁচিয়ে রাখে দুর্বৃত্তদের!
ছোট চাচা মারা যান বেশ কবছর আগে, অসুস্থ ছিলেন; কথা বলতে পারতেন না। আমার দিকে তাকিয়ে সেদিন কিছু বলতে চাইলেন – পারলেন না, চোখ দিয়ে পানি পড়লো টপ টপ করে। এক অদ্ভুত কষ্ট সহ্য করে চলে আসলাম ! আর আজ বাবাও নেই ১বছর ৮মাস ৯ দিন। ২২ সেপ্টেম্বর ২০১৮তারিখ তিনি চলে গেছেন না ফেরার দেশে! মৃত্যুর দুমাস আগে বাবা আমাকে বললেন ভোগ বিলাসে অতিরিক্ত টাকা খরচ না করে গ্রামের দরিদ্র , বিপদগ্রস্ত মানুষের কল্যানে কিছু করো। আমার অল্প শিক্ষিত বাবা কী করে এতো উচ্চ চিন্তা করতে পারে আমি ভেবে অবাক হই, যেখানে আমরা এতো উচ্চ শিক্ষিত হয়েও এসব নিয়ে ভাবি না! হয়তো ছোট চাচাও এই কথাটি বলতে চেয়েছিলেন, কে জানে! অমল ঠাকুরের অসাধারণ একটি কথা আছে-‘তুমি যা দাও তার মধ্যে তুমিও থাকো।’ সত্যি তাই। আজ রাস্তার দিকে তাকালে, প্রতিষ্ঠানগুলোর দিকে তাকালে বাবাদের খুঁজে পাই। ওপারে ভালো থাকুন, আমি আপনাদের কথা রাখার চেষ্টা করবো।

একটা ছোট গল্প দিয়ে শেষ করবো-
আজকে আমি যেভাবে দাঁড়িয়ে আছি তার পেছনে অনেকের অবদানের মধ্যে উল্লেখযোগ্য একজন আমার বড় ভাই। কক্সসবাজার পৌর প্রিপারেটরি স্কুল থেকে এস.এস.সি (৯৮ ব্যাচ)পাস করার পর আমি এবং ভাগিনা টিটু ঢাকা বেড়াতে গেলাম, সেখানে বড় ভাইয়া একটি ভর্তি গাইড এনে দিয়ে আমাদের বললেন- দিনে বেড়াও, রাতে পড়ো। আরো বললেন, নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দিতে হবে, সময় ১৫দিন, এটা বাংলাদেশের শ্রেষ্ট কলেজ। আমার অনেক ইচ্ছে – তুমি এই কলেজে পড়বে ইত্যাদি। মনে মনে বললাম আমরা এখানে বেড়াতে এসেছি, পড়তে নয়। বললে কেউ বিশ্বাস করে না যে, ভাইয়া বলার আগে আমি এ কলেজের কখনো নাম শুনিনি! পরেরদিন আমাদের নিয়ে কলেজে ভর্তি ফর্ম কিনতে গেলেন, গেইটের দারোয়ান মামাকে ক্রস করতেই দেখি বিশাল কলেজ, প্রশস্ত খেলার মাঠ, মসৃণ রাস্তার দুপাশে ফুলের গাছ। আমরা সামনে এগিয়ে কলেজে ঢুকে দুতলায় উঠছি, একফাঁকে সিঁড়িতে হাত দিয়ে দেখি একটিও বালি নেই! ঝকঝক করছে টাইলসের সিঁড়িগুলো, আমার বিস্ময় বাড়ে! ফর্ম নিয়ে কলেজ থেকে বের হতেই আমার বুকে হাহাকার শুরু হলো, আহারে আমি কি এ কলেজে টিকবোনা!
আমি অজুপাড়া গাঁয়ের ছেলে, এ কলেজে পড়ার মতো আমার কী আছে! এসব ভাবতে ভাবতে চোখদুটো ক্লান্ত হয়ে আসে। অল্প সময়ে মস্ত গাইডের কতটুকু পড়েছিলাম খেয়াল নেই, তবে পরীক্ষা দিয়ে স্বপ্নের শেষ অংশটুকু নিমিষে নিভে গেলো; বাংলা খারাপ হয়েছে! প্রথমবার ঢাকা ঘুরতে এসে কী বিস্বাদ নিয়ে ফিরে যাবো ভেবে আমি যখন অস্তির প্রায় তখন টিটু জানালো আমরা দুজনই টিকেছি, পত্রিকায় আমাদের রুল নাম্বার দুটো কলম দিয়ে গোল করে দিয়ে বাসায় নিয়ে এসেছে।
আমি কতবার মিলিয়ে দেখলাম ঠিক নেই! ততক্ষনে বড় ভাইয়া সবাইকে ফোন করে আত্মহারা করে দিয়েছে, ওদিকে বাবা চায়ের দোকান থেকে শুরু করে আত্মীয় স্বজন কোথাও বাদ নেই বলছেনা ‘আমার ছেলে বাংলাদেশের সেরা কলেজে টিকেছে। মা-বাবার এতো খুশি,এতো গৌরব আগে কোনোদিন দেখিনি! এই দৃশ্য আমার জীবনের স্বার্থকতার অংশ। এটি সত্যি সাধারণ কোনো কলেজ নই, শিক্ষকরা ছাত্রদের চম্বুকের মতো আকর্ষণ করে এখানে। চলার পথে কত দুঃখ, কত ভালোবাসা, কত স্বপ্ন দিয়ে কত মানুষ আমার জীবনকে পাল্টে দিয়েছেন তার ঠিক নেই।
আজ আমাদের প্রাণের “গ্রাজুয়েট,উখিয়া-টেকনাফ” সেসব মানুষের- অসংখ্য দুঃখ, অসংখ্য ভালোবাসা, অসংখ্য অনুপ্রেরণার ফসল। তাহলে কী করে তাঁদের বাদ দিয়ে আজ আমার পরিচয় লিখি বলুন! সবার প্রতি কৃতজ্ঞতা।
প্রতিষ্টাতা : গ্রাজুয়েট, উখিয়া-টেকনাফ।